‘ঐতিহাসিক অযোগ্যতা’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমারের বিশাল একটা ছবি ছেপেছে জর্নাল ডি ব্রাসিলিয়া। হাত দিয়ে মুখ ঢেকে আছেন তরুণ ফরোয়ার্ড। ছবির ক্যাপশন, ‘এই লজ্জা তাঁরা লুকাতে পারেন না। এটাকে মনে হচ্ছে অরুচিকর কোনো কৌতুক—আসলে যা নয়।’ব্রাজিলের জন্য যেকোনো টুর্নামেন্টে রানার্সআপ হওয়াই একরকমের ব্যর্থতা। সেখানে কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ, সেটাও আবার টাইব্রেকারে চারটি শট মিস করে। জেবি নামের পরিচিত পত্রিকাটি লিখেছে, ‘ব্রাজিল মূল সময়ে গোল করতে পারেনি, অতিরিক্ত সময়েও নয় এবং সবচেয়ে কুৎসিত ব্যাপার, টাইব্রেকারেও নয়!’ শতাব্দী-প্রাচীন পত্রিকাটির মতো তীব্র প্রতিক্রিয়া ছিল ব্রাজিলের সব পত্রিকাতেই।‘ঐতিহাসিক অযোগ্যতা’—বিশাল অক্ষরে এই শিরোনাম দিয়ে ও গ্লোবো মনে করিয়ে দিয়েছে ১৭ বছর আগের ঠিক ওই দিনটার কথা। ১৯৯৪ সালের ১৭ জুলাই একটি টাইব্রেকার আনন্দে ভাসিয়ে দিয়েছিল পুরো ব্রাজিলকে। ইতালিকে টাইব্রেকারে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপ শিরোপার স্বাদ পেয়েছিল ব্রাজিল। এবার সেই ১৭ জুলাইয়েই কিনা টাইব্রেকারে একবারও বল জালে ঢোকাতে পারল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা!কোরেইয়ো ব্রাজিলিয়েন্স-এর শিরোনামও অনেকটা ও গ্লোবোর মতোই, ‘কী অযোগ্যতা!’ কোচ মানো মেনেজেস ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন কি না, এই প্রশ্নও তুলেছে পত্রিকাটি। টাইব্রেকারে গোল করতে না পারার জন্য মাঠের দুরবস্থাকে দায়ী করেছেন মেনেজেস। এটিকে ‘হাস্যকর অজুহাত’ লিখে পত্রিকাটির অভিযোগ, ‘মাঠে ভয়াবহ বিপর্যয়ের পর সবাই দায় অন্য কিছুর ওপর চাপানোর চেষ্টা করেছে এবং সবাই মিলে মাঠকে দুষছে।’ আর সবার মনের কথাটাই যেন লিখেছে জর্নাল ডি ব্রাসিলিয়া, ‘ব্রাজিল অকল্পনীয় কিছু একটা করে ফেলেছে—চারটি পেনাল্টি নিয়ে মিস করেছে সবগুলো!’ এএফপি।