‘ওয়াসিম আকরামের মতো হতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে অভিষেক ইনিংসেই ৪ উইকেট। ওয়ানডে অভিষেকে ৫। জিম্বাবুইয়ান ক্রিকেটে ধূমকেতুর মতো আবির্ভূত ব্রায়ান ভিটরি মাঠের বাইরেও খুব সপ্রতিভ। চিন্তাভাবনাও পরিণত। সেটির প্রমাণ রইল উৎপল শুভ্রর নেওয়া এই সাক্ষাৎকারে এই কদিন আগেও আপনাকে কেউ চিনত না। হঠাৎই বিখ্যাত হয়ে যাওয়াটা কেমন লাগছে? ব্রায়ান ভিটরি: কী বলব, খুব ভালো লাগছে! ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট পাব, এটা আমি চিন্তাও করিনি। তবে এখন আমার কাজটা আরও কঠিন। সবাই এখন আমার কাছে ভালো কিছু আশা করবে। ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট নিয়ে ফেলার পর তো উত্তেজনায় রাতে ঘুম হওয়ার কথা নয়...ভিটরি: (হাসি) না, কাল রাতে ভালোই ঘুমিয়েছি। অন্যদিনের চেয়ে বরং আগেই ঘুমিয়েছি। মাঠে টিমমেটদের সঙ্গে একটু মজাটজা করেছি। হোটেলে ফিরেই বিছানায়। আর টেস্ট অভিষেকের আগের রাতে?ভিটরি: ওহ্, ওই রাতটা যা গেছে! এর আগে আমি শুধু চার দিনের ম্যাচ খেলেছি। পাঁচ দিন মাঠে টিকতে পারব কি না, টেস্টের জন্য আমি ফিট কি না, মাথায় শুধু প্রশ্ন কিলবিল করেছে। আসলে এত তাড়াতাড়ি টেস্ট খেলে ফেলব, এটা তো কল্পনাও করিনি। বোধ হয় রাত দুইটার দিকে একটু ঘুমিয়েছি, পাঁচটায় ঘুম ভেঙে গেছে। ভাগ্য ভালো, আমরা প্রথমে ব্যাটিং করেছি (হাসি)। টেস্ট ক্রিকেটে প্রথম বল করার আগে কি নিজের হূৎস্পন্দন নিজেই শুনতে পাচ্ছিলেন?ভিটরি: বুক ঢিব ঢিব করছিল, পা কাঁপছিল। শুধু পা কেন, সারা শরীরই কাঁপছিল। নিজেই নিজেকে বলছিলাম, এটা তো আমি আগেও করেছি, শুধু অন্য ম্যাচ এই তো! সহজ করে ভাবো—লাইন-লেংথ ঠিক রেখে বল করো। প্রথম বলটা যা করতে চেয়েছিলেন, তাই কি হয়েছে?ভিটরি: আমি আমার স্টক বলটাই করতে চেয়েছিলাম। আমার ইনসুইঙ্গার, বাঁহাতি ব্যাটসম্যানের কাছ থেকে যা বেরিয়ে যাবে। সেটাই করতে পেরেছি। তবে লাইনটা একটু বাইরে ছিল। তামিম তো কাট করার জন্য চালিয়েও ছিল। আপনার রূপকথার মতো উত্থানের গল্প বিভিন্নজনের কাছ থেকে শুনেছি। আপনার মুখে শুনতে চাই...ভিটরি: গত মৌসুমেও আমি আমাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাউদার্ন রকসের ‘বি’ টিমে ছিলাম। আমাকে দেখে অনেক কোচ, অনেক খেলোয়াড় একটা কথাই শুধু বলেছে—ছেলেটা খুব প্রতিভাবান। আবার খুব অলসও। আসলে আমি তখন অনেক মোটা ছিলাম। সবাই একই কথা বলছে শুনে মনে হলো, দেখি একটু চেষ্টা করে, ওরা যা বলছে তা ঠিক কিনা। গত এক বছর আমি অসম্ভব পরিশ্রম করেছি। ১২ কেজি ওজন কমিয়েছি।  সেদিন বলছিলেন, ওয়াসিম আকরাম আর মোহাম্মদ আমির আপনার প্রিয় বোলার, ওঁদের মতো হতে চান...ভিটরি: ওয়াসিম আকরামকে দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম। লোকটা বল নিয়ে যা ইচ্ছা করতে পারত। জানি খুব কঠিন, তবে আমি ওয়াসিম আকরামের মতো বোলার হতে চাই। আকরামের পর আমার পছন্দের বোলার ছিল আমির। ওয়াসিম আকরামের সঙ্গে দেখা হয়েছে কখনো?ভিটরি: না, তবে আমিরের সঙ্গে হয়েছে। ও পাকিস্তান একাডেমির হয়ে খেলতে এসেছিল। আমি তখন জিম্বাবুয়ে স্কোয়াডের সঙ্গে ছিলাম নেট বোলার হিসেবে। আমিরের হাঁটুতে কী একটা সমস্যা ছিল, ও বেশির ভাগ সময় নেটেই থাকত। সেখানেই ওর সঙ্গে কথা হয়েছে। এখান থেকে যাওয়ার পরই ওর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো। আমি তো অবাক, দুই সপ্তাহ আগে যে ছেলেটাকে দেখলাম, ও আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলছে! দেখতে ছোটখাটো, লিকলিকে—ও যে ১৪৫ কিলোমিটারে বল করতে পারে দেখে মনেই হয়নি। এটা দেখে আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম। ও যদি পারে, তাহলে হয়তো আমিও পারব। এবার তামিম ইকবাল প্রসঙ্গে আসি। তামিমের ‘অর্ডিনারি’ মন্তব্যটা কি আপনাকে তাতিয়ে দিয়েছিল?ভিটরি: আমার এক বন্ধু আমাকে ফোন করে বলে, নেটে দেখলাম তামিম ছোকরাটা তোকে ‘অর্ডিনারি’ বলেছে। বিশ্বাস করুন, কথাটা শুনে আমি একটুও রাগ করিনি। কারণ তামিম এ কথা বলতেই পারে। হি ইজ আ ব্রিলিয়ান্ট প্লেয়ার। আমি ইংল্যান্ডে ওর দুটি সেঞ্চুরি দেখেছি। দুর্দান্ত! ও অনেক জোরে মারতে পারে। ওর মন্তব্য শুনে আমি কোনো চাপও অনুভব করিনি। এমনও নয় যে, এ কারণে ওয়ানডেতে তামিমের উইকেটটা বেশি করে নিতে চেয়েছি। টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তো উইকেটে তামিমের সঙ্গে কথাবিনিময়ও হলো দেখলাম। সেটি বলা যাবে?ভিটরি: (হাসি) ও তো প্রচুর কথা বলে। আমাকে চার মারার পর আমি বলেছিলাম, ‘তুই তো টি-টোয়েন্টির মতো ব্যাটিং করছিস!’ ও আমাকে বলল, ‘স্কোর কার্ডটা একবার দেখ, তুই কীভাবে রান দিচ্ছিস! তুই বলছিস, আমি টেস্টে টি-টোয়েন্টি খেলছি আর তুই তো টেস্টে টি-টোয়েন্টির মতো মার খাচ্ছিস। যা তোর জায়গায় ফিরে গিয়ে বল কর।’ এত কথা বলল?ভিটরি: একবারেই সব বলেছিল কি না, ঠিক মনে নেই। তবে এমনই বলেছিল। আমি অবশ্য এটি উপভোগই করেছি। কদিন আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ডেভিড ওয়ার্নারকে বল করেছি তো! ওয়ার্নার তো আপনি কিছু বলুন না-বলুন, প্রতি বলের পরই কিছু না-কিছু বলবেই। আমি মনে করি, এটা দোষের কিছু নয়। খেলার মধ্যে এমন একটু-আধটু হলে মজাই হয়। তার মানে, তামিমের ওপর আপনার কোনো রাগ নেই?ভিটরি: আরে না, একটুও না। তামিম খুব ভালো খেলোয়াড়। দ্বিতীয় ইনিংসে ওই ৪৩ রানের মধ্যেও এমন কিছু শট খেলেছে, যা ওর জাতটা বুঝিয়ে দিয়েছে। আমি তো ওর ব্যাটিং দেখতে সব সময়ই পছন্দ করে এসেছি। ও শট খেলতে খুব পছন্দ করে, অনেকটা শেবাগ টাইপের ব্যাটসম্যান। আর আমি বুঝি, ও সব কথাবার্তা ব্যক্তিগত কিছু নয়। দলকে জেতানোর জন্য অনেকেই অনেক কথা বলে।