‘কলকাতাতেই ইতিহাস গড়বেন শচীন’
শচীন টেন্ডুলকারের শততম শতকটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো ক্রিকেটবিশ্ব। এর মধ্যে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৫ হাজার রান পূর্ণ করেছেন লিটল মাস্টার। কিন্তু দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৬ রানে আউট হয়ে শততম শতকের বিস্ময়কর মাইলফলকটি এখনো স্পর্শ করতে পারেননি টেন্ডুলকার। তবে তাঁর এই কীর্তি দর্শনের জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না বলেই মত দিয়েছেন ভারতের অনেক সাবেক ক্রিকেটার। কলকাতার ইডেন গার্ডেনেই টেন্ডুলকার নতুন এই রেকর্ডটির জন্ম দিতে পারবেন বলে আশাবাদী বাংলার সাবেক টেস্ট ক্রিকেটাররা।কাল থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই টেন্ডুলকারের বহুপ্রতীক্ষিত শতকটি মনে-প্রাণে কামনা করছেন ভারতের সাবেক উইকেটরক্ষক দীপ দাশগুপ্ত। যেন কলকাতাবাসী এই ইতিহাসগড়া দিনটির প্রত্যক্ষ সাক্ষী হতে পারে। তিনি বলেছেন, ‘কেউ আমাকে স্বার্থপর বলতে পারে, কিন্তু আমি চাই, টেন্ডুলকার তাঁর শততম সেঞ্চুরিটা যেন এখানেই করেন। তাহলে আমরা গর্বভরে বলতে পারব, আমি সে সময় স্টেডিয়ামেই ছিলাম। টেন্ডুলকার খুবই ধারাবাহিক ব্যাটসম্যান। সে যেভাবে ১৫ হাজার রান পূর্ণ করেছে, নিশ্চিতভাবেই সে শততম শতকটিও করতে পারবে। এটা শুধুই সময়ের ব্যাপার। আর আমি খুবই চাই, সে যেন এটা কলকাতাতেই পায়।’ভারতের আরেক সাবেক ওপেনার দেবাং গান্ধীও মনে করেন যে ইডেন গার্ডেনের ব্যাটিং সহায়ক পিচেই টেন্ডুলকারের এই শতকটি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তিনি বলেছেন, ‘আমরা আগেও দেখেছি যে ইডেন গার্ডেনের উইকেট ব্যাটসম্যানদের অনেক সাহায্য করে। কাজেই আমরা এখানে অনেক রান আশা করতে পারি। আমাদের জন্য খুবই বড় সুযোগ আছে যে আমরা টেন্ডুলকারের এই ইতিহাসগড়া ইনিংসটির সাক্ষী হতে পারব।’ ইএসপিএন।