'ওয়ানডেতেও চাই উন্নতির ধারা'

বাংলাদেশে খেলতে আসা সব দলের মুখেই শোনা যায় কথাটা। ঘরের মাঠে এই দল হারিয়ে দিতে পারে পারে যে কাউকে। এটা যে কথার কথা নয়, তার প্রমাণ গত দুটি হোম সিরিজ। গত অক্টোবরে নিউজিল্যান্ডকে ‘বাংলাওয়াশ’ করে ছেড়েছে মুশফিকুর রহিমের দল। তার আগে ২০১২-এর নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-২-এ সিরিজ জয়ও সাক্ষী দিচ্ছে, নিজেদের মাঠে অন্তত ওয়ানডেতে বাংলাদেশ বাঘ হয়ে উঠতে পারে।
আজ থেকে আরেকটি ওয়ানডে সিরিজ শুরুর আগে এই মন্ত্রটাই বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় উজ্জীবনী শক্তি। সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে কাল অধিনায়ক মুশফিকুর রহিমও বললেন, ‘গত এক-দেড় বছর হোম কন্ডিশনে আমরা খুবই ভালো খেলছি। আমার মনে হয়, হোম কন্ডিশনে আমাদের যে ঐতিহ্য আছে, যে লাইনআপ আছে, তা যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে।’
সেই যেকোনো দলের তালিকায় শ্রীলঙ্কা আছে ভালোভাবেই। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের ওয়ানডে জয় এখন পর্যন্ত চারটা, যার তিনটিই দেশের মাটিতে। তাই বলে এমন নয় যে অ্যাঞ্জেলো ম্যাথুসের দলকে সহজ প্রতিপক্ষ হিসেবে নিচ্ছেন মুশফিকেরা। বাংলাদেশ অধিনায়ক তাদের কাছে শক্ত প্রতিদ্বন্দ্বিতাই আশা করছেন এবং সেই প্রতিদ্বন্দ্বিতায় দেখছেন জয়ও, ‘আমার মনে হয় কঠিন প্রতিদ্বন্দ্বিতা করে জেতার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আশা করছি, তিন ম্যাচেই খুবই ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে।’
বাংলাদেশ আসলেই ভালো দল হয়ে উঠছে কি না, সেটার একটা বড় পরীক্ষা হয়ে যাবে এ বছর। শ্রীলঙ্কা সিরিজের পর এশিয়া কাপ, এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরও আছে। মুশফিক নিজেও মনে করেন, টানা ক্রিকেটে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হবে দলটার জন্য, ‘এ বছর যদি ধারাবাহিক ক্রিকেট খেলতে পারি, তাহলেই বোঝা যাবে আমাদের শক্তিটা কোন জায়গায়। এ বছর আমাদের অনেক কঠিন ক্রিকেট আছে। শক্ত কিছু প্রতিপক্ষের সঙ্গেও খেলতে হবে।’ মুশফিক তাতে আশাবাদী, কারণ উন্নতির গ্রাফটা এর মধ্যেই স্পষ্ট হতে শুরু করেছে তাঁর চোখে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাজেভাবে হারলেও পরের টেস্টে ড্র, দুটি টি-টোয়েন্টি ম্যাচেই শেষ বল অবধি লড়াই করার পর উন্নতির ধারাটা ধরে রাখতে চাচ্ছেন ওয়ানডে সিরিজেও।

বাংলাদেশ দলের জন্য সুখবর, উন্নতির ধারা ধরে রাখার চ্যালেঞ্জে অধিনায়ক মুশফিককে সঙ্গেই পাচ্ছে তারা। আঙুলের চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি। সে জন্য আফসোস থাকলেও ওয়ানডেতে সামনে থেকে নেতৃত্ব দেবেন মুশফিক। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হয়তো উইকেটকিপিং করবেন না। কাল নিজেই জানালেন, ‘ব্যাটিংয়ে ব্যথা হচ্ছে না। তবে কড়ে আঙুলে একটু ব্যথা থাকায় কিপিংটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আমি বা টিম ম্যানেজমেন্টও চায় না ওইভাবে ঝুঁকি নিতে। যদি আবার ওখানে লেগে যায় তখন হয়তো বা অনেক দিনের জন্য বাইরে চলে যেতে হবে।’
কিছুটা ঝুঁকি থাকবে মুশফিকের ব্যাটিংয়েও। সেই ঝুঁকি শেষ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটালে আসন্ন এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনিশ্চিত হয়ে পড়তে পারেন তিনি। এসব শঙ্কা থাকার পরও একজন খেলোয়াড় হিসেবে ওটুকু ঝুঁকি নেওয়া যায় বলেই মনে করছেন মুশফিক। এমন মনে হওয়ার একটা বড় কারণ, বাংলাদেশ দলকে এখন আর কারও একার ওপর নির্ভরশীল মনে করেন না তিনি, ‘আমি এমন কোনো খেলোয়াড় নই যে আমাকে ছাড়া একটা দল বিশ্বকাপ জিততে পারবে না। আমার মনে হয় বাংলাদেশ দল এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে, কোনো একজন খেলোয়াড়কে ছাড়াও তারা ম্যাচ জিততে পারবে।’
উইকেটকিপিং না করে শুধু ব্যাটসম্যান হিসেবে খেললে মুশফিক অনেকটাই নির্ভার থাকবেন মাঠে। সেটা তিনি মানেনও, তার পরও তাঁর কাছে বড় হয়ে উঠছে কিপিং মিস করাটাই, ‘কিপিং অনেক উপভোগ করি। ওই একটাই জায়গা যেখান থেকে পুরো মাঠটাকে সহজে পরিচালনা করা যায়। ফিল্ডিং পজিশনগুলো খুব সহজে দেখা যায়। একজন ব্যাটসম্যানকেও কিপিং অনেক সাহায্য করে। পেছন থেকে দেখে উইকেট সম্পর্কে ধারণা হয়ে যায়। সেদিক থেকে বলব, ওইটা হয়তো মিসই করব।’
মুশফিকের কিপিং মিস করাটা হয়তো সাময়িক। আপাতত মুশফিককে মিস করবে না বাংলাদেশ দল, সেটাই বড় কথা।