‘কঠিন সময় পার করছেন ক্যাসিয়াস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরির কারণে এ বছরের শুরু থেকেই মাঠের বাইরে আছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক ইকার ক্যাসিয়াস। কোচ হোসে মরিনহোর সঙ্গে সম্পর্কটাও ভালো যাচ্ছে না এ সময়ের অন্যতম সেরা এই গোলরক্ষকের। ক্যাসিয়াস যে সত্যিই খুব কঠিন সময় পার করছেন, তা স্বীকার করেছেন সতীর্থ সার্জিও র্যামোসও। খারাপ সময়ের মধ্যে সবার প্রতি ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। গত জানুয়ারিতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোপা ডেল রের ম্যাচে হাতে আঘাত পেয়েছিলেন ইকার ক্যাসিয়াস। সেই চোট কাটিয়ে এখনো মাঠে ফিরতে পারেননি স্পেনের ইউরো ও বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। তাঁর অনুপস্থিতিতে গোলবার আগলানোর জন্য সেভিয়ার গোলরক্ষক ডিয়েগো লোপেজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রিয়াল মাদ্রিদ। সম্প্রতি কোচ হোসে মরিনহো বলেছেন, আরও আগেই ক্যাসিয়াসের পরিবর্তে অন্য কাউকে না খেলানোর সিদ্ধান্তটাই তাঁর সবচেয়ে বড় আক্ষেপের বিষয়। এই বক্তব্যে বেশ তোলপাড় হয়েছে রিয়াল-শিবিরে। স্পেনের অধিনায়কের প্রতি আরও শ্রদ্ধা দেখানোর জন্য কোচের প্রতি আহ্বান জানিয়েছেন ডিফেন্ডার পেপে। তবে ইকার ক্যাসিয়াস যে সত্যিই কঠিন একটা সময় পার করছেন, তা স্বীকার করে নিয়েছেন সার্জিও র্যামোস। তিনি বলেছেন, ‘ক্যাসিয়াস কঠিন সময় পার করছেন। আমাদের সম্পর্ক-বন্ধুত্ব অনেক দিনের। অধিনায়ক ও কোচ, উভয়ের সঙ্গই আমাদের জন্য উপভোগ্য। আমাদের সবার লক্ষ্য একই। এ মুহূর্তে ঐক্যবদ্ধ থাকাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ গোল ডটকম