‘ওরা হারিয়ে যাবে না’
রাজধানীর ব্যস্ত রাজপথে সাঁই সাঁই করে গন্তব্যের দিকে ছুটে চলছে গাড়িগুলো। বিজয় সরণির সিগন্যালে থেমে থাকা খোলা ট্রাক থেকে থেমে থেমে ভেসে আসছে গান-বাজনা। বাদক দল বাজিয়ে চলেছে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল..। গানবাজনা শুনে পাশের বাস থেকে কেউ উঁকিঝুঁকি মারছে। কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। হাত নেড়ে কেউ শুভেচ্ছা জানাচ্ছে খোলা ট্রাকে দাঁড়িয়ে থাকা যাত্রীদের। ওদের সবার গলায় ফুলের মালা। হাতে ফুলের তোড়া। একটু আগেই বিমানবন্দর থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়ে রাজপথ প্রদক্ষিণ করছেন কমনওয়েলথ শ্যুটিংয়ে সদ্য পদক জিতে আসা শ্যুটাররা। দিল্লিতে অনুষ্ঠিত এবারের কমনওয়েলথ শ্যুটিংয়ে ২টি সোনা, ২টি রুপা ও ৩টি ব্রোঞ্জ জেতা বাংলাদেশকে নিয়েই এমন উচ্ছ্বাস সবার।ফুলে ফুলে ছাওয়া খোলা ট্রাকে শারমিন আক্তারের (রত্না) পাশেই দাঁড়ানো সাদিয়া সুলতানা। এক কোণে দাঁড়িয়ে শারমিনের স্বামী মোহাইমেনুল। ট্রাকের সামনের সারিতে তৃপ্তি দত্ত ও সাবরিনা সুলতানারাও পথচারীদের শুভেচ্ছার জবাব দিচ্ছেন। তাঁদের পেছনেই আসিফ হোসেন, ইকবাল ইসলামরা। সংবর্ধনায় সিক্ত ওরা আনন্দে উদ্বেল। এমন সংবর্ধনা আর ফুলেল শুভেচ্ছা এর আগেও পেয়েছেন আসিফ। ২০০২ ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে সোনা জিতে দেশে ফিরলে তাঁকে নিয়েও মাতামাতি হয়েছিল। কিন্তু এবার কমনওয়েলথ শ্যুটিংয়ে পদকজয়ীদের সংবর্ধনায় তিনি বেশি খুশি, ‘এমন সংবর্ধনা আমি পাইনি। এ জন্য আমার কোনো আক্ষেপ হচ্ছে না, তবে মনে হচ্ছে তখন পাইনি তো কী হয়েছে, এখন সেটি পুষিয়ে যাচ্ছে।’বিমানবন্দর থেকে গাড়িবহরটি বনানী, মহাখালী ফ্লাইওভার হয়ে সংসদ ভবনের পাশ দিয়ে আসাদগেট, ধানমন্ডি ৩২ নম্বর, সায়েন্স ল্যাব, শাহবাগ, গুলিস্তান, অলিম্পিক ভবন হয়ে গুলশান শ্যুটিং কমপ্লেক্সে গিয়ে থামে। চলতি পথে শুভেচ্ছায় ভিজে ১০ মিটার এয়ার রাইফেলে সোনাজয়ী শারমিন আক্তার একটু বেশি উচ্ছ্বসিত, ‘আমার খুবই ভালো লাগছে। এই সংবর্ধনা আর শোভাযাত্রা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। সামনে এশিয়ান গেমস ও বিশ্বকাপের জন্য প্রস্তুতিটা ভালোভাবে নিতেই হবে।’ একই গাড়িতে সহযাত্রী হিসেবে পেছনে চেয়ারে বসে ছিলেন ২০০৪ ইসলামাবাদ সাফ গেমসে সোনাজয়ী শারমিন আক্তার। নতুন শারমিনের ছায়ায় কি পুরোনো শারমিন হারিয়ে যাবে? হেসে উত্তর দিলেন, ‘না, তা হবে কেন? আমি নতুন করে প্রস্তুতি নিচ্ছি। আশা করি আবারও পুরোনো ফর্মে ফিরব।’ সাবরিনা সুলতানা এই দলের সারথি হয়েও নতুনদের জন্যই ভাবছেন, ‘ভালোই লাগছে এই আনন্দ। আরও ভালো লাগছে এই জন্য যে ওরা অনেক ভালো করছে। কমনওয়েলথ শ্যুটিংয়েও খুব ভালো করেছে রত্না। অনেকদূর এগিয়েছে সবাই। মাঝখানে আমাদের শ্যুটিংয়ে যে খারাপ সময় ছিল, আমি মনে করি, সেটা ওরা কাটিয়ে উঠেছে। আমি আশাবাদী ভবিষ্যতে কমনওয়েলথ গেমসে পদক জিততে পারবে আমাদের শ্যুটাররা।’ফেডারেশন এসব শ্যুটারের হাতে নগদ টাকা তুলে দিতে চায় না। ফেডারেশন সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বললেন, ‘আমরা এখন এসব শ্যুটারের অলিম্পিকের কোটা প্লেট পূরণের চিন্তা করছি। যাতে ওরা ২০১২ অলিম্পিকে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। এ জন্য সব রকম চেষ্টাই করব আমরা। কোচিং থেকে শুরু করে অন্যান্য উন্নত প্রশিক্ষণসহ যা যা লাগে সব রকমের সুযোগ-সুবিধাই দেব।’ কমনওয়েলথ শ্যুটিংয়ে সোনাজয়ী সাবরিনার যাওয়ার কথা ছিল আরও ওপরে, কিন্তু যেতে পারেননি। আসিফ যাঁকে হারিয়ে কমনওয়েলথ সোনা জিতেছিলেন, সেই অভিনব বিন্দ্রা জেতেন অলিম্পিক। ফেডারেশন তাদের ভবিষ্যত্ পথটাকে আলোকিত করতে পারেনি। শারমিনদের নিয়ে এই মাতামাতি করেই কী পরে ঘুমিয়ে পড়বে ফেডারেশন? ইশতিয়াক আহমেদ বললেন, ‘সময়ের তুলনায় অনেক আগেই শারমিন-সাদিয়া নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। ওদের নিয়ে অনেক বড় স্বপ্ন দেখছি আমরা। এদের সব রকম সহযোগিতার আশ্বাসই দিচ্ছি আমরা। ওরা হারিয়ে যাবে না।’