'ওদের সাধারণ মানুষ হিসেবে দেখতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্ক উইলমটস
মার্ক উইলমটস

খেলোয়াড় হিসেবে আছে তিনটি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা। তবে কোচ হিসেবে মার্ক উইলমটসের বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে এবারই৷ ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাৎকারে বেলজিয়াম কোচ কথা বললেন তাঁর দলের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে
lআপনার পূর্বসূরি ডিক আডভোকাট মাত্র ছয় মাস দলের দায়িত্বে ছিলেন। অথচ আপনি বলছেন এই দলটার উত্থানের পেছনে তাঁর বিরাট অবদান আছে। কীভাবে সম্ভব?
মার্ক উইলমটস: তিনি নতুন একটা ভাবনা সঞ্চারিত করেছিলেন। প্রতিপক্ষ যেই হোক, তিনি নিজের দর্শনটাই অনুসরণ করতেন। তিনি খুব ভালো উদ্বুদ্ধ করতে পারতেন, সবাইকে একসূত্রে গাঁথতেও পেরেছিলেন। সেই সঙ্গে সবার নিজস্ব মত দেওয়ার সুযোগ করে দিতেন। আমিও তাঁর মতো করেই ভাবছি। যাই হোক, আমাদের দলটা তরুণ। সে কারণে আমি আরেকটু বেশি নমনীয়। কিন্তু আডভোকাটের দর্শনটা এখনো আছে—‘স্পষ্টতা’। আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।
lদলে কী ধরনের পরিবর্তন এসেছে?
উইলমটস: এখন হোটেলে সবার আলাদা কক্ষ আছে। আডভোকাটের আগে সেটা ছিল না। এটা গুরুত্বপূর্ণ কারণ কেউ রাত ১০টায় ঘুমিয়ে পড়ে, আবার কেউ হয়তো রাত একটা পর্যন্ত জেগে টিভি দেখে। যৌক্তিক কারণ থাকলে আমি সব বিষয় নিয়েই কথা বলতে চাই। যেমন হোটেলে নাপিত আনারও অনুমতি দিয়েছি। প্রথম দিকে অবশ্য এটাতে রাজি হইনি। পরে বুঝলাম, আমাদের অনেক খেলোয়াড়ই বাইরে খেলে। কীভাবে চুল কাটতে হবে সেটা সব সময় তারা বোঝাতে পারে না। ঘরে সেটা অনেক সহজ। বাসে হেডফোন ব্যবহার করতে পারে, কিন্তু মাঠে পৌঁছানোর পর না। আমি চাই ওরা খাবার পরিবেশকদের সঙ্গেও ভালো ব্যবহার করুক, কারণ আমি ওদের সাধারণ মানুষ হিসেবেই দেখতে চাই।
আপনি যখন খেলতেন, সবকিছু তো এত পেশাদার ছিল না...
উইলমটস: এর কাছাকাছিও ছিল না। একেবারেই শৌখিন ছিলাম আমরা। শীর্ষ ফুটবল কী সেটা আমরা তখনো বুঝে উঠতে পারিনি।
lদলে তো অনেক প্রতিদ্বন্দ্বিতা। এটা কীভাবে সামলাচ্ছেন?
উইলমটস: বাছাইয়ে আমাদের মূল শক্তি ছিল সমৃদ্ধ একটা বেঞ্চ। আমি চাই ভালো-খারাপ যাই হোক, সবাই যেন সেটার অংশ হয়। আমি বোঝাতে চেষ্টা করি ওরা সবাই এই দলের অংশ, চাইলে যে কেউ ব্যবধান গড়ে দিতে পারে। তাদের কাজ জয় বা ভালো একটা ফল নিয়ে আসা। গত চার বা পাঁচ ম্যাচে এটাই পার্থক্য গড়ে দিয়েছে।
lদলটা তো এখন আগের চেয়ে অনেক ঐক্যবদ্ধ। কীভাবে করলেন এটা?
উইলমটস: একসঙ্গে কাজ করার ফলে খেলোয়াড় ও ভক্তদের মধ্যে সেতুবন্ধ গড়ে উঠেছে। অনুশীলনে দর্শকদের জন্য দুয়ার উন্মুক্ত থাকে৷ সঙ্গে আমরা চ্যালেঞ্জও ঠিক করে দিই। যেমন, সমর্থকদের লাল পোশাক পরে আসতে বলা হয় বা যত বেশি সম্ভব হইচই করতে বলা হয়। মেয়েদের জন্য আলাদা জায়গা আছে। এর ফলেই বন্ধনটা শক্তিশালী হয়েছে।
lআপনি বলেছেন দলের হোটেলে মেয়েদের প্রবেশ নিষেধ। কেন?
উইলমটস: ম্যাচের পর আমাদের বেসক্যাম্পে ফিরতে হয়। দুই ম্যাচের মাঝে সময় মাত্র চার দিন। আমার মনে হয় না দ্বিতীয় রাউন্ড বা কোয়ার্টার ফাইনালে ওঠার পর খেলোয়াড়েরা তাদের পরিবারকে সময় দিতে পারবে। ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে এটা নিয়ে সমস্যা হয়েছিল। ভুলে যাবেন না, আমরা কাজ করতে এসেছি। আপনার স্ত্রী যখন কাজে যান, আপনি কি তার সঙ্গে যান?
lআপনার দলের অনেকেই ক্লাবে অনিয়মিত। এটা কোনো সমস্যা?
উইলমটস: আমি জানুয়ারিতে জানিয়েছি আরও বেশি সময় খেলার জন্য ওদের একটা সিদ্ধান্ত নিতে হবে। দল বদলে হোক, বা ধারে খেলে, তাদের একটা পথ খুঁজে বের করতেই হবে। গত তিন বা চার মাসে যারা অনিয়মিত ছিল, বিশ্বকাপে ওদের সমস্যায় পড়তে হবে। শারীরিকভাবে ফিট না থাকলে ক্লান্তি জেঁকে বসবে, সেটার জন্য মাঠে ভুল সিদ্ধান্তও নিতে হতে পারে।
lবিশ্বকাপ ড্রটা কেমন হলো?
উইলমটস: দক্ষিণ কোরিয়া, আলজেরিয়া ও রাশিয়ার সঙ্গে এক গ্রুপে পড়া মানে আমরা দ্বিতীয় রাউন্ডের জন্য ফেবারিট। আমাদের হাতে অন্তত তিনটি ম্যাচ আছে, হয়তো তার চেয়েও বেশি। কিন্তু প্রতিটি খেলাকে যদি ফাইনাল বলে মনে করি, তাহলেই সেটা সম্ভব।