‘ওদের চমকে দিতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমসের সোনা জয়ের তরতাজা স্মৃতি নিয়েই এএফসি চ্যালেঞ্জ কাপে খেলতে শ্রীলঙ্কায় বাংলাদেশ ফুটবল দল। কাল কলম্বো থেকে টেলিফোনে কথোপকথনে বাংলাদেশ দলের অধিনায়ক যে আমিনুল হককে পাওয়া গেল তিনি প্রত্যয়ী, আত্মবিশ্বাসী... এসএ গেমসে সোনা জয়ের পর নতুন আরেকটা টুর্নামেন্ট। এতে ভালো করার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী?আমিনুল হক: এসএ গেমসে যেমন খেলেছি সেই ধারাবাহিকতা এখানেও ধরে রাখতে চাই। গত কয়েকটি ম্যাচ ভালো খেলেছি বলেই বলতে পারেন আমাদের আত্মবিশ্বাসও অনেক উঁচুতে আছে।  তাজিকিস্তান প্রতিপক্ষ হিসেবে কেমন? আমিনুল: ভালো। ওদের সঙ্গে তো আমরা এর আগেও খেলেছি। যথেষ্ট শক্তিশালী দল। আগের অভিজ্ঞতাগুলো ভালো না হলেও এবার ওদের চমকে দিতে চাই। আমরা যে বদলে গেছি, আমাদের খেলার ধারায় যে পরিবর্তন হয়েছে সেটা ওদের দেখিয়ে দিতে চাই। জিতব কি হারব সেটা বলব না। তবে ৯০ মিনিট খেলার পর দেখব, আমরা কী পেলাম। ওদের সম্পর্কে কোনো খোঁজখবর নিয়েছেন? আমিনুল: হ্যাঁ। খোঁজখবর তো নিচ্ছি। তবে ওদের খেলোয়াড়দের মান সম্পর্কে আমাদের একটা পূর্বধারণা তো আছেই। ওরা কেমন খেলে সেটাও জানি। তাজিকিস্তান দলের শক্তিশালী দিক কোনটা মনে হয়?আমিনুল: আগেই তো বলেছি যে ওদের সঙ্গে আমরা বেশ কয়েকবার খেলেছি। তাই আমরা জানি, ওরা কেমন মানের। আসলে তাজিকিস্তান দলটা অনেক ব্যালান্সড। ওদের দলীয় সমন্বয়টা খুব ভালো। সাফ ফুটবলে শ্রীলঙ্কার সঙ্গে ডিফেন্সিভ ওয়াল ভেঙে গোল হয়েছিল, সেমিফাইনালেও ভারতের কাছে একইভাবে গোল হয়। এটা নিয়ে কি আলাদাভাবে কাজ করেছেন?আমিনুল: এটা তো খেলারই একটা অংশ। ওই ঘটনাকে আলাদাভাবে দেখার কিছু নেই। তবে হ্যাঁ, ম্যাচে কোনো ভুলত্রুটি হলে সেটা ম্যাচের পরে আমরা আলোচনা করে থাকি। মাঠে নেমে সেই ভুলগুলো আবারও এড়ানোর চেষ্টা করি। দলে কোনো ইনজুরি...আমিনুল: না। না। ইনশাআল্লাহ সবাই ভালো আছে। কেউ ইনজুরিতে নেই। অনুশীলন কেমন হলো?আমিনুল: এই তো একটু আগেই অনুশীলন থেকে ফিরলাম। ঘণ্টাখানেক অনুশীলন করেছি। ভালোই হয়েছে। এখন আমাদের চিন্তা কালকের (আজ) ম্যাচ নিয়ে।  এবার তো বিলম্বিত যাত্রা হলো। একটু আগে যেতে পারলে ভালো হতো না?আমিনুল: এ ব্যাপারে আমার কথা, যা-ই হোক না কেন, বিষয়গুলো মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আশা করেছিলেন জর্জেভিচ আপনাদের সঙ্গে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত কোচ হিসেবে সাইফুল বারী গেলেন? এটার কোনো প্রভাব কি খেলায় পড়বে?আমিনুল: না। আমি তেমন কিছু মনে করি না। আসলে টিটু ভাইও (সাইফুল বারী) উঁচুমানের কোচ। উনিও ভালো কাজ করছেন। তা ছাড়া এখানে আসার আগে কোচের (জর্জেভিচ) সঙ্গে আমার কথা হয়েছিল। উনি বলেছিলেন, আমি থাকি বা না থাকি যেটা শিখিয়েছি সেটা তোমরা মাঠে তুলে ধরবে। টিটু ভাইও জর্জেভিচের মতোই কাজ করেন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ভালো খেলা। আমরা এখানে ভালো খেলারই চেষ্টা করব।