‘ওকে একা থাকতে দিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকবার মেসির ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন ম্যারাডোনা। মেসিকে নিয়ে চলমান সমালোচনা ম্যারাডোনা উড়িয়ে দিলেন ‘ভিত্তিহীন’ বলে। প্রিয় শিষ্যের প্রতি অগাধ আস্থা আর্জেন্টিনার সাবেক কোচের। তাঁর বিশ্বাস, খুবই শিগগির আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ঔজ্জ্বল্য ছড়াবেন মেসি। ঠিক ততটাই, যতটা বার্সেলোনার হয়ে আলোকিত করেন মাঠ। আর এই বিশ্বাস থেকেই নিন্দুকদের প্রতি ম্যারাডোনার আহ্বান, ‘অহেতুক গল্প ফাঁদা বন্ধ করে ওকে একা থাকতে দিন।’যখনই সমালোচনার তীর বিদ্ধ করেছে মেসির বুক, তখনই তাঁর পাশে দাঁড়িয়েছেন ম্যারাডোনা। যখন আর্জেন্টিনার কোচ ছিলেন, তখনো মেসির পাশে ছিলেন। এখন মেসিদের কোচ নন, তবুও ম্যারাডোনা আছেন শিষ্যের পাশেই। ‘মেসি যতটা বার্সেলোনার, ততটা আর্জেন্টিনার নয়’—এই অপবাদের গ্লানি মেসিকে বয়ে বেড়াতে হচ্ছে অনেক আগে থেকেই। তবে আলেসান্দ্রে সাবেলা কোচ হওয়ার পর অধিনায়ক মেসির নেতৃত্বে কলকাতায় ভেনেজুয়েলা, ঢাকায় নাইজেরিয়া এবং বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে বড় জয়ে সমালোচনা কিছুটা স্তিমিত হয়েছিল। কিন্তু ওই ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার ১-০ গোলের হারে ওটা আবার ডালপালা গজাতে শুরু করেছে।কিন্তু ম্যারাডোনা, ‘ওকে স্রেফ ওর মতো থাকতে দিন এবং ওই গল্পগুলো বন্ধ করুন যে ও কাতালানের। ও আর্জেন্টাইন, এমনকি বাথরুমে গেলেও। কাজেই গল্প ফাঁদা বন্ধ করুন। বার্সেলোনার হয়ে যা করে, ও যদি আর্জেন্টিনার হয়ে সেই পারফরম্যান্স না করতে পারে, আমরা অপেক্ষা করব।’ ধৈর্য ধরার আহ্বান জানানোর পাশাপাশিই আবার ভলি মেরে উড়িয়ে দিয়েছেন নিন্দুকদের, ‘সে-ই ক্লান্ত হয়ে পড়বে, যে ওকে নিয়ে মন্তব্য করে এবং যে কখনো বলে লাথিও দেয়নি।’ মেসিকে নিয়ে আশাবাদের ছবিটাও সঙ্গে সঙ্গেই আঁকিয়ে ফেলেছেন আল ওয়াসল কোচ, ‘এগুলো খুবই সাধারণ বিষয় যে মেসিও মানুষ। কিন্তু যেকোনো মুহূর্তে ও আমাদের অনেক আনন্দ উপহার দেবে, এতে কোনো সন্দেহ নেই।’ ওয়েবসাইট।