'ওই কটা দিন খেতে পারিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারমীন সুলতানা (শিরিন)
শারমীন সুলতানা (শিরিন)

l ফিলিপাইনে আপনার পারফরম্যান্স এত খারাপ হলো কেন?

শারমীন সুলতানা: সেখানে আসলে খাওয়ার সমস্যায় পড়েছিলাম। মূলত এই কারণেই রেজাল্ট খারাপ হয়ে গেছে।

l কেমন ছিল সেই খাবারের সমস্যা?

শারমীন: ওখানে খাবার ছিল, কিন্তু সেটা তো আর বাংলাদেশি খাবার নয়। ওখানকার খাবার খেতে পারিনি। সকালে হোটেলে তবু একটু খেতে পেরেছি। দুপুর বেলা যেহেতু ভেন্যুতে ছিলাম, ওখানেই বেশি সমস্যা হয়েছে।

l পাশাপাশি এটাও তো ঠিক, আধুনিক এই যুগে অন্যরা যেভাবে এগিয়েছে, আপনি বা বাংলাদেশের অন্যরা সেভাবে এগোতে পারেননি?

শারমীন: অবশ্যই। দুনিয়া অনেক এগিয়েছে। আমরা অনেকটা পিছিয়ে আছি। আসলে খেলার সুযোগ সেভাবে তো পাই-ই না আমরা। ভালো করতে বেশি বেশি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে হবে।

l এখন দাবা অনেক প্রযুক্তিনির্ভর হয়ে যাচ্ছে। যেমন ওপেনিংয়ে অনেক নতুন চাল আসছে। এসবের সঙ্গে কি যোগাযোগটা ঠিকমতো হচ্ছে আপনার?

শারমীন: যোগাযোগ একেবারে নেই, বলা যাবে না। তবে এসব ক্ষেত্রে আমাদের আরও সামনে এগোতে হবে। ওপেনিংয়ের কথাই যদি বলি, অনেক রকম নতুন চালই শিখে আসছেন অন্যরা। আমাদের এই জায়গায় ঘাটতি আছে। জানার পরিধি অনেক বাড়াতে হবে।

l ফিলিপাইনে ৯ ম্যাচে মাত্র একটি জয় আপনার। বাকি সব হার। টুর্নামেন্ট যখন চলছিল, আপনার মানসিক অবস্থা কেমন ছিল তখন?

শারমীন: আমি খুবই হতাশ হয়ে পড়েছিলাম। খারাপ করতে কে চায় বলেন! তবে এটাও দেখতে হবে, আমি অনেক বড় বড় প্রতিপক্ষের সঙ্গে খেলেছি। আসলে সমস্যাটা ওই এক জায়গাতেই হয়ে গেছে। খেতে পারিনি ওই কটা দিন...।

l নিয়াজ মোরশেদ ছিলেন এই সফরে। তিনি কেমন সহায়তা করেছেন?

শারমীন: নিয়াজ ভাই অনেক সাহায্য করেছেন। সাহস দিয়েছেন। বুঝিয়েছেন, কীভাবে কী করলে কী হবে। কিন্তু হলো না। ভবিষ্যতে ভালো করব ইনশাআল্লাহ।

l ফিলিপাইনে বাজে সফর শেষে কাল তো মহিলা ফিদে মাস্টার হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা পেলেন। তা এই খেতাব পেতে এত দিন লাগল কেন?

শারমীন: আমি ২০০০ সালে খেলা শুরু করি। সেদিক থেকে ১৩ বছর লাগল প্রথম খেতাব পেতে। এটা হয়তো বড় কিছু নয়, তবে একটা সিঁড়ি তো পার হলাম। যেটা সামনে এগোতে সাহায্য করবে আমাকে।

l গত মার্চে কলম্বোয় এশিয়ান জোনাল দাবায় আপনার পারফরম্যান্সের ভিত্তিতে এই খেতাব। ওই টুর্নামেন্ট নিয়ে কিছু বলুন...

শারমীন: নয় ম্যাচে কলম্বোয় কত পয়েন্ট পেয়েছিলাম মনে নেই (৬ পয়েন্ট)। চতুর্থ হওয়া খেলোয়াড়ের সমান পয়েন্ট পেয়েও পঞ্চম হয়েছিলাম। সেটার ভিত্তিতেই এই খেতাবটা দেওয়া হয়েছে (বাংলাদেশে ষষ্ঠ মহিলা ফিদে মাস্টার)।

l নারায়ণগঞ্জ থেকে অনেক দাবাড়ু উঠে এসেছেন। আপনার আসা কীভাবে?

শারমীন: আমি আর আমার বোন ছোটবেলায় খেলতাম। বোন বেশিদূর যেতে পারেনি। আমি খেলা চালিয়ে এসেছি। এবার আমি ডিগ্রি শেষ করলাম। মাস্টার্সে ভর্তি হব। সেটা ভারতেও হতে পারে।

l ফিলিপাইনে অমন সফরের পর এখন আপনার উপলব্ধি আসলে কী?

শারমীন: আমাদের বছরব্যাপী ভালো ট্রেনিং দরকার। ফিদে টুর্নামেন্টের আগে হয়তো ট্রেনিং হয়, কিন্তু এরপর আর ধারাবাহিকতা থাকে না। তো সারা বছর ট্রেনিংয়ের বিকল্প নেই।