‘ওয়াকারের উত্তরসূরি পাওয়া কঠিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যা-সংকুল পাকিস্তান ক্রিকেটে এ মুহূর্তে ওয়াকার ইউনুসের উত্তরসূরি খুঁজে বের করা কঠিন বলেই মনে করেন রমিজ রাজা। সাবেক এ অধিনায়কের মতে, অসংখ্য সমস্যা, কেলেঙ্কারি ইত্যাদির মধ্যেও ওয়াকার যেভাবে পাকিস্তান ক্রিকেটের নতুন দিনের সূচনাটা এনে দিয়েছেন, তাতে দলকে তাঁর কাছে কৃতজ্ঞ হতেই হবে। ওয়াকার চলমান জিম্বাবুয়ে সফরের পরপরই স্বাস্থ্যগত কারণে বিদায় নিচ্ছেন পাকিস্তান ক্রিকেট দলের কোচের পদ থেকে।ওয়াকার ইউনুসের একজন উত্তরসূরি খুঁজে বের করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড সাবেক ম্যানেজার ইন্তিখাব আলমের নেতৃত্বাধীন একটি ‘সার্চ কমিটি’ গঠন করেছে। রমিজ রাজা এই কমিটির একজন সদস্য। অপর দুজন সদস্য হলেন—জহির আব্বাস ও নওশাদ আহমেদ।রমিজ রাজা বলেন, পাকিস্তান দলের সাজঘরে ওয়াকার অভিভাবকের মতোই ছিলেন। তাঁর গৌরবোজ্জ্বল ক্রিকেট ক্যারিয়ারই খেলোয়াড়দের মধ্যে তাঁর প্রতি এ সম্মানটি এনে দিয়েছিল। অসংখ্য সমস্যার মধ্যেও ওয়াকার দলের পুনর্গঠনে কাজ করে যাচ্ছিলেন। তিনি দলকে তাঁর ব্যক্তিত্ব দিয়েই একসূত্রে গেঁথেছিলেন।রমিজ রাজার মতে, এ মুহূর্তে ওয়াকারের একজন যোগ্য উত্তরসূরি খুঁজে বের করা খুব একটা সোজা ব্যাপার হবে না। তিনি স্বীকার করেন, এ মুহূর্তে ইন্তিখাবের ‘সার্চ কমিটি’তেও ওয়াকারের উত্তরসূরি একজন পাকিস্তানি হবেন, নাকি একজন ভিনদেশি হবেন—এ নিয়ে রয়েছে দ্বিমত।রমিজ বলেন, ‘এ নিয়ে দ্বিমত থাকাটাই স্বাভাবিক। বিদেশি কোচ বলুন আর দেশি—দুটিতেই সুবিধাও রয়েছে, আবার অসুবিধাও রয়েছে।’ কমিটি সবকিছু বিবেচনা করেই যোগ্য কোচ নির্বাচিত করবে বলে তিনি মনে করেন। ইএসপিএন।