'এ' দলের ব্যাটিং বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা উইকেটে ৬৬ রান৷ সেখান থেকে মাত্র ১৪০ রানে অলআউট! বার্বাডোজে প্রথম চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে এভাবেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং৷ অথচ ৪ উইকেটে ২২৫ থেকে ওয়েস্ট ইন্ডিজের সাগিকর হাই পারফরম্যান্স সেন্টারকে ২৯২ রানে অলআউট করে দিয়ে বাংলাদেশ ‘এ’ দলকে দারুণভাবে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন বোলাররা৷ কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটাও হয়ে গেল পাহাড়সম৷ সাগিকর হাই পারফরম্যান্স সেন্টার পেয়েছে ১৫২ রানের লিড৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে স্বাগতিক দলটি বিনা উইকেটে করেছে ১৫ রান৷

ইমরুলের আউট দিয়ে শুরু৷ এরপর ৭৭ রানে দাঁড়িয়েই ‘এ’ দল হারায় আরও তিন উইকেট৷ একে একে ফিরে যান মার্শাল, শামসুর ও নাঈম৷ সেখান থেকে ৯৩ পর্যন্ত যেতে আরও তিন উইকেট হারিয়ে ‘এ’ দল হয়ে যায় ৭ উইকেটে ৯৩ রানের দল৷  তার পরও ১৪০ পর্যন্ত যেতে পেরেছে মূলত মুক্তার (৩১) ও তাইজুলের (১৪) কল্যাণে৷ নাঈম, নাসির, শুভাশিস—তিনজনই আউট হয়েছেন শূন্য রানে৷

সাগিকর হাই পারফরম্যান্স সেন্টার দলটা আসলে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলই। বাংলাদেশ ‘এ’ দলে যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে সাতজনের, স্বাগতিক দলের ক্ষেত্রে সংখ্যাটা নয়। অধিনায়ক ক্রেইগ ব্রাফেট তাঁদেরই একজন। ওপেনার ব্রাফেটকে অবশ্য পরশু ম্যাচের প্রথম দিনের প্রথম ওভারেই ফিরিয়ে দেন রবিউল ইসলাম। জার্মেইন ব্ল্যাকউডের সঙ্গে দ্বিতীয় উইকেটে আসাদ ফুদাদিনের ১১২ রানের জুটিতে সে ধাক্কা সাময়িক সামলে ওঠে সাগিকর হাই পারফরম্যান্স সেন্টার। ফুদাদিন (২২) রানআউট হওয়ার পর তৃতীয় উইকেটে ব্ল্যাকউড ও লিওন জনসন যোগ করেন আরও ৮৫ রান। বাংলাদেশ ‘এ’ দলের বোলারদের জ্বলে ওঠার শুরু এর পরই। ৯৫ রানে শেষ ৮ উইকেট হারায় স্বাগতিকেরা, শেষ ৭ উইকেট ৬৭ রানে।

সংক্ষিপ্ত স্কোর

সাগিকর হাই পারফরম্যান্স সেন্টার ১ম ইনিংস: ২৯২ (ব্ল্যাকউড ১৪০, জনসন ৫৬; রবিউল ৩/৮৬, শুভাশিস ১/৪৫, মুক্তার ০/২৬, তাইজুল ৩/৮৩, নাসির ১/২৫, নাঈম ১/২০)। বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ১৪০ (ইমরুল ৩২, মুক্তার ৩১, শামসুর ২৮, তাইজুল ১৪; ব্রাফেট ৪/৪৫, কামিন্স ৩/২৫, কটরেল ২/২৯, কার্টার ১/৩৬)৷