'এ' দলের ম্যাচ বাঁচানোর লড়াই
লক্ষ্যটা বিশাল, ৫০৪ রান। বারবাডোজে সাগিকর হাইপারফরম্যান্স সেন্টারের বিপক্ষে এই রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে গেছে বাংলাদেশ ‘এ’ দল। তৃতীয় দিনের চা-বিরতির আগেই ৩৩ রান তুলতে নেই ২ উইকেট। আউট হয়ে গেছেন ইমরুল কায়েস (৫) ও মার্শাল আইয়ুব (১৮)। আর কোনো উইকেট না হারিয়েই ৫৮ রান তুলে চা-বিরতিতে গেছে ‘এ’ দল। শামসুর রহমান ২৩ রানে ও মুমিনুল হক ১ রানে ব্যাট করছিলেন। ম্যাচ বাঁচাতে এখনো চার সেশন ব্যাট করতে হবে বাংলাদেশ ‘এ’ দলকে।
দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩৫১ রান তোলার পরই ইনিংস ঘোষণা করে সাগিকর হাইপারফরম্যান্স সেন্টার। অধিনায়ক ক্রেগ ব্রাফেট ১৬৪ রান করে রবিউল ইসলামের বলে এলবিডব্লু হওয়ার পরই ইনিংস ঘোষণা করেন। ২৩৭ বলে ১৫ চার ও ১ ছয়—এই রান করেছেন ক্রেগ। ২ রান আগেই আউট আরেক ব্রাফেট, কার্লোস। ৫০ বলে ৩৭ রান এই অলরাউন্ডারের। ৯৫ রানে ৩ উইকেট নিয়ে ‘এ’ দলের সেরা বোলার বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ২ উইকেট নিয়েছেন পেসার রবিউল।
এর আগে পরশু ৬৬ রানের ওপেনিং জুটির পরও প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল অলআউট ১৪০ রানে! বাংলাদেশ ‘এ’ দলের কোমর ভেঙে দিয়েছিলেন স্বাগতিক পেসার কার্লোস ব্রাফেট।
দলের ৬৬ রানে ওপেনার ইমরুল কায়েসকে ব্ল্যাকউডের ক্যাচ বানানোর পর ৭৭ রানের সময় ওয়ান ডাউনে নামা মার্শাল আইয়ুবকে এলবিডব্লু করেন আরেক পেসার জোনাথন কার্টার। ব্রাফেট পরের ওভারেই হানেন জোড়া আঘাত। বাংলাদেশ ‘এ’ দলের রান ওই ৭৭-এ রেখেই পর পর দুই বলে ড্রেসিংরুমে ফেরত পাঠান শামসুর রহমান ও নাঈম ইসলামকে। শুরুতে ইমরুল আর পরে অধিনায়ক নাসিরের উইকেটটিও নিয়ে ব্রাফেটের উইকেট ৪৫ রানে ৪টি। ৭৭ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ ‘এ’ দল আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। ৭৭ থেকে ৯৩—এই ১৬ রানের ব্যবধানেই পড়েছে ৬ উইকেট। ৪৭ রানে পড়েছে শেষ ৩ উইকেট। যদিও শেষ দুটি উইকেটই পড়েছে ১৪০ রানের মাথায়। শুরুতে ইমরুল (৩২) ও শামসুর (২৮) এবং পরে আট নম্বর ব্যাটসম্যান মুক্তার আলী (৩১) ছাড়া বাকি ব্যাটসম্যানদের কেউই পারেননি ক্যারিবীয় বোলারদের চোখে চোখ রেখে ব্যাটিং করতে।