‘কখনো ভাবিনি প্রমাণের কিছু আছে’
ভারতের শ্রীলঙ্কা সফরের দলে নেই তিনি। ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে শচীন টেন্ডুলকার কথা বলেছেন তাঁর দলে না থাকা নিয়ে। বলেছেন ভারতের ভবিষ্যৎ নিয়ে, খেলাটির প্রতি নিজের ভালোবাসা নিয়েও শ্রীলঙ্কা সফরের দলে আপনি নেই। সামনে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি বড় সিরিজ। কাজের চাপ কমাতে কি নিজেই ঠিক করছেন কোন সিরিজে খেলবেন, আর কোন সিরিজে খেলবেন না?শচীন টেন্ডুলকার: না। আসলে আমি বিসিসিআইকে অনুরোধ করেছিলাম, যাতে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারি। এই একটি মাত্র কারণেই যাচ্ছি না। বাচ্চাদের সঙ্গে তো বেশি সময় কাটাতে পারি না। এখন তাদের স্কুল বন্ধ। বাকি সূচির দিকে তাকিয়ে দেখলাম, সময় বের করা কঠিন। আমার সঙ্গে সময় কাটাতে হলে তাদের স্কুল ফাঁকি দিতে হবে। এই ছুটির পরের ১০ মাস তারা আমার সঙ্গ বেশি পাবে না। তাই আমি ছুটির আবেদন করেছি। বিশ্বকাপের পর বলেছিলেন ব্যাটিং নিয়ে আপনার আর কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। কারও কাছেই কি আপনার কোনো কিছু প্রমাণ করার নেই?টেন্ডুলকার: আমি কখনোই কাউকে কিছু প্রমাণ করে দেখাতে চাইনি। কখনোই ভাবিনি কারও কাছে আমার কিছু প্রমাণের আছে। তবে হ্যাঁ, একটা বড় লক্ষ্য ছিল, বিশ্বকাপটা জেতা। এর বাইরে একমাত্র লক্ষ্য ক্রিকেটটাকে উপভোগ করা। আমি ক্রিকেট খেলেই বড় হয়েছি। পেশাদার দৃষ্টিকোণ দিয়ে দেখলে বলতে হয়, জীবনে অন্য কিছুই করিনি। ক্রিকেটই আমার জীবন, আমার ভালোবাসা। এটা চালিয়ে যেতে চাই। অর্জনের ঘরটা তো পুরোই ভরে গেছে। বিশ্বকাপ জিতলেন, দেশের বাইরে ভারত সিরিজ জিতছে। আপনার জন্য তো সময়টা শুধুই উপভোগের...টেন্ডুলকার: হ্যাঁ। বিভিন্ন দেশে খেলাটা আমি উপভোগ করেছি। তবে ম্যাচ জিতলে উপভোগটা আরও বেশি মধুর হয়। দেশের জন্য খেলা খুব গর্বের বিষয়। ভারতের হয়ে ২৩ বছর খেলার সৌভাগ্য আমার হয়েছে। জীবনে উত্থান-পতন থাকবেই। এটা মানুষ হিসেবে আপনাকে আরও পরিণত করে তোলে। অনেক বছরই আপনার ভালো কেটেছে, যেমন ১৯৯৮। কখনো কি মনে হয়, ‘আবার যদি ওই সময়টা ফিরে পেতাম’। নিজের সঙ্গে কি নিজের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই?টেন্ডুলকার: হ্যাঁ, প্রতি মৌসুমের শুরুতেই একটা অনুভূতি হয়। মৌসুমটা আমি কীভাবে কাটাব? দলকে কী দেব? এ বছরও ব্যতিক্রম হয়নি। সব সময়ই আমি ব্যাট হাতে বিশেষ কিছু করতে চাই, যাতে কয়েক বছর পর বলতে পারি, ‘হ্যাঁ, ওই মৌসুমটা দারুণ কেটেছিল।’ এত বছর ধরে খেললে চোট, ফর্ম হারিয়ে ফেলা, প্রেরণার অভাব, ক্লান্তি—এগুলোর মুখোমুখি হতেই হয়। নিজের সেরাটা ধরে রাখার জন্য কী করা উচিত বলে আপনি মনে করেন?টেন্ডুলকার: আমার ক্ষেত্রে কখনোই প্রেরণার অভাব হয়নি। ক্রিকেটারদের দৃষ্টিভঙ্গি থেকে বললে বলতে হয়, আপনাকে খেলাটাকে পাগলের মতো ভালোবাসতে হবে। যখন ক্রিকেট আপনার হূদয় থেকে উৎসারিত হবে, তখনই আপনি ভালো খেলতে শুরু করবেন। আপনার মস্তিষ্ক কাজ করতে শুরু করবে। বুঝতে শুরু করবেন, কীভাবে রান করতে হয়, কী করে উইকেট পেতে হয়। ক্রিকেট যদি আপনার মনে স্থান না পায়, ফলটা তখন ভালো হয় না। আপনার সমসাময়িকেরা প্রায় সবাই অবসর নিয়ে ফেলেছেন। এখন তো আপনাকে তরুণদের সঙ্গে খেলতে হচ্ছে। তাঁদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা কতটা গুরুত্বপূর্ণ?টেন্ডুলকার: একে অপরকে জানতে হবে। কে কোন পরিস্থিতিতে কেমন প্রতিক্রিয়া দেখায়, সেটাও বুঝতে হবে। ব্যাটিংয়ের সময় একে অপরকে সাহায্য করতে হবে। জুটি গড়ে তুলতে হলে আপনাকেই পথ দেখাতে হবে, পরস্পরের যোগাযোগটা বাড়াতে হবে। আমিও এভাবেই এখনকার তরুণদের সঙ্গে খেলছি। রাহুল ও সৌরভ যখন এল, ভারতীয় দলে আমার ছয় বছর হয়ে গেছে। সব প্রজন্মকেই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হয়। আমি এদের সবার সঙ্গে খেলেছি, বোঝাপড়াটা ওখানেই হয়েছে। সারা জীবন বিতর্ক এড়িয়ে চলেছেন। সাংসদ হিসেবে তো আপনাকে রাজনৈতিক বা অন্য কোনো বিতর্কে কোনো পক্ষে অবস্থান নিতে হতে পারে...টেন্ডুলকার: এটা আমার জন্য একেবারেই নতুন। তবে মনে হয় না রাতারাতি আমাকে অনেক কিছুর সঙ্গে সম্পৃক্ত হতে হবে। ক্রিকেটেই আমার মনোযোগ থাকবে, এতে কোনো ভুল নেই। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ভারত সফরে আসছে। ঘরের মাঠে ভালো খেলে আবারও টেস্টের এক নম্বর দেশ হওয়ার ভালো সুযোগ এটা ভারতের জন্য। আবারও এক নম্বর হওয়াটা আপনার কাছে কতখানি গুরুত্বপূর্ণ?টেন্ডুলকার: এখনই এক নম্বর হওয়ার চিন্তা করা একটু তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, সবাই এক নম্বর হতে চায়। আর এটা হওয়ার জন্য কিছু পদক্ষেপ নিতে হয়। প্রক্রিয়াটা ভুললে চলবে না। প্রথমে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলব। মনোযোগটা ওই সিরিজেই দিতে হবে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের কথা আসবে এরপর। আমরা এক লাফে মার্চ মাসে চলে যেতে পারি না। এতে আপনি মনোযোগ হারাবেন।