‘ওটাই জার্মানদের শ্রদ্ধা জানানোর রীতি’
কোচ ম্যারাডোনার সঙ্গে সব বিষয়ে একমত হলেও একটা বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিস। জার্মান মিডফিল্ডার শোয়েনস্টাই আর অধিনায়ক ফিলিপ লাম আর্জেন্টাইন খেলোয়াড়দের বিরুদ্ধে অখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগ আনার পর ম্যারাডোনা পাল্টা জবাবে বলেছিলেন, ‘জার্মান খেলোয়াড়েরা নার্ভাস হয়ে পড়েছে’। তবে ডেমিচিলিস বললেন অন্য কথা। তাঁর মতে, নার্ভাস হয়ে নয়, বরং আর্জেন্টিনাকে সম্মান জানিয়েই জার্মান ফুটবলারেরা এসব কথা বলেছেন।’ তিনি আরও বলেন, ‘এটাই জার্মানদের অন্যকে শ্রদ্ধা জানানোর রীতি।’ দীর্ঘদিন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে খেলার সুবাদে হয়তো শোয়েনস্টাইগারের কথার অন্য অর্থ বের করতে পেরেছেন ডেমিচেলিস। জার্মানি-আর্জেন্টিনার লড়াইয়ে কে এগিয়ে এই বিতর্কে অনেকেই ১৯৮৬, ১৯৯০, ২০০৬ সালের বিশ্বকাপের পরিসংখ্যান টেনে আনলেও অত দূর পর্যন্ত যেতে রাজি নন ডেমিচেলিস। মাত্র কয়েক মাস আগেই একটা প্রস্তুতি ম্যাচে জার্মানিকে হারিয়েছিল আর্জেন্টিনা। আর সেই ফলাফলটারই পুনরাবৃত্তি আগামীকাল চাইছেন তিনি। ‘আমি আশা করছি, ওই ম্যাচের মতো আবারও আমরা হারাতে পারব জার্মানিকে’, বলেছেন ডেমিচেলিস। বায়ার্ন মিউনিখে দীর্ঘদিন খেলার সুবাদে ডেমিচেলিসের বেশ ভালোই ধারণা আছে জার্মান দলের শক্তি সম্পর্কে। ক্লাব সতীর্থ মিরোস্লাভ ক্লোসা, ফিলিপ লাম, শোয়েনস্ট্রাইগার, টমাস মুলারের দুর্দান্ত দ্রুতগতির আক্রমণ প্রতিহত করার কঠিন দায়িত্ব পালন করতে হবে ডেমিচেলিসকে।