‘এ’ দলের কোচ স্টুয়ার্ট বার্নস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ‘এ’ দলের কোচ হয়েছেন স্টুয়ার্ট বার্নস। ইংল্যান্ড লায়ন্সের সাবেক এই কোচের ঢাকায় চলে আসার কথা আজই। ‘এ’ দলের সঙ্গে আপাতত তিন মাস কাজ করবেন ব্রিটিশ কোচ বার্নস। তবে কাজে সন্তুষ্ট হলে বিসিবি চুক্তিটা বাড়াতেও পারে।৩০ অক্টোবর বার্নসের তত্ত্বাবধানেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এরপর ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে হোম সিরিজেও দলের কোচ থাকবেন তিনি। ওদিকে বার্নস কোচের দায়িত্ব নিলেও ‘এ’ দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সারোয়ার ইমরান। সহকারী কোচ হিসেবে এখন তাঁর জায়গায় ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন সাবেক পেসার ও বিসিবির কোচ সাইফুল ইসলাম।ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেও সূত্র জানিয়েছে, অভিমান থেকেই সিদ্ধান্তটা নিয়েছেন সারোয়ার ইমরান। জেমি সিডন্স চলে যাওয়ার পর কিছুদিন আগেও আপৎকালীন কোচের দায়িত্ব পালন করেছেন জাতীয় দলে। দেওয়া হয়েছিল ‘এ’ দলের দায়িত্বও। এখন সফরের ঠিক আগে হুট করে সহকারী কোচ হিসেবে অবনমন মেনে নিতে পারেননি তিনি। যোগাযোগ করা হলে বিষয়টি এড়িয়েই গেছেন সারোয়ার ইমরান, ‘ব্যক্তিগত সমস্যায় ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছি না।’