'এ' দলের সঙ্গে জার্গেনসেন কেন?

৯২ কেজি নিয়ে শুরু। চার কেজি কমে এখন ৮৮ কেজি। মাশরাফি বিন মুর্তজা তাতেও সন্তুষ্ট হতে পারছেন না। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেটে দাঁড়িয়ে ৬ ফুট উচ্চতার মাশরাফির খেদোক্তি, ‘ওজনটা ৮৪-৮৫ কেজিতে আসলে বেশি কমফোর্ট ফিল করি।’ স্টুয়ার্ট কার্পিনেন ও ডেভিড ডয়ারের ফিটনেস ট্রেনিং যে ক্রিকেটারদের ওপর যথেষ্টই স্টিম রোলার চালিয়েছে, মাশরাফি তার বড় প্রমাণ। আরও চার-পাঁচ কেজি ওজন কমানোর আক্ষেপ নিয়েও বলছিলেন, ‘খুব ভালো ট্রেনিং হয়েছে। কষ্ট হয়েছে অনেক, তবে কষ্টটা কাজে লেগেছে। অন্তত ট্রেনিং সেরে বাসায় ফেরার সময় মনে হতো কিছু একটা করে বের হচ্ছি।’ ফিটনেস ট্রেনিংয়ের শেষ দিনে এনামুল হকের (বিজয়) কাছ থেকেও একই সনদ পেলেন ট্রেনাররা, ‘আমি এর আগে কখনো এ রকম ট্রেনিং করিনি। ক্যাম্পের আগে অনেকের টুকটাক ইনজুরির সমস্যা ছিল। ফিটনেস ক্যাম্প করার পর আশা করি সেগুলো আর থাকবে না।’
ক্রিকেটারদের এই ক্যাম্পে বিরতি পড়েছে কাল। খেলোয়াড়সংখ্যা কিছু কমিয়ে সেটা আবার শুরু হবে ১৪ জুলাই থেকে, তবে তখন মূলত স্কিল ট্রেনিংই হবে। ২০ ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠেয় স্কিল ট্রেনিং পর্বে থাকছেন না সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ১৮ জুলাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে চলে যাবেন তামিম। কাউন্টি খেলে সিপিএলে যোগ দেবেন সাকিবও। এ ছাড়া বিয়ের জন্য ছুটি চাওয়া পেসার শফিউল ইসলামও সম্ভবত থাকবেন না স্কিল ট্রেনিং পর্বে। এই পর্ব শুরুর আগে ১৩ জুলাই ছুটি শেষে ঢাকায় ফেরার কথা কোচ শেন জার্গেনসেনের।
স্কিল ট্রেনিংয়ে কিছু অনুশীলন ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে। ২৮ জুলাই ইংল্যান্ড সফরে যাবে অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ ‘এ’ দলও ইংল্যান্ড সফরে যাবে ২ আগস্ট। আর ১৪ আগস্ট অনূর্ধ্ব-২৩ দল যাবে সিঙ্গাপুরে। অনুশীলন ম্যাচগুলো এই তিন দলের ক্রিকেটার মিলিয়েই খেলানোর ইচ্ছা নির্বাচকদের। দল নির্বাচনের কঠিন কাজ কিছুটা হলেও সহজ করতে পারে সেটা। ‘তিনটা দল একসঙ্গে করতে হওয়ায়, বিশেষ করে অনূর্ধ্ব-২৩ দল আর “এ” দলের সফর একসঙ্গে পড়ে যাওয়ায় এবার দল নির্বাচন করা কিছুটা কঠিন হয়ে পড়েছে আমাদের জন্য’—কাল বলছিলেন নির্বাচক হাবিবুল বাশার।
পাঁচটি প্র্যাকটিস ম্যাচ ও ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে তিন ওয়ানডের সিরিজের বাংলাদেশ ‘এ’ দলে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখা যেতে পারে। কাল তো বাতাসে মাশরাফি বিন মুর্তজার নামও শোনা গেল! যদিও বাস্তবে ইংল্যান্ড সফর নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের দিকে তাকিয়েই এগোচ্ছে মাশরাফির পুনর্বাসন। তার আগে এই পেসারকে বড়জোর প্রিমিয়ার লিগের কিছু ম্যাচে দেখা যেতে পারে। এরই মধ্যে ছোট রানআপে বোলিং শুরু করা মাশরাফিও দিলেন তেমন আভাস, ‘এক মাস পর যে খেলা আসবে তাতেই খেলতে পারব আশা করি। সেটা প্রিমিয়ার লিগ হলে প্রিমিয়ার লিগই। নিউজিল্যান্ড সিরিজে খেলার টার্গেট নিয়ে এগোচ্ছি। তার আগে কিছু ম্যাচ খেলতে পারলে খারাপ হয় না।’ পুনর্বাসন-প্রক্রিয়ার সঙ্গে এখন বোলিং অ্যাকশনে কিছু পরিবর্তন আনারও কাজ করছেন। নতুন অ্যাকশনে ধাতস্থ হওয়ার আগে ইংল্যান্ড সফর একটু বেশিই চ্যালেঞ্জিং হয়ে যায় প্রায় পাঁচ মাস ক্রিকেটের বাইরে থাকা মাশরাফির জন্য।

মাশরাফির ‘এ’ দলের সঙ্গে যাওয়ার সম্ভাবনা তাই কমই। নির্বাচকদের কারও কারও মাথায় চিন্তাটা উঁকি দিয়েই ডুবে গেছে আবার। তার পরও শেষ পর্যন্ত সে রকম কোনো চিন্তাভাবনা হলে ফিটনেসের কথা বিবেচনা করে বিসিবির মেডিকেল রুম থেকেই সেটাকে নাকচ করে দেওয়ার কথা। ‘পুরোপুরি খেলায় ফিরতে আরও অনেক সময় লাগবে মাশরাফির। ওকে ইংল্যান্ডে পাঠানোর চিন্তা আমরা করছি না। মাশরাফিকে নিয়ে আমাদের সব পরিকল্পনা নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে’—বলেছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। তবে ‘এ’ দলের সফরসঙ্গী হতে পারেন জাতীয় দলের কোচ শেন জার্গেনসেন ও ফিজিও বিভব সিং। প্রকাশ্যে কেউ কিছু না বললেও এ নিয়ে চাপা অসন্তোষ আছে নির্বাচকদের মধ্যে। জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার হয়তো ‘এ’ দলে থাকবেন, তাই বলে তাঁদের সঙ্গে জাতীয় দলের কোচ-ফিজিওকেও ‘এ’ দলে নেওয়ার প্রস্তাব কেন? দেশে যে তখন জাতীয় দলের অন্য ক্রিকেটারদের অনুশীলন চলবে, সেটা দেখবে কে? বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান এনায়েত হোসেন দেশের বাইরে বলে জানা যায়নি এসব প্রশ্নের উত্তর।