'ও ম্যারাডোনাকেও ছাড়িয়ে যাবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার জার্সিতে শৈশবের মেসি
বার্সেলোনার জার্সিতে শৈশবের মেসি

নিওয়েলস ওল্ড বয়েজ৷ রোজারিওর ক্লাব৷ মেসিদের পরিবারের ভালোবাসা৷
সেনাবাহিনীতে যোগদানের আগে সেই ১৩ বছর থেকেই ক্লাবটির সঙ্গে গাঁটছড়া বাঁধেন মেসির বাবা৷ পজিশন ছিল মিডফিল্ডার৷ কিন্তু ফুটবলকে পেশা হিসেবে বেছে নেননি কখনো হোর্হে৷ তাঁর দুই বড় ছেলে রদ্রিগো ও মাতিয়াসও বয়সভিত্তিক দলে খেলেন ক্লাবটিতে৷ মেসি যোগ দেন ১৯৯৪ সালে৷ সরাসরি তাঁর প্রথম ক্লাব গ্রানদোলি থেকে৷ বার্সায় পাড়ি জমানোর আগে এটাই ছিল ‘গোলমেশিনে’র ঠিকানা৷
কেন্টে জন্ম নেওয়া আইজাক নিওয়েল নামের এক ব্যক্তি ১৮৮৪ সালে রোজারিওতে একটি স্কুল প্রতিষ্ঠা করেন৷ নাম দেন আর্জেন্টাইন কমার্শিয়াল অ্যাংলিয়ান স্কুল৷ ওই স্কুলের শিক্ষক, ছাত্র ও সাবেক শিক্ষার্থীদের প্রয়াসই হচ্ছে এ ক্লাব৷ যেটি তাঁরা প্রতিষ্ঠা করেন ১৯০৩ সালের ৩ নভেম্বর৷ ক্লাবের প্রতীকী রং লাল-কালো৷ মাঠে খেলেই নয়, খেলার বাইরে বল নিয়ে অসাধারণ কারিকুরি করেও ছোট্ট মেসি নজর কেড়েছিলেন সবার৷ ক্লাব কর্মকর্তারা তাই দর্শকদের বাড়তি আনন্দ দিতে ম্যাচের বিরতির সময়টুকুতে মেসিকে নামিয়ে দিতেন মাঠে৷ আর তিনি বল নিয়ে চোখধাঁধানো সব শৈলীতে মন্ত্রমুগ্ধ করে রাখতেন সবাইকে৷ তাঁর সেসব ‘কিপি-আপি’ এখনো ভোলেননি নিওয়েলস ওল্ড বয়েজে মেসির দ্বিতীয় কোচ আর্নেস্তো ভেকচিয়ো, ‘সে ছিল আসলেই বিশেষ কিছু৷ তাকে শেখানোর কিছু ছিল না৷ আচ্ছা, বলুন তো, ম্যারাডোনা বা পেলেকে কি শেখানোর কিছু আছে? তাঁদের কতটুকুইবা শেখানোর থাকে একজন কোচের!’

