'ওমানকে একেবারেই হালকাভাবে নিচ্ছি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে আইসিসি। বাংলাদেশ দলের বোলিং কোচ হওয়ায় এ দুজনকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন হিথ স্ট্রিক। ওমান ম্যাচের আগে গতকাল স্ট্রিকের সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি কথাবার্তা হলো এই দুই বোলারকে নিয়েই। উঠে এল আরও কিছু প্রসঙ্গও
* এ মুহূর্তে মনোযোগটা কীভাবে ধরে রাখছেন?
হিথ স্ট্রিক: গত রাতের (পরশু) ম্যাচের ফল অনেক গুরুত্বপূর্ণ ছিল। সবকিছু এখন ওমান ম্যাচের ওপর নির্ভর করছে। ভালো হয়েছে গত রাতে (পরশু) কিছুক্ষণ ব্যাট করতে পেরেছি, আমাদের জন্য বেশ ইতিবাচক ছিল সেটি। ছেলেরা কালকের (আজ) ম্যাচের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। আশা করি, বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে না।
* বাংলাদেশের পেস আক্রমণ গত কিছুদিনে অনেক বদলে গেছে...
স্ট্রিক: সবকিছু শুরু হয়েছে গত বছর বিশ্বকাপ থেকে। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে আমাদের পেসারদের আক্রমণাত্মক হতেই হতো। এটিই আরও কঠোর পরিশ্রম করতে বাধ্য করেছে। আমাদের যা সামর্থ্য ছিল, তা নিয়েই অনুশীলন করেছি। খেলোয়াড়দের উৎসাহ আর চেষ্টাও বেশি ছিল। আর প্রতিভা তো সব সময়ই ছিল, শুধু সেটা ঠিকঠাক কাজে লাগানো হয়েছে।
* তাসকিন কেমন আছেন?
স্ট্রিক: যা কিছু হচ্ছে তাতে ও স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছে। তবে ও আর আমি—দুজনই শতভাগ আত্মবিশ্বাসী, ও উতরে যাবে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত সবগুলো ফুটেজ দেখেছি। কোচিং স্টাফ ও অন্যরাও দেখেছেন। আমরা আত্মবিশ্বাসী, ওর অ্যাকশন ঠিক আছে। শুধু ওকে সমর্থন জানানোর জন্যই কথাটা বলছি না। আমি সত্যিই বিশ্বাস করি, ও ঠিক আছে, আর বিশ্বকাপেও আমাদের হয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
* বিশ্বকাপের মাঝে এ ব্যাপারগুলো কতটা হতাশাজনক?
স্ট্রিক: এ পরিস্থিতিতে এটা কিছুটা হতাশারই। ভিডিওগুলোয় তাসকিন নিজেই দেখতে পাচ্ছে, ওর অ্যাকশন ঠিক আছে। এমন না যে, আমরা সবকিছুতে অজুহাত দেখাচ্ছি। তবে আমাদের কাছে মনে হচ্ছে, তাসকিনের অ্যাকশন নিখুঁত ও বৈধ।
* মুস্তাফিজ খেলার মতো ফিট আছেন?
স্ট্রিক: না, এখনো নয়। আমরা মুস্তাফিজকে নিয়ে কাজ করছি। ও পুনর্বাসন-প্রক্রিয়ার মধ্যেই আছে। ফেরার কোনো সময় বলতে পারছি না। হয়তো কাল সকালেই ঘুম থেকে উঠে ওর কাছে সব ঠিকঠাক মনে হতে পারে, তবে সম্ভাবনা কম।
* পিচ থেকে খুব বেশি সহায়তা পাওয়া যাচ্ছে না, এ ক্ষেত্রে বোলারদের কী পরামর্শ দিচ্ছেন?
স্ট্রিক: এখানে ভুলের সুযোগ কম। উইকেট থেকে সাহায্য পাওয়া যাচ্ছে না, গতি কম, উইকেটে বৈচিত্র্যও কম। এখানে তাই নিখুঁত বোলিং করতে হবে। মানসিকভাবেও শক্ত হতে হবে। কারণ খারাপ বলে তো বাউন্ডারি হয়ই, ভালো বলও চার-ছয় হতে পারে। মূল ব্যাপার হচ্ছে নিজের ওপর বিশ্বাস রাখা, যে যেটা ভালো পারে সেটিই করে যাওয়া, আর পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া।
* প্রথমবার ওমানের সঙ্গে খেলছে বাংলাদেশ...
স্ট্রিক: কোনো দলকেই হালকাভাবে নিচ্ছি না। ওমান কিছু অঘটন ঘটিয়েছে। আয়ারল্যান্ডকে হারানো তো অবশ্যই বড় ব্যাপার। আমরা তাই ওমানকে একেবারেই হালকাভাবে নিচ্ছি না। ভারত-পাকিস্তানের মতো বড় দলকে নিয়ে যতটা বিশ্লেষণ করি, ওদের নিয়েও ততটাই করেছি। বড় দল নয় বলে স্বাভাবিকভাবেই ওদের সম্পর্কে খুব বেশি কিছু জানতে পারছি না। তবে পুরো পেশাদারি দৃষ্টিতেই ওদের বোলার-ব্যাটসম্যানদের বিশ্লেষণ করেছি। বাংলাদেশের জন্য কালকের (আজ) ম্যাচটা অনেক বড়, তাই আমরা যথেষ্ট তৈরি হয়েই নামব। পরের রাউন্ডে ওঠা নিশ্চিত করতে চাই।
* আরাফাত (সানি) ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে পারবেন?
স্ট্রিক: বিসিবি ও আইসিসি একমত হয়েছে যে, ও আজ (গতকাল) পরীক্ষা দেবে এবং কাল (আজ) যেকোনো সময়ে দলের সঙ্গে যোগ দিতে পারবে।