ব্যাডমিন্টন এশিয়া নিয়মিতই উদীয়মান শাটলারদের জন্য আন্তর্জাতিক ট্রেনিং ক্যাম্পের আয়োজন করে। প্রায় ১০ বছর পর এবার এতে অংশ নেওয়ার সুযোগ পেলেন বাংলাদেশের কোনো শাটলার। মালয়েশিয়া থেকে ১৪ দিনের প্রশিক্ষণ নিয়ে গত রোববার দেশে ফিরে সেই অভিজ্ঞতার কথা বললেন সামার ওপেন চ্যাম্পিয়ন মোহাম্মদ মিনহাজ

* বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ শাটলার লি চংয়ের একাডেমিতে অনুশীলন করে এলেন। অভিজ্ঞতাটা কেমন হলো?
মিনহাজ: মালয়েশিয়ায় গিয়ে প্রথম যেটা মনে হয়েছে, অনুশীলন না করে শুধু ওদেরটা দেখলেও অনেক কিছু শেখা যায়।
*প্রতিদিন কত ঘণ্টা অনুশীলন করতেন?
মিনহাজ: সকালে ও বিকেলে তিন ঘণ্টা করে অনুশীলন হতো। ওরা ফিজিক্যাল ট্রেনিংয়ের ওপর বেশি জোর দিত। একেক সেশনে দুজন করে কোচ থাকতেন।
*আপনি ছাড়া আর কোন কোন দেশের শাটলার ছিলেন ক্যাম্পে?
মিনহাজ: আমার সঙ্গে সুইডেন ও জর্ডানের সাতজন করে, বাহরাইনের দুজন, ইন্দোনেশিয়া ও মালদ্বীপের একজন করে শাটলার ছিল। তিন গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করেছি। প্রথম দিন গ্রুপ বাছাইয়ের সময় একাডেমির এক খেলোয়াড়কে হারিয়ে দিই। কোচ এরপর ‘এ’ গ্রুপে নেন।
*ওখানে নাকি আরও খেলোয়াড়কে পাঠাতে পারত ফেডারেশন?
মিনহাজ: আমিও তা-ই শুনেছি। ফান্ডের অভাবে ফেডারেশন শুধু বিমান ভাড়াটা দিয়েছে। ১৪ দিনের ট্রেনিং শেষে একাডেমি থেকে ছেড়ে দেয় আমাকে, এরপর ভীষণ বিপদে পড়ি। হাতে তেমন ডলারও ছিল না। অথচ আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজে খেলার জন্য আরও পাঁচ দিন থাকা দরকার।
*তারপর...
মিনহাজ: ভাগ্য ভালোই বলতে হবে। মালয়েশিয়ায় হঠাৎ দেখা হয়ে যায় ছেলেবেলার বন্ধু রামের সঙ্গে। ও সেখানে পড়াশোনা করছে। সবকিছু শুনে নিয়ে গেল ওর বাড়িতে। এরপর প্রতিদিন মোটরসাইকেলে করে ভেন্যুতে নিয়ে যেত। খেলার সময় উৎসাহ দিত। ও না থাকলে খেলতেই পারতাম না। বন্ধু বলেছিল, ‘যত দিন ইচ্ছা আমার বাসায় থাক।’
*আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজে কেমন খেলেছেন?
মিনহাজ: এককে মালয়েশিয়ার এক শাটলারের কাছে হেরে যাই। ওদের সঙ্গে পার্থক্য কোথায়, সেটা ওখানে গিয়েই বুঝেছি। ওরা এক শ হলে আমরা পাঁচ। আসলে আমাদের তো ফেডারেশন কোনো গাইড করে না। দীর্ঘদিন ক্যাম্প নেই। নিজেদের উদ্যোগে অনুশীলন করি।
*এখন কী চাওয়া ফেডারেশনের কাছে?
মিনহাজ: চাওয়া একটাই, ফেডারেশন যেন দুবেলা প্র্যাকটিসের ব্যবস্থা করে। ইনডোরে থাকা-খাওয়ার ব্যবস্থা করে শুধু বলবে, তোমাদের কাজ খেলা।
*মালয়েশিয়ার অভিজ্ঞতা কতখানি কাজে লাগবে?
মিনহাজ: কাজে লাগানোর সুযোগই তো পাচ্ছি না। কোনো খেলাধুলা নেই। সামার ও জাতীয় ব্যাডমিন্টন হবে বলে শুনেছি। কিন্তু তারিখ ঘোষণা হয়নি। ডিসেম্বরে আন্তর্জাতিক সিরিজ হওয়ার কথা ছিল, সেই সুযোগ থেকেও বঞ্চিত হয়েছি। ফেডারেশনের ভুলে এবার ভেন্যু পায়নি বাংলাদেশ। খবরটা শুনে কষ্ট পেয়েছি। ঢাকায় খেললে হয়তো বিশ্ব র্যাঙ্কিংয়ে নামটা তুলতে পারতাম।
*আপনি তো জুনিয়র বিশ্ব র্যাঙ্কিংয়ে ৯৬ নম্বরে উঠেছিলেন...
মিনহাজ: জুনিয়র টুর্নামেন্টে আগে বেশি করে খেলার সুযোগ পেতাম। কিন্তু সিনিয়রে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে পারছি না। মালয়েশিয়ায় যাওয়ার পর র্যাঙ্কিং নিয়ে একটা ঘটনায় বেশ বিব্রত হয়েছিলাম।
*কী ঘটনা?
মিনহাজ: ট্রেনিংয়ের প্রথম দিন লাইনে দাঁড় করিয়ে ওরা জিজ্ঞাসা করছিল, তোমার বয়স কত, কোন দেশ থেকে এসেছ? এরপর বলল, তোমার র্যাঙ্কিং কত? বললাম, আমার র্যাঙ্কিং নেই। ওরা শুনে অবাক হয়ে গেল! অথচ ওখানে যারা খেলতে এসেছিল, সবারই র্যাঙ্কিং আছে। আমার তাই ভীষণ লজ্জা লাগছিল।