
দেশজুড়ে আলোচিত বিয়ের পর নতুন সংসার শুরু করেছেন তামিম ইকবাল। ঘর সাজানো, বউকে ফুচকা খাওয়াতে নিয়ে যাওয়া কিংবা মধুচন্দ্রিমার পরিকল্পনায় রঙিন হয়ে ওঠা সময়টার মধ্যে গতকাল থেকে ঢুকে পড়েছে ‘নিঠুর বাস্তব’ ক্রিকেটও। তবে আনন্দের কথা, এত দিন পর ব্যাট হাতে নিয়ে আবারও টগবগিয়ে উঠেছে জাতীয় দলের এই ওপেনারের রক্ত
l কেমন চলছে দাম্পত্য জীবন?
তামিম ইকবাল: ভালোই চলছে এখন পর্যন্ত। বউ বাজারে যাচ্ছে, রান্না করছে, আমাকে বাজারে যেতে হচ্ছে না—কাজেই এখন পর্যন্ত অভিজ্ঞতা খারাপ না। তবে ‘টু আর্লি টু সে’। আমি এত দ্রুত মন্তব্য করতে চাই না। আরও দেখতে হবে।
l এত দিন তো বন্ধুবান্ধবদের সঙ্গে ছিলেন। এখন কেবল দুজনের সংসার। কোন জীবনটা ভালো?
তামিম: হ্যাঁ, বন্ধুবান্ধবদের সঙ্গটা খুব মিস করি। তবে আবারও বলছি, দুইটার তুলনা করার সময় এখনো আসেনি। একটু তাড়াতাড়ি হয়ে যায়। তবে এখন পর্যন্ত উপভোগই করছি নতুন জীবন। নতুন বাসায় উঠেছি। সব গোছগাছ করছি।
l প্রেমিকদের চোখে প্রেমিকাদের কোনো দোষ-ত্রুটিই থাকে না। তবে স্বামীর চোখে স্ত্রীর খুঁত অনেক। স্ত্রী আয়েশার কোনো খুঁত কি খুঁজে পেলেন এখন পর্যন্ত?
তামিম: একটা পেয়েছি—ও প্রচুর ফুচকা খায়। আর সেটার জন্য বাসার কাছের চটপটি-ফুচকার গাড়ির কাছে তাকে আমাকেই নিয়ে যেতে হয়...হা হা হা। না, এটা ত্রুটি নয় আসলে। ফুচকা খেতে আমারও ভালো লাগে। আসলে আয়েশাকে আট বছর যেমন দেখেছি, এখনো তেমনই লাগছে। শুধু টেনশনটা নেই। আগে নানা কিছু নিয়ে টেনশনে থাকতে হতো, আর এখন তো সে আমার সঙ্গেই আছে। খুব রিল্যাক্সড।
l তামিম ইকবাল প্রতিদিন নতুন বউ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। এই দৃশ্য হজম হচ্ছে লোকজনের?
তামিম: রাস্তায় দাঁড়িয়ে না তো, ব্ল্যাক পেপার লাগানো গাড়িতে করে যাই। গাড়িতে বসেই ফুচকা খেয়ে চলে আসি। কেউ দেখে না।
l সপ্তাহব্যাপী বিয়ের অনুষ্ঠানের প্রায় সব আয়োজনের সঙ্গেই নিজে সম্পৃক্ত ছিলেন। সে অভিজ্ঞতাটা কেমন?
তামিম: খুবই কঠিন একটা কাজ। তবে কাজের মধ্যেও তো উপভোগ করার ব্যাপার থাকে। আমিও সেটা করেছি। আগে একটা সাক্ষা ৎকারে বলেছিলাম, আব্বা থাকলে আমার জন্য সবকিছু সহজ হয়ে যেত। তিনি নেই, তবে পরিবারের সদস্যরা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এবার সেটা বুঝেছি। ভাইয়া-চাচারা যা করেছেন—অবিশ্বাস্য।
l ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাবেন। মধুচন্দ্রিমাও নাকি ওখানেই সেরে আসবেন...
তামিম: হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজেই নিয়ে যাচ্ছি ওকে। ১৮ জুলাই যাব, ফিরব আগামী মাসের ২৫ তারিখ।
l স্ত্রী কি পুরো সময়টাই সঙ্গে থাকবেন?
তামিম: সে রকমই পরিকল্পনা। একা একা কী করব? আমি চাই সে থাকুক। তবে আমার বিশ্বাস থাকবে না। সাগর দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে।
l বিয়ে উপলক্ষে বেশ লম্বা সময় ব্যাটিং থেকে দূরে থাকলেন। এতটা সময় ব্যাটিং না করে থেকেছেন কখনো?
তামিম: আমার স্মৃতিতে আসে না। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি ম্যাচ খেলে যে ব্যাট ছেড়েছি, আজকেই (গতকাল) ইনডোরে প্রথম ব্যাট ধরেছি। ও হ্যাঁ, কাল (পরশু) রাতেও ধরেছিলাম। ব্যাট কফিনে রাখার সময়।
l তো এত দিন পর ব্যাটিং করে কেমন লাগল?
তামিম: অনেকক্ষণ ব্যাটিং করলাম। এক ঘণ্টার ওপরে হবে। আমার আজ (গতকাল) নেট থাকলেও আমি নেটে যাইনি। রেডি ছিলাম না নেটের জন্য। বেসিক থেকে শুরু করেছি। বোলিং মেশিনের সামনে ব্যাটিং করেছি। ইচ্ছা করছিল, শট খেলি। অনেক কষ্টে লোভ সামলেছি। আরও এক-দুই দিন এটা করলে শরীরের অ্যাডজাস্টমেন্ট চলে আসবে। তারপর নেটে গিয়ে যত খুশি শট খেলব।