‘ঐশ্বরিক প্রতিশোধ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়তির কি অদ্ভুত খেলা! ৪৪ বছর আগে একটি বিশ্বকাপের ফাইনালে ঝড় তুলেছিল এক গোল-বিতর্ক। এতগুলো বছর পর সেই জার্মানি-ইংল্যান্ড দ্বিতীয় পর্বের ম্যাচে আবার ঝড় তুলল আরেকটি গোল-বিতর্ক।জিওফ হার্স্টের যে গোলে ইংল্যান্ড ১৯৬৬ সালে বিশ্বকাপ ফাইনালে এগিয়ে গিয়েছিল, আজও পর্যন্ত জার্মানরা সেই গোলকে বৈধ বলে মানতে রাজি নয়। আবার ইংলিশরা সেই গোলকে ‘গোল’ বলেই দাবি করে থাকে। এবারের ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের বাতিল হওয়া গোল নিয়ে অবশ্য এত বিতর্ক নেই।ইংলিশরা তো বটেই, জার্মানরাও মেনে নিচ্ছে এটা গোল ছিল। কিন্তু ল্যাম্পার্ডের এই বঞ্চনাকে তারা দেখছে ‘ঐশ্বরিক প্রতিশোধ’ হিসেবে। জার্মান সংবাদমাধ্যম দাবি করছে, রেফারির হাতে ৪৪ বছর আগে যে ছিনতাইয়ের শিকার হয়েছিল তারা, তারই প্রতিদান পেল এবার ইংল্যান্ড।জার্মানির বৃহত্তম সংবাদপত্র বিল্ড বিশাল করে হেডিং করেছে, ‘ফুটবল ঈশ্বরকে ধন্যবাদ’। ভেতরে তারা লিখেছে, ‘৪৪ বছর পর ওয়েম্বলি গোলের একটা ভারসাম্য তৈরি হলো। এখন ইংলিশরা বুঝতে পারবে এতগুলো বছর আমরা কি অনুভূতি নিয়ে কাটিয়েছি।’দিয়ে ওয়েল্ত পত্রিকা লিখেছে, ‘দুঃখিত’। তারপর বড় হেডিং করেছে, ‘এখন আমরা সমান সমান।’ বারলিনার কুরিয়ের বিশাল করে ‘ইয়েস’ শব্দটা ছাপিয়েছে। হেডিং করেছে, ‘ওয়েম্বলির প্রতিশোধ’।দ্য সুয়িদেশে জেইটাং স্রেফ লিখে দিয়েছে ‘দুঃখিত ইংল্যান্ড’। দ্য নিউজে ডয়েশল্যান্ড অবশ্য একটু ভদ্রস্থভাবে লিখেছে, ‘ভালো পাসিং ফুটবল আর সামান্য ভাগ্যের জোরে জার্মানি আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে উঠে গেল জার্মানি।’শেষ পর্যন্ত অবশ্য বিল্ড ইংলিশদের দিকে সমঝোতার হাত বাড়িয়ে দিয়েছে, ‘আমরা কোনো সন্দেহ ছাড়াই মেনে নিচ্ছে, এটা গোল ছিল। আপনারা ছিনতাইয়ের শিকার হয়েছেন। কিন্তু দয়া করে এবার অন্তত আপনারা মেনে নিন—ওয়েম্বলির গোলটা গোল ছিল না। প্রিয় ইংল্যান্ড, আসুন এবার আমরা ঝগড়াটা কবর দিই। এবং ভবিষ্যতে দুই দলের দুর্দান্ত কোনো লড়াইয়ের অপেক্ষায় থাকি।’ এএফপি।