
গত বছর ৬৯০ রান করে হয়েছিলেন প্রিমিয়ার ক্রিকেট লিগের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। এবারের লিগ শেষেও তা-ই, ৬৫৫ রান করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের রবি বোপারার (৬৭০) পরেই আছেন গাজী ট্যাংক ক্রিকেটার্সের ইমরুল কায়েস। এই পারফরম্যান্স আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখাচ্ছে তাঁকে
প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান করলেন। নিশ্চয়ই ভালো লাগছে?
ইমরুল কায়েস: অবশ্যই ভালো লাগছে। কারণ গত এক বছরে ‘এ’ দল ছাড়া খেলার তেমন সুযোগই পাইনি। যেকোনো কারণেই হোক ‘এ’ দলেও আমার পারফরম্যান্স খুব ভালো ছিল না। এবারের প্রিমিয়ার লিগটা তাই অনেক চ্যালেঞ্জিং ছিল।
গতবারও দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল আপনার। এবার কি সবচেয়ে বেশি রান করার লক্ষ্য ছিল?
ইমরুল: সেরা পাঁচজনের মধ্যে থাকার লক্ষ্য প্রতিবছরই থাকে। সেটা করতে পারলে নিজের কাছে ভালো লাগে, পরের বছর দল পেতেও সুবিধা হয়। এবারও সে রকম লক্ষ্য ছিল। লিগের শুরুর দিকে ভালো রান না পেলেও একটা ভালো ইনিংস খেলে ফেলার পর নিজেও বুঝতে পারছিলাম এবার রান হবে। এর আগে জাতীয় লিগেও এ রকম হয়েছিল আমার।
মাঝে খারাপ সময়ে বলেছিলেন, খেলার ধরন বদলানোতেই সমস্যা হচ্ছিল। কাজেই আগের খেলাটা খেলার চেষ্টা করবেন। লিগে কি সেটাই করেছেন?
ইমরুল: হ্যাঁ, লিগে প্রতিটা ইনিংসের শুরুতে আমি একটু সময় নিয়েছি। প্রথমে চেষ্টা করেছি সেট হতে, তারপর রান করার চেষ্টা করেছি। ফাহিম (বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি ন্যাশনাল ম্যানেজার নাজমুল আবেদীন) স্যার আমাকে অনেক সাহায্য করেছেন। টেকনিক্যাল ভুলগুলো শুধরে দিয়েছেন।
শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ—সামনে তো অনেক খেলা। জাতীয় দলে ফেরার ব্যাপারে কতটা আশাবাদী?
ইমরুল: আমি আশাবাদী। আমি আমার কাজটা সব সময় এক শ ভাগ করার চেষ্টা করি। জানি ভালো খেললে সুযোগ আসবে। আমি সেই সুযোগের অপেক্ষায় আছি।
ওপেনিংয়ে তামিমের সঙ্গে অনেককেই চেষ্টা করা হচ্ছে। কেউ এখনো সেট হতে পারছেন না। এটাকে কি সুযোগ হিসেবে দেখছেন?
ইমরুল: দেখেন, ওপেনিং জুটিতে ফেরাটা একটু চ্যালেঞ্জিং। কারণ ওই জায়গার দাবিদার অনেক। তবে হ্যাঁ, আমি এটাকে সুযোগ হিসেবেই দেখি। আমি মনে করি একজন ব্যাটসম্যান যখন ভালো ফর্মে থাকে, তখনই তাঁকে সুযোগ দেওয়া উচিত। সামনে অনেক খেলা। আমার বিশ্বাস কোথাও না কোথাও সুযোগ পাব।
২০১০-এ নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের সময় আপনিও দলে ছিলেন। এবার তো সে আনন্দটা মিস করলেন...
ইমরুল: আসলে বাংলাদেশ দলে খেলাটাই মিস করি, দল জিতলে তো আরও বেশি মিস করি। এবারের হোয়াইটওয়াশের পর মনে মনে কল্পনা করছিলাম ড্রেসিংরুমে তখন কী হচ্ছিল। আগের ঘটনাগুলো মনে পড়ে যাচ্ছিল।
মাঠের বাইরে থেকে বাংলাদেশ দলের খেলা দেখতে কেমন লাগে?
ইমরুল: কোনো ক্রিকেটারই এটা মেনে নিতে পারে না। ক্রিকেটারের জায়গা হলো মাঠ। মাঠের বাইরে সে কখনোই ভালো থাকতে পারে না। তার পরও নিজেকে সান্ত্বনা দিই—সময় আবার আসবে। দলে ফিরব, আবার খেলব। এই যে আমি জাতীয় দলে নেই, প্রতিদিন অন্তত পাঁচজন লোকের কাছে প্রশ্ন শুনতে হয়, আমি কেন নেই। আমি কেন পারছি না...। এখন রান না করলে, দলে না থাকলে এসবের মুখোমুখি তো হতেই হবে। তাই মেনে নিচ্ছি।
আপাতত তো খেলা নেই। কী করবেন এই সময়টাতে?
ইমরুল: জাতীয় লিগ হবে শুনেছি। মনোযোগ দিয়ে লিগটা খেলব। লংগার ভার্সন ক্রিকেট আমরা কম খেলি। কাজেই যেটুকু খেলার সুযোগ পাব, ভালো খেলার চেষ্টা করব। নিজেকে প্রমাণ করতে চাইব।