‘ওর বাইরে থাকাটা দুর্ভাগ্যজনক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি বিশ্বাস করেন, মোহাম্মদ আশরাফুলকে প্রয়োজন ছিল দলে। কথাবার্তায় মনে হলো, দল নির্বাচনী আলোচনায়ও এই বক্তব্যই রেখেছেন স্টুয়ার্ট ল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে সাবেক অধিনায়কের বাদ পড়াকে তাই দুর্ভাগ্যজনকই বলেছেন জাতীয় দলের কোচ। কাল সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে নামার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কোচের কথোপকথন হলো, তা-ই তুলে ধরলেন তারেক মাহমুদ টেস্ট দল নিয়ে খুশি?স্টুয়ার্ট ল: আমি বলব, এটা দলে আসা নতুনদের জন্য একটা সুযোগ। হয়তো পরিবর্তনের এটাই সময়। দল হিসেবে টেস্টে আমাদের এখনো তেমন কোনো অর্জন নেই। খেলোয়াড়দের জন্য এটাই দলে আসার দাবি জানানোর সুযোগ। সর্বশেষ জিম্বাবুয়ে টেস্টে দলের পক্ষে সবচেয়ে বেশি রান করেও এই সিরিজে বাদ পড়লেন মোহাম্মদ আশরাফুল। এটাকে কি তাঁর জন্য দুর্ভাগ্যজনক বলবেন?ল: কী বলব...ওয়ানডে সিরিজের সময় আপনারাই চেয়েছেন ও বাইরে থাকুক। এখন যখন সে বাইরে, অথচ আপনারা চাচ্ছেন দলে আসুক! ব্যাপারটা আমার মাথায়ই ঢোকে না। ড্রেসিংরুমের জন্য সে অসাধারণ। কাজের প্রতি দায়বদ্ধতাও চমৎকার, সেটা জিমেই হোক কিংবা ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং অনুশীলনে। আমরা তাকে সফল হিসেবে দেখতে চাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অন্য বিষয়গুলোও এখানে চলে আসছে। তবে টেস্ট দলে না থাকা মানেই সে শেষ হয়ে যায়নি। সামনে তার সেরা সময় পড়ে আছে। কীভাবে রানে ফেরা যায়, সেটা নিয়েই ভাবতে হবে এখন। জিম্বাবুয়ে টেস্টে ভালো করলেও অন্য সংস্করণের ক্রিকেটে সম্ভবত ততটা আত্মবিশ্বাসী নয় আশরাফুল। ও ভালো মারছে এবং তার পরও ওর বাইরে থাকাটা খুবই দুর্ভাগ্যজনক। এটা সবার জন্য একটা বার্তাও। বাংলাদেশ দলে থাকতে হলে ভালো খেলতে হবে। দলে চারটি নতুন মুখ। টেস্টের জন্য কতটা আদর্শ এটা?ল: আগেই বলেছি, এটা তাদের জন্য সুযোগ। প্রথম শ্রেণীর ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছে তারা, কাজেই এতে খারাপ হয়েছে বলব না। ইলিয়াস সানিকে আমি বিসিবি কাপে দেখেছি, প্রথম শ্রেণীর ক্রিকেটেও অনেক ম্যাচ খেলেছে। বলে তার নিয়ন্ত্রণ যথেষ্ট, বিসিবি কাপ ও চার দিনের ম্যাচে অনেক উইকেটও নিয়েছে। স্পিনার হিসেবে তাকে এটাই করতে হবে। শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানে অলআউট করে দেওয়াটা মানসিকভাবে কতটা সাহায্য করবে?ল: এটা আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। আমাদের হারানোর কিছুই ছিল না, তার পরও মাঠের পারফরম্যান্সটা হলো অসাধারণ। যা চেয়েছিলাম ফলাফল তা-ই হয়েছে। টেস্ট সিরিজে কেমন ফলাফল আশা করছেন?ল: সত্যি বলতে কি, যদি আমরা ভালো ক্রিকেট খেলি, মূল কাজগুলো ঠিকঠাক করি, সুযোগগুলো নিতে পারি, আমি নিশ্চিত, বিশ্বের সব দলের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব। জিম্বাবুয়েতে ভালো করার পরও পেসার রবিউল ইসলামের বাদ পড়ার কারণ কী?ল: বাদ পড়ে গেলেও ও আমাদের পরিকল্পনায় ভালোভাবেই ছিল। ও সব সময়ই চেষ্টা করে, সাহস আছে। আসলে তিনজন পেসার খেলানোর সম্ভাবনা খুবই কম। আর ওর বোলিং অ্যাকশনের কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা আগামী কয়েক সপ্তাহ কাজ করব। তার পক্ষে তখন আরও জোরে বল করা সম্ভব হবে, সুইংও পাবে বেশি। প্রস্তুতি ম্যাচে যে বোলিং আক্রমণের বিপক্ষে খেলেছে ব্যাটসম্যানরা ওয়েস্ট ইন্ডিজের পেস বোলারদের গতি তার চেয়ে অনেক বেশি। এটা নিশ্চয়ই সমস্যা হবে...ল: উপমহাদেশের বাইরের দলগুলো সবই অনেক শক্তিশালী। তাদের যে উচ্চতা, কন্ডিশন যেমনই হোক, উইকেটের ওপর খুব জোরে বল পিচ করতে পারে তারা। পাঁজরের কাছে ঘণ্টায় ৯০ মাইল বেগে বল আসলে কেউই সেটা খেলতে পারে না। এ রকম বলের বিপক্ষে রান করার কৌশলটাই বের করতে হবে আমাদের। স্পিনের ক্ষেত্রে কি সাকিবের সঙ্গে একজন অলরাউন্ডারই পছন্দ আপনার, নাকি বিশেষজ্ঞ স্পিনার নিতে চাইবেন?ল: মনে হয় না স্পিনিং অলরাউন্ডার আর নেওয়ার দরকার আছে। আমাদের স্পিনাররা ভালো। ইলিয়াস সানির জন্য সুযোগ আছে লম্বা একটা ক্যারিয়ারের জন্য দলে আসার।