‘এ’ দলের সিরিজ হার
আরেকটি লো-স্কোরিং ম্যাচ, বাংলাদেশ ‘এ’ দলের আরেকটি পরাজয়। পরশু সেন্ট ভিনসেন্টে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৩৩ রানে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের কাছে। স্বাগতিক দল সিরিজ জিতেছে ২-০-তে।জিততে হলে করতে হতো ২০৫ রান। এ অবস্থায় ২০ রানেই ফিরে যান বাংলাদেশের দুই ওপেনার। জুনায়েদ সিদ্দিক করতে পারেন ১ রান ও অধিনায়ক জহুরুল ইসলাম ৯। দুজনকেই ফিরিয়েছেন ম্যাচে ৩ উইকেট নেওয়া পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ১৪ ওভারে ৩ উইকেটে ৫২ করার পরই আসে বৃষ্টি। খেলা আবার শুরু হওয়ার পর লক্ষ্য দাঁড়ায় ৪৫ ওভারে ১৯৮। কিন্তু ৪১.৪ ওভারে ১৬৪ রানেই শেষ বাংলাদেশের ইনিংস। সর্বোচ্চ ৩৮ করেছেন সোহরাওয়ার্দী শুভ।৫৬ রানেই ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ৫ উইকেট তুলে নিয়েছিলেন বোলাররা। দুই পেসার রবিউল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি প্রত্যেকেই নেন দুটি করে উইকেট। লিওন জনসন ও কার্লোস ব্রাফেটের ৫৩ রানের জুটিই ম্যাচে ফেরায় স্বাগতিকদের। শেষ পর্যন্ত ৫০ ওভারে দলটি করে ৯ উইকেটে ২০৪। ব্যাট হাতে ৫৩ করার পর বোলিংয়েও ১ উইকেটে নিয়ে ম্যাচসেরা কার্লোস ব্রাফেটই। আজ একই মাঠে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি।