‘ওর মানসিক বয়স ১৫-১৬’
বিশ্বাস শব্দটাই যখন আবার হারিয়ে যেতে বসেছে, তখন একমাত্র ‘বিশ্বস্ত’ হয়ে টিকে আছেন তিনি। খোদ বাজিকর মাজহার মাজিদেরই বক্তব্য, শহীদ আফ্রিদি ম্যাচ পাতানোর সঙ্গে তো জড়িত ননই, বাজিকরেরা তাঁর ধারেকাছে ঘেঁষতেও সাহস করে না। এমন পরিচ্ছন্ন ভাবমূর্তির আফ্রিদি বিতর্কিত সতীর্থদের ওপর রাগ ঝাড়তেই পারেন।আগের দিন বলেছেন, স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত তিন খেলোয়াড়কে ড্রেসিংরুমে ঢুকতে দেওয়াই উচিত না। আর পরশু ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ শেষে একহাত নিলেন নতুন ফেঁসে যাওয়া সতীর্থ ইয়াসির হামিদকে।আফ্রিদি আসলে ইয়াসিরের ওপর রাগ করছেন না, তাঁর ছেলেমানুষি আচরণে বিরক্ত। নিউজ অব দ্য ওয়ার্ল্ড পত্রিকার সাংবাদিককে না চিনে নাকি কথা বলেছেন, ইয়াসির হামিদের এই দাবিতে অবাক হয়েছেন আফ্রিদি।পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক বলছেন, ইয়াসির আসলে মানসিকভাবে প্রাপ্তবয়স্কই হয়ে ওঠেননি, ‘ওর বয়স মনে হয় ৩০ বা ৩১। কিন্তু মানসিকভাবে ১৫ বা ১৬-তে আটকে আছে। তা না হলে একটা লোক পাশে বসে আছে, যাকে ও চেনে না জানে না, এসব কথা ও বলে কী করে!’আফ্রিদি অবশ্য দাবি করছেন, পাকিস্তানের এই টেস্ট ব্যাটসম্যানের চরিত্রটাই এমন। এক সাংবাদিক সরাসরিই প্রশ্ন করলেন, ইয়াসির হামিদ কি তাহলে মানুষ হিসেবে অনির্ভরযোগ্য? আফ্রিদির উত্তর, ‘হ্যাঁ। সবাই জানে, ওর চরিত্রটা কেমন। এই ধরনের কর্মকাণ্ড ও এর আগেও করেছে।’ বোঝাই যাচ্ছে, পিসিবিকে পাশে পেলেও পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ককে খুব চটিয়ে ফেলেছেন ইয়াসির হামিদ। এএফপি।