
জর্জ বেস্ট ও ক্লাইভ রাইসের মধ্যে সবচেয়ে বড় মিল কি বলুন তো? নিজের প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় হয়েও বিশ্বকাপ খেলা হয়নি তাঁদের। দুজনের মধ্যে অবশ্য রাইসকেই তুলনামূলকভাবে বেশি দুর্ভাগা বলা যায়। বর্ণবাদের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারের যে কখনো টেস্ট ক্রিকেটই খেলা হয়নি। রাইসের চেয়ে তাতে ক্রিকেটেরই বেশি ক্ষতি হয়েছে বলে মনে করেন কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ারে রাইসের দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু রিচার্ড হ্যাডলি।
১০ বছর খেলেছেন একই দলে। নটিংহ্যামশায়ারে ক্লাইভ রাইস ও রিচার্ড হ্যাডলির বোলিং জুটি রীতিমতো ভয়ের কাঁপন ছড়িয়ে দিত প্রতিপক্ষ ব্যাটসম্যানদের শিরদাঁড়ায়। এই বোলিং জুটি নিয়ে সবচেয়ে বিখ্যাত মন্তব্যটা করেছিলেন বোধ হয় কাউন্টি দল গ্ল্যামরগনের ব্যাটসম্যান নরম্যান ফেদারস্টোন। ট্রেন্ট ব্রিজের উইকেটে ঘাস দেখে তিনি বলেছিলেন, ‘ঈশ্বর! এই উইকেটে আমরা কীভাবে রাইস-হ্যাডলিকে খেলব!’ ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হেরে বিদায় নেওয়া বন্ধুকে স্মরণ করতে গিয়ে আরও অনেকের মনের কথাটাই বলেছেন, টেস্ট না-খেলা সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার রাইস।
পেস বোলিং অলরাউন্ডারদের স্বর্ণযুগের খেলোয়াড় দুজনই। ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেব ও রিচার্ড হ্যাডলি যখন বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছেন, নিজেকে চেনাতে রাইসের সম্বল ছিল শুধুই কাউন্টি ক্রিকেট। সেখানে দিনের পর দিন দেখার অভিজ্ঞতা থেকে রাইসকে কোনোভাবেই পিছিয়ে রাখতে রাজি নন হ্যাডলি, ‘টেস্ট ক্রিকেট হোক কিংবা ওয়ানডে, আমি বলতে পারি ও সেরাদের একজন।’ ব্যাটিং-বোলিংয়ে আলো ছড়ানোর পাশাপাশি নটিংহ্যামশায়ারের অধিনায়ক হিসেবেও ছিলেন সফল। প্রয়াত বন্ধুর নেতৃত্বগুণেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন হ্যাডলি, ‘শক্ত ও আপসহীন অধিনায়ক ছিল ও। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি খেলোয়াড়দের সেরাটা বের করে এনে ম্যাচ ও শিরোপা জিততে উদ্বুদ্ধ করাতেও ওর জুড়ি ছিল না।’
বর্ণবাদের কারণে নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ না হলেও রাইস তাঁর সেরাটা বের করে আনতেন কাউন্টি ক্রিকেট খেলা আন্তর্জাতিক ক্রিকেটারদের বিপক্ষেই। নিজেকে প্রমাণ করার বাড়তি একটা তাড়না থেকেই সেটি হতো বলে মনে করেন হ্যাডলি, ‘কাউন্টির সেরা খেলোয়াড়দের বিপক্ষে নিজেকে প্রমাণ করতে চাইত ও। বিদেশি খেলোয়াড় হিসেবে খেলা টেস্ট ক্রিকেটার—যেমন জোয়েল গার্নার, ইমরান খান, ওয়েইন ড্যানিয়েল, ম্যালকম মার্শাল ও মাইকেল হোল্ডিংদের বিপক্ষে নিজেকে উজাড় করে দিয়ে খেলত ও। ব্যাট করার সময় ওদের (আন্তর্জাতিক ক্রিকেটারদের) বলে ও আউট হতে চাইত না। ওরা অসাধারণ বোলার হলেও রান করার পাশাপাশি ওদের ওপর কর্তৃত্বও করতে চাইত রাইস।’
আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছেন না–আক্ষেপ তো ছিলই। ক্লাইভ রাইস চাইলে হয়তো কেপলার ওয়েসেলসদের মতো অন্য দেশের হয়ে খেলতেও পারতেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে অনড় রাইস সে পথে যাননি। দেশকে প্রতিনিধিত্ব করার সেই ইচ্ছেটা অবশ্য পূরণ হয়েছিল। ৪২ বছর বয়সে বর্ণবাদ-পরবর্তী প্রথম অধিনায়ক হিসেবে ভারত সফরে নেতৃত্ব দিয়েছিলেন দেশকে। আন্তর্জাতিক ক্যারিয়ার তিনটি ওয়ানডেতেই শেষ হয়ে গেলেও সেরাদের একজন হিসেবেই তাঁকে স্বীকৃতি দিচ্ছেন হ্যাডলি, ‘আপনাকে নির্দ্বিধায় বলতে পারি, ও ছিল উঁচু মানের খেলোয়াড়। ও ছিল অসাধারণ।’ এএফপি, ক্রিকইনফো।