মেসিকে ৯ থেকে ১১ বছর পর্যন্ত কোচিং করান ভেকচিয়ো৷ ওই সময় এক মৌসুমে প্রায় ১০০ গোল করেন মেসি৷ লিগে তরিতোর সঙ্গে একটি ম্যাচের কথা এখনো ভুলতে পারেন না ভেকচিয়ো, ‘অসুস্থতার কারণে মেসি নামতে পারেনি৷ দল পিছিয়ে ১-০ গোলে৷ শেষ বাঁশি বাজতে কয়েক মিনিট বাকি৷ আমি মেসিকে বললাম, “তুমি খেলতে পারবে কি না”? সে উত্তর দিল, হ্যঁা এবং সঙ্গে সঙ্গে ওয়ার্মআপ শুরু করে দিল৷ মাঠে নামার আগে আমি তাকে শুধু এটুকু বললাম, “আমাকে ম্যাচটা জিতিয়ে দাও”৷ এবং সে তা-ই করল৷ পাঁচ মিনিটে দুই গোল করে মাঠ ছাড়ল৷’
নিওয়েলস ওল্ড বয়েজে খেলতেন আদ্রিয়ান কোরিয়া৷ মেসির ছোটবেলার সতীর্থ ও বন্ধু৷ পরে ক্লাবটির যুবদলের কোচিংও করান৷ মেসি বলতেই তিনি বিমোহিত, ‘ওই সময় লিয়ান্দ্রো দেিপত্রিস সম্পর্কে অনেক কথা হতো৷ উজ্জ্বল বর্ণের ছোট্ট এই ছেলে ১১ বছর বয়সেই মিলানে পাড়ি জমায়৷ সবাই তার ভূয়সী প্রশংসা করত৷ কিন্তু আমি তাদের দলে ছিলাম না৷ আমি সব সময়

লিওনেল মেসি
লিওনেল মেসি

আমার বন্ধু সম্পর্কে বলতাম, “দেপিত্রিসের চেয়ে ১০ গুণ ভালো লিও৷ ও যখন বড় হবে, ম্যারাডোনাকেও ছাড়িয়ে যাবে৷’”
মাত্র ১২ বছর বয়সী একটি ছেলে সম্পর্কে এত উচ্চাশা আদ্রিয়ান কিসের জোরে করেছিলেন, নিজেই দিয়েছেন সেই ব্যাখ্যা, ‘আপনি প্রথমে ওকে দেখলে ভাববেন, ছেলেটি খেলতে পারে না৷ বামন৷ খুবই নাজুক আর ছোটখাটো গড়নের৷ কিন্তু পরক্ষণেই আপনার ভুল ভাঙবে৷ আপনার মাঝে এ অনুভূতি আসবে যে ছেলেটির জন্মই অন্য রকম৷ কিন্তু সে অনন্য৷ কারণ, সে হচ্ছে গোলা৷’ আদ্রিয়ান বলেন, ‘ওর মধ্যে এমন কমান্ড রয়েছে, যা আমি কখনো দেখিনি৷ ও ফর্মুলা ওয়ান৷ একটা ফেরারি৷ জয়ই যার ব্রত৷ প্রতিটি ম্যাচই যে জিততে চায়৷’
েমসির বেড়ে ওঠাজনিত সমস্যা শৈশবেই ধরা পড়ে৷ বয়স নয় বছর পেরিয়ে গেলেও উচ্চতা সে অনুপাতে হয়নি, মাত্র ১ দশমিক ২৭ মিটার৷ রোজারিওর বিশেষজ্ঞ চিকিৎসক দিয়েগো সোয়ার্জতেইনের কাছে নিয়ে গেলেন মা-বাবা৷ এক বছরের বেশি সময় ধরে তাঁর অধীনে চলল চিকিৎসা৷ অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা৷ উদ্দেশ্য, হরমোনজনিত সমস্যা নাকি বিলম্বিত বর্ধনজনিত সমস্যা তা শনাক্ত করা৷ অনেক গবেষণার পর দেখা গেল, এটা হরমোনজনিত সমস্যাই৷ সিদ্ধান্ত হলো চিকিৎসার৷ তা দীর্ঘমেয়াদি৷ প্রতিদিন একটি করে বিশেষ ইনজেকশন৷ সঙ্গে পার্শ্বপ্রতিক্রিয়া ঠেকাতে সহায়ক ইনজেকশন৷ চলবে কয়েক বছর ধরে৷
কিন্তু এত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি চিকিৎসার খরচ? কত? কে দেবে? উত্তর খোঁজার প্রাণপণ চেষ্টা চলে সবার মধ্যে—
সূত্র: বিভিন্ন সময়ে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন, একাধিক ওয়েবসাইট ও লুকা কাইয়োলির বই মেসি৷