‘কঠিন হয়ে গেছে মেয়েদের টেনিস’
দীর্ঘদিন ধরেই উইম্বলডনের সবুজ কোর্টে রাজত্ব করে আসছেন ভেনাস উইলিয়ামস ও সেরেনা উইলিয়ামস। এখন পর্যন্ত টেনিসের সবচেয়ে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার নয়টি শিরোপা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন এ দুই বোন। শেষ ১১টি আসরের ১০টির ফাইনালেই দেখা গেছে উইলিয়ামস বোনদের একজনকে। ইনজুরির কবলে পড়ে দীর্ঘদিন কোর্টের বাইরে কাটানোর পর আবার এই উইম্বলডনের আসরেই দেখা যাবে তাঁদের। এবারও যদি মেয়েদের এককের শিরোপাটা এই উইলিয়ামস বোনদের একজনের হাতেই দেখা যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সেই কাজটা এখন আর অতটা সহজ নয় বলে মন্তব্য করেছেন সেরেনা উইলিয়ামস। ইদানীং মেয়েদের টেনিস অনেক কঠিন হয়ে গেছে বলে মত দিয়েছেন টানা দুবারের উইম্বলডন শিরোপা জয়ী।নানা রকমের শারীরিক জটিলতা অতিক্রম করে দীর্ঘ ১২ মাস পর আবার টেনিস কোর্টে ফিরেছেন সেরেনা। লম্বা সময়ের অনুপস্থিতিতে অনেক কিছুই বদলে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘মেয়েদের টেনিসে এখন প্রতিযোগিতাগুলো অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। অনেকেই খুব ভালো খেলছে। এটা খুবই ভালো ব্যাপার। কেউই আসলে কাউকে কোনো ছাড় দিতে চায় না। একটা ম্যাচ পয়েন্ট পাওয়া কোনো ঘটনা না। সবাইকে সব সময় খেলাটির দিকে মনোযোগী থাকতে হবে।’ ওয়েবসাইট।