‘কঠিন হবে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে শ্রীলঙ্কায় গেছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ধোনি বাহিনী যেভাবে খেলেছে, তাতে মোটেই সন্তুষ্ট নন কপিল দেব। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ভারতকে অনেক কাঠখড় পোড়াতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের এই সাবেক অধিনায়ক।নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ টি-টোয়েন্টিতে জয়ের একদম দোড়গোড়ায় পৌঁছেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ভারতকে। ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ইনিংস শেষ হয়েছিল ১৬৬ রানে। আর বিশ্বকাপের মতো বড় আসরের আগে এমন পারফরম্যান্স মোটেই আশাব্যঞ্জক নয় বলে মনে করেন কপিল দেব। আজ এক সাক্ষাত্কারে ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক বলেছেন, ‘আমি মনেপ্রাণে চাই যেন ভারত এই বিশ্বকাপটা জেতে। কিন্তু আমার ক্রিকেটীয় মন বলছে অন্য কথা। আমার মনে হয়, ভারতের জন্য এই সাফল্য পাওয়া খুবই কঠিন হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে তারা যেভাবে খেলেছে, সেটা বিশ্বকাপের মতো একটা বড় আসর শুরুর হওয়ার আগে মোটেই ভালো লক্ষণ নয়। জয় পাওয়ার মতো অবস্থানে থেকেও তারা শেষ পর্যন্ত হেরে গেছে। এই ধরনের জয়ের সুযোগ হাতছাড়া কেউই করে না। আর এ রকম হারের কারণে দলের আত্মবিশ্বাসও কমে যায়।’শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে হলে ভারতকে শক্তিশালী ব্যাটিং অর্ডারের ওপরই ভরসা করতে হবে বলে মনে করেন কপিল দেব। তিনি বলেন, ‘ভারতের সবচেয়ে বড় শক্তি ব্যাটিং অর্ডার। প্রতিটি দলে এক-দুজন ম্যাচ জেতানো ব্যাটসম্যান থাকে। কিন্তু ভারতের এমন ব্যাটসম্যান আছে পাঁচ-ছয়জন, যারা যেকোনো সময় কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু এটা নিয়ে খুব বেশি আত্মতুষ্টিতে ভোগাও তাদের উচিত হবে না।’ পিটিআই