'ওয়াইল্ড কার্ড নিয়ে যেতে খারাপ লাগে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফিজুর রহমান (সাগর)
মাহফিজুর রহমান (সাগর)

l রিও অলিম্পিক সামনে রেখে এক বছর প্রশিক্ষণ নিলেন থাইল্যান্ডে। সেটি কেমন হলো?

মাহফিজুর: অনুশীলন ভালো হয়েছে। আগের চেয়ে টাইমিংয়ের উন্নতি হচ্ছে। এখানে আসার পর মনে হয়েছে, আগে সাঁতার সম্পর্কে কিছুই জানতাম না, এখন কিছুটা হলেও জানতে পারছি। এখানে বিভিন্ন দেশের অন্তত ১০০ সাঁতারু অনুশীলন করেছেন। এর মধ্যে মাত্র আটজন অলিম্পিকে যাচ্ছি। এখানে একটাই সমস্যা ছিল, মাঝেমধ্যে অনুশীলনটা একটু বেশি হয়ে যায়। এতে চোটে পড়ার আশঙ্কা থাকে। তবে তখন কোচ, ফিজিও বিশ্রাম নিতে বলেন। কিন্তু সামনে যেহেতু অলিম্পিক, বিশ্রামের কোনো সুযোগ নেই।

l বাংলাদেশের অ্যাথলেটরা তো প্রতিবার অলিম্পিকে যান শুধুই অংশ নিতে। পাওয়ার তেমন কিছুই থাকে না। তারপরও আপনি কী লক্ষ্য নিয়ে ব্রাজিল যাচ্ছেন?

মাহফিুজর: এটা সত্যি, আমরা অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন দেখার সাহস পাই না। আমি শুধু ৫০ মিটার ফ্রি স্টাইলে ক্যারিয়ার-সেরা টাইমিংটা (২৪.০২ সেকেন্ড) টপকাতে চাই। গোপালগঞ্জে জাতীয় রেকর্ড গড়ে এই টাইমিং করেছিলাম গত বছর। আশা করি, এবার এর চেয়ে ভালো টাইমিং করতে পারব।

l দুটি অলিম্পিকে যাওয়ার অভিজ্ঞতা ক্যারিয়ারে কতটা কাজে লাগবে?

মাহফিজুর: অলিম্পিকে অংশ নেওয়ার অভিজ্ঞতা যেকোনো অ্যাথলেটের জন্যই বড় কিছু। কিন্তু আমরা দুর্ভাগা। সারা বছর একটা আন্তর্জাতিক ও একটা জাতীয় প্রতিযোগিতা ছাড়া কোনো গেমসে অংশ নেওয়ার সুযোগ পাই না। যে কারণে অলিম্পিকের অভিজ্ঞতা কাজে লাগাতে পারি না। আমরা চাই বেশি প্রতিযোগিতা, সেটা দেশে-বিদেশে যেখানেই হোক না কেন। প্রতিযোগিতা না থাকলে উচ্চতর অনুশীলনও একঘেয়ে লাগে।

l গত ফেব্রুয়ারিতে এসএ গেমসে ৭টি ব্রোঞ্জ জিতেছিলেন। অর্জনটা কতটুকু অনুপ্রেরণা দেবে অলিম্পিকে?

মাহফিজুর: এখানে যে প্রশিক্ষণটা পেলাম, আগে তা পেলে এসএ গেমসে হয়তো ৭টা সোনাও জিততে পারতাম। কিন্তু পুরোনো কথাই বলতে হচ্ছে, আমরা বেশি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাই না। অষ্টম শ্রেণিতে পড়ার সময় সিনিয়রদের সঙ্গে সাঁতরে সোনা জিতেছিলাম জাতীয় সাঁতারে। এরপর বয়সে জুনিয়র হলেও আমাকে আর জুনিয়রে অংশ নিতে দেওয়া হয়নি। তখন থেকেই আমার একটা প্রতিযোগিতা কমে গেল। এভাবে প্রতিযোগিতার সংখ্যা শুধু কমছেই।