‘কঠিন চ্যালেঞ্জই আশা করছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলের শেষ ম্যাচে বাংলাদেশকে লজ্জায় ডুবিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ পূর্ণাঙ্গ সিরিজে আবার ওয়েস্ট ইন্ডিজকে লজ্জা দিয়েছিল বাংলাদেশ। ওই সিরিজ আর বিশ্বকাপের ম্যাচের রেশ থাকবে এই সিরিজেও। কাল সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি বললেন, এই সিরিজটা হতে পারে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপে বাংলাদেশকে ৫৮ রানে অলআউট করার স্মৃতি এখনো তাজা। তবে এটা নতুন সিরিজ, আপনারাও নিশ্চয়ই নতুনভাবে ভাবছেন?ড্যারেন স্যামি: অবশ্যই, এ সিরিজের জন্য আমরা মুখিয়ে আছি। আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আশা করি, পারফরম্যান্সও ভালো হবে। এখানে আমরা একটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলব। আশা করি, নিজেদের পুরোপুরি মেলে ধরতে পারব।  ২০০৯ সালে বাংলাদেশের কাছে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছিলেন, এবার কী প্রত্যাশা?স্যামি: এমন নয় যে ওই স্মৃতি আমাদের তাড়িয়ে ফিরছে। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টে আমরা হেরেছিলাম। এটা অবশ্যই মাথায় থাকবে। আমাদের মাটিতে ওরা আমাদের হারিয়েছিল, সেটার পুনরাবৃত্তির সুযোগ এখন আমাদের সামনে। কিন্তু দেশের মাটিতে বাংলাদেশ অনেক ভালো খেলে। আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই আশা করছি। আমাদের জানা আছে, আমরা কীভাবে খেলতে চাই ও কী অর্জন করতে চাই, আমরা সেভাবেই খেলার চেষ্টা করব। এটা কি তবে প্রতিশোধের সিরিজ?স্যামি: (হাসি) না, না...প্রতিশোধের কিছু নেই। আমাদের দলটা তরুণ, কিছু অভিজ্ঞ ক্রিকেটারও আছে। আমাদের লক্ষ্য সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা। আশা করি, শেষ পর্যন্ত আমরা জয়ী দলেই থাকব। আপনার কি মনে হয় বিশ্বকাপের ‘৫৮’ এই সিরিজেও বাংলাদেশকে তাড়িয়ে বেড়াবে?স্যামি: বলা মুশকিল। আমি শুধু বলতে পারি, বিশ্বকাপে আমরা ওদের চেয়ে ভালো খেলেছি। ওই পারফরম্যান্সের পুনরাবৃত্তির চেষ্টা করব। তবে সব সময়ই তো আর এক শর নিচে অলআউট করা যায় না। দেশের মাটিতে বাংলাদেশের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জই আশা করছি। হালকাভাবে দেখার কোনো কারণ নেই। এখানেই নিউজিল্যান্ডকে ওরা খুব সহজে হারিয়েছে। আগে আমরা কী করেছি সেসব নিয়ে ভাবার অবকাশ তাই দেখছি না। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করব। মানসিকভাবে তো অন্তত আপনারা এগিয়ে থাকবেন...স্যামি: হতে পারে। সব সময়ই বলা হয়, ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউর লাস্ট পারফরম্যান্স। হয়তো ওদের মাথায় ওই স্মৃতিটা থাকবে।  বাংলাদেশের স্পিনাররা কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে বলে মনে হয়?স্যামি: আগেই বলেছি, আমরা বাংলাদেশের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জ আশা করছি। ওদের দেশে খেলা, কন্ডিশন থেকে শুরু করে সবকিছুই ওদের চেনা। তবে আইসিসির বর্ষসেরা উদীয়মান দেবেন্দ্র বিশু আছে আমাদের দলে, আমরা ওর কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করি। এখানকার উইকেট স্পিনারদের সহায়তা করে। তবে বাংলাদেশের স্পিনারদের নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। আশা করি, সেসব কাজে লাগবে।  এই সিরিজে ডিআরএস নেই, এটাকে কীভাবে দেখছেন?স্যামি: ডিআরএস খেলাটায় খুব ভালো একটা সংযুক্তি। ভুল কমানোর জন্য যা কিছুই করা হোক না কেন, আমরা স্বাগত জানাব। দুর্ভাগ্যজনক, এই সিরিজে ডিআরএস থাকছে না। তবে জীবন তো এ রকমই। সব সময় সবকিছু পাওয়া যায় না।  ভারত ও পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলারদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। রামপল-রোচ-এডওয়ার্ডসরা কি এই কন্ডিশনে অতটা কার্যকর হতে পারবেন?স্যামি: আমার তো মনে হয়, অবশ্যই পারবে। ফাস্ট বোলার মানে, সে যেকোনো উইকেটেই দ্রুতগতিতে বোলিং করতে পারবে। ওটিস গিবসন কোচ হওয়ার পর গত এক বছরে আমাদের বোলিং আক্রমণ অনেক উন্নত হয়েছে। আমাদের ফাস্ট বোলাররা ভালো করছে, বিশুও ভালো করছে। বোলিং আক্রমণের মিশ্রণটা তাই ভালো। আশা করি, টেস্টে আমরা বাংলাদেশকে দুবার অলআউট করতে পারব।  তাহলে পেস, না স্পিন—বেশি গুরুত্বপূর্ণ হবে কোনটি?স্যামি: আমাদের লাইনআপে তিনজন জেনুইন ফাস্ট বোলার আছে। পেস আক্রমণটাই হবে মূল। তবে দলে ঢোকার পর থেকেই বিশু দুর্দান্ত বোলিং করছে। আমাদের বোলিং আক্রমণ তাই বেশ ব্যালান্সড। বাংলাদেশের নতুন অধিনায়ক মুশফিকুর রহিমকে কেমন মনে হয়?স্যামি: আমার তো মনে হয়, ও খুবই ধীরস্থির। ওর বিপক্ষে আমি খেলেছি। শক্ত প্রতিপক্ষ, একটু ছাড় দিতে চায় না। উইকেটের পেছনে দাঁড়িয়ে পুরো মাঠটাকে দেখা যায়, সবকিছু সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। আমার ধারণা, ও ভালোই করবে।  ওয়ানডেতে এখন থেকে দুই প্রান্তে দুই বলে বোলিং হবে। এটাকে কীভাবে দেখছেন?স্যামি: আগে দেখা যেত বল ৩০ ওভার পুরোনো হলেই রিভার্স সুইং করা যেত। এখন একটা বলে সর্বোচ্চ ২৫ ওভার খেলা হবে। আগের মতো রিভার্স সুইং নিশ্চিতভাবেই দেখা যাবে না। নতুন নিয়ম, দেখা যাক কেমন হয়...!