‘এ’ লাইসেন্স পেলেন ১৬ ফুটবল কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১০ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ঢাকায় এএফসি ‘এ’ লাইসেন্স সার্টিফিকেট কোর্সে অংশ নেওয়া ২১ জনের মধ্যে ১৬ জনকে উত্তীর্ণ ঘোষণা করেছে এএফসি। এর ফলে বাংলাদেশে ‘এ’ লাইসেন্সধারী ফুটবল কোচের সংখ্যা ২ থেকে বেড়ে এক লাফে ১৮ হলো।পেশাদার ফুটবলে লাইসেন্স ছাড়া কোচিং করানো এখন কঠিন হয়ে পড়েছে কোচদের জন্য। এশিয়ান ফুটবল কনফেডারেশন নিয়মই করে দিয়েছে, লাইসেন্স ছাড়া কোনো কোচ পেশাদার ক্লাবে কোচিং করাতে পারবেন না। বাংলাদেশে এই নিয়মের ব্যত্যয় হলেও ভবিষ্যতে তা কাঠোরভাবে প্রয়োগ করা হতে পারে।একসঙ্গে ১৬ জনের ‘এ’ লাইসেন্স পাওয়া বাংলাদেশের ফুটবলে সুখবরই। কিন্তু এই কোচরা কাজের সুযোগ কতটা পাবেন, বা আদৌ পাবেন কি না, সেই প্রশ্ন আছে। এই ১৬ জনের অন্যতম জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলামের প্রত্যাশা, ‘কাজের ক্ষেত্রটা আশা করি সামনে আরও বাড়বে।’পেশাদার ফুটবলে এখন লাইসেন্স কতটা জরুরি, তা জানিয়ে শফিকুল ইসলাম তাঁর অভিজ্ঞতা জানালেন, ‘গত মারদেকা কাপের সময় ইন্দোনেশিয়ার কোচ সে দেশের ক্লাব ফুটবলে আমাকে কোচিং করানোর প্রস্তাব দেন। ওখানে পেশাদার সব দলেই ‘এ’ লাইসেন্সধারী কোচ বাধ্যতামূলক। তখন ‘বি’ লাইসেন্স থাকায় এ নিয়ে আর কোনো কথাই বলা যায়নি।’‘এ’ লাইসেন্স পেয়েছেন: সৈয়দ গোলাম জিলানী, মোহাম্মদ সগির, মাহতাব হোসেন, মাহবুব হোসেন, এস এম জাকারিয়া, শফিকুল ইসলাম, আবু ইউসুফ, মারুফুল হক, স্বপন কুমার দাস, মোশারফ হোসেন, অমিত কুমার, আবদুর রাজ্জাক, শেখ জাহিদুর রহমান, উজ্জ্বল চক্রবর্তী, পরিতোষ দেওয়ান, জসিমউদ্দিন জোসি। এর আগের দুজন—সাইফুল বারী ও জেবায়ের নিপু।