জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০০৮ সালের সেপ্টেম্বরে, ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তিন বছর পর আবারও দলে ডাক পেয়ে কিছুটা বিস্মিত ফরহাদ রেজা। তবে তিনি আত্মবিশ্বাসী, দিতে পারবেন নিজের সেরাটা তিন বছর পর জাতীয় দলে ফিরলেন। কেমন লাগছে?ফরহাদ রেজা: খুবই ভালো লাগছে। জাতীয় দলে ফেরার লক্ষ্য ছিল, ফিরতে পেরে ভালো তো লাগছেই। এত দিন নিশ্চয়ই এই স্বপ্নই দেখেছিলেন...আবার জাতীয় দলে ফিরবেন...ফরহাদ: যারাই ক্রিকেট খেলে, জাতীয় দলে খেলার আশা তাদের সবারই থাকে। আর আমি তো একবার খেলেছি! ফিরে আসার ইচ্ছা ছিল। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজেই সুযোগ পেয়ে যাবেন, সে রকম আশা কি ছিল?ফরহাদ: না, এটা আসলে ভাবিইনি। কারণ, আমি তো ‘এ’ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে ছিলাম। সেখানে ওই খেলা নিয়েই ব্যস্ত ছিলাম। যখন শুনলাম, আমাকে জাতীয় দলে ডাকা হয়েছে, খুবই ভালো লেগেছে। তবে আমি কল্পনাও করিনি, অন্তত এই সিরিজেই সুযোগ পাব। কখন, কীভাবে প্রথম শুনলেন পাকিস্তান সিরিজের দলে আপনি আছেন?ফরহাদ: ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে প্রথম