‘কখনোই নেতৃত্ব পাবে না আফ্রিদি’
‘শর্ত সাপেক্ষে’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো শহীদ আফ্রিদি আবারও জাতীয় দলে ফিরতে পারেন। তবে ভবিষ্যতে কখনোই পাকিস্তানের নেতৃত্ব পাবেন না সাবেক এই অধিনায়ক। এ ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট।‘আমি যতদূর জানি, আফ্রিদি আর কখনোই পাকিস্তানের নেতৃত্ব ফিরে পাবে না। একজন খেলোয়াড় হিসেবে দেশের জন্য অতীতে ও অনেক কিছুই করেছে। আফ্রিদি অনেক ভালো ক্রিকেটার। এ নিয়ে কোনো সন্দেহ নেই’—জিও সুপার টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন ইজাজ বাট।আফ্রিদিকে দলে ফিরিয়ে আনার জন্য রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে জানিয়ে বাট বলেন, ‘সিন্ধু প্রদেশের গভর্নরের সঙ্গে এক ঘণ্টা বৈঠক হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আমাকে ফোন করেছেন। এ ছাড়া আরও ১৫ থেকে ২০ জন রাজনীতিক আমার সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু আমি সবাইকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, আফ্রিদি দলে ফিরতে চাইলে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যত চাপই আসুক, এ প্রক্রিয়া অনুসরণ করা না হলে তাঁকে কোনোভাবেই দলে ফিরিয়ে আনা সম্ভব নয়।’বোর্ডের ওপর ক্ষোভ প্রকাশ করে গত মে মাসে ‘শর্ত সাপেক্ষে’ অবসর নেন আফ্রিদি। প্রতিক্রিয়ায় পিসিবি তাঁকে দেওয়া অনাপত্তিপত্র প্রত্যাহার করে নেয়। এ ঘটনায় আদালতে পিটিশন দায়ের করেন আফ্রিদি। তবে পিসিবির সঙ্গে সমঝোতায় পৌঁছার পর সেই পিটিশন প্রত্যাহার করে নেন আফ্রিদি। বিনিময়ে তিনি ফিরে পান অনাপত্তিপত্র। এখানেই শেষ নয়, অবসর ভেঙে পাকিস্তানের হয়ে খেলার আগ্রহও প্রকাশ করেন আফ্রিদি। ওয়েবসাইট।