'ওয়েটারের' সেবায় বিধ্বস্ত ব্রাজিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির তৃতীয় গোলটি করার পর টনি ক্রুস। ব্রাজিলের বিপক্ষে ম্যাচসেরাও তিনি l এএফপি
জার্মানির তৃতীয় গোলটি করার পর টনি ক্রুস। ব্রাজিলের বিপক্ষে ম্যাচসেরাও তিনি l এএফপি

সতীর্থরা তাঁকে স্রেফ ‘টনি’ বলেই ডাকতেন। এবার ব্রাজিলে এসে নাম পেয়ে গেলেন ‘গারকন’, মানে ওয়েটার!
না, ব্রাজিলে এসে হোটেলে কাজ নেননি। তবে ‘সার্ভ’ করার কাজটা করে গেছেন নিপুণভাবে। ফুটবল মাঠে বল ‘ডেলিভারি’ দেওয়ায় তাঁর জুড়ি নেই। প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে জার্মানির ৪-০ গোলের জয়ে ৭৯টি পাস দিয়েছিলেন, ৭৬টিই ছিল নিখুঁত। এই পারফরম্যান্সের পরই ব্রাজিলিয়ানরা তাঁর নাম দিয়ে দেয় গারকন। নামটা পেয়ে তখন হেসেছিলেন টনি ক্রুস, ‘ফুটবল মাঠে পাস দেওয়ার কারণে গারকন বললে সমস্যা নেই। তবে সন্ধ্যায় হোটেলে যখন নিজের মতো থাকি, তখন অন্য কেউ সার্ভ করলেই আমার ভালো লাগে।’
প্রথম ম্যাচের পর টুর্নামেন্ট যত এগিয়েছে, নতুন পাওয়া নামের সার্থকতা আরও বেশি করে প্রমাণ করেছেন ক্রুস। পরশু তো শুধু সতীর্থদের সার্ভ করেই কাজ সারলেন না, নিজের জন্যও কিছু রাখলেন। তাতেই জার্মানির কাছে বিধ্বস্ত ব্রাজিল। দুটি গোল করে, দুটি বানিয়ে দিয়ে ম্যাচসেরা ক্রুস। পাগলাটে, ভুতুড়ে এক ম্যাচের নায়ক তিনিই।
পরশুর আগেই তিনি ছিলেন টুর্নামেন্টে জার্মানির সেরা ফুটবলার। মুলার-ক্লোসা-শুরলেরা জ্বলে উঠেছেন, কিন্তু সেই জ্বালানির জোগান তো দিয়েছেন ক্রুস। মাঝমাঠে ক্লান্তিহীন ছুটোছুটি, নিখুঁত সব পাস। প্রয়োজনে রক্ষণে বোয়াটেং-হুভেডেসদের সঙ্গী হওয়া। খামতি ছিল শুধু একটা গোল। পরশু ক্রুস গোল করলেন দুটি, সেটাও রেকর্ড গড়ে। ৬৯ সেকেন্ডের মধ্যে দুই গোল করে বিশ্বকাপে দ্রুততম জোড়া গোল। এমন নয় যে গোল না পেলে তাঁকে সফল বলা যেত না, তবে খানিকটা অপূর্ণতা থেকে যেত তো বটেই। বিশ্বমঞ্চে নিজেকে চেনানোর টুর্নামেন্টে সেটুকু ঘাটতি কেন থাকবে!
প্রথম বিশ্বকাপ গোল পাওয়ার ম্যাচ আরও স্মরণীয় হয়ে থাকবে দলের ভূমিধস জয়ে। ক্রুস নিজেও বিশ্বাস করতে পারছেন না, ‘ম্যাচের আগে কেউ ৭-১ বললে আমি তাকে বলতাম পাগল। প্রথম গোলটির পর গোল হতেই থাকল...। প্রথম মিনিট থেকেই আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছি। যখন দেখলাম ব্রাজিলের রক্ষণভাগ বেশ ইতস্তত, আমরা সেটা কাজে লাগিয়েছি। আমার খেলা দলের সেরা পারফরম্যান্স।’
গোল তো পেলেন, নিজের আসল কাজ যেটি, সেটিতেও উঠে গেছেন শীর্ষে। চারটি গোলে সহায়তা করে কলম্বিয়ার হুয়ান কুয়াদ্রাদোর সঙ্গে এখন সবচেয়ে বেশি গোলে সহায়তাও ক্রুসের। সব পাওয়ার টুর্নামেন্টে এখন স্রেফ বাকি একটিই। মূল লক্ষ্য বলুন বা সবচেয়ে বড় পাওয়া, ক্রুস তাকিয়ে সেদিকেই, ‘ফাইনালে উঠে আমরা খুশি। একটি ম্যাচ এখনো বাকি। সেমিফাইনাল জিতেই কেউ চ্যাম্পিয়ন হয় না, আমরা এখানে এসেছি চ্যাম্পিয়ন হতে।’ তথ্যসূত্র: এএফপি, ফিফাডটকম।