‘ঐতিহাসিক’ প্রতিবেদনে নানা সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লিগে বহুল আলোচিত পাতানো খেলার তদন্ত প্রতিবেদন আজ শনিবার প্রকাশ করেছে বাংলাদেশ লিগ কমিটি। এই প্রতিবেদনে গত ১১ জুন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচটিকে পাতানো উল্লেখ করা না হলেও ঘুরিয়ে বলা হয়েছে, ‘সমঝোতা’র ম্যাচ। এর অর্থ দাঁড়ায়—ম্যাচটি আসলেই পাতানো ছিল।যেহেতু পাতানো ম্যাচ বলে পরোক্ষে রায় দিয়েছে লিগ কমিটি, তাই বাইলজ অনুযায়ী শেখ জামাল ও রহমতগঞ্জ উভয় দলেরই অবনমিত হওয়ার কথা। কিন্তু লিগ কমিটি দুই দলকেই দিয়েছে অর্থদণ্ড। তাতেও দেখা দিয়েছে বিতর্ক। কমিটি রহমতগঞ্জকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে, কিন্তু শেখ জামালকে জরিমানা করেছে ২০ লাখ টাকা। এ ছাড়া রহমতগঞ্জ গোলরক্ষক ইরান শেখ সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খেয়েছেন বলে প্রতীয়মান হওয়ায় তাঁকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে কমিটি। আলোচিত পাতানো খেলার ‘নাটের গুরু’ হিসেবে চিহ্নিত রহমতগঞ্জ কর্মকর্তা সালাউদ্দিন কালাকে তিন বছরের নিষেধাজ্ঞা ও মুক্তিযোদ্ধার কোচ মারুফুল হককে দুই মাসের বহিষ্কারাদেশের সুপারিশ করেছে কমিটি।মারুফকে বহিষ্কার করা নিয়েও উঠেছে বিতর্ক। এই মারুফই এই পাতানো ম্যাচের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন কমিটিকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি রহমতগঞ্জ কর্মকর্তা কালাকে পাতানো ম্যাচ খেলতে উদ্বুদ্ধ করেছিলেন। প্রতিবেদনটি আজ প্রকাশিত হলেও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাফুফে সভাপতির নেতৃত্বে নির্বাহী কমিটি।বাংলাদেশের ফুটবল ইতিহাসে পাতানো খেলার তদন্ত করে প্রতিবেদন দূরে থাক, এ নিয়ে তদন্তই কখনো হয়নি। শেখ জামাল ও রহমতগঞ্জের ম্যাচটি সেদিক থেকে ‘ঐতিহাসিক’ তকমা পায়। ঐতিহাসিক স্বীকৃতি পেয়ে যায় আজ জমা হওয়া তদন্ত প্রতিবেদনটিও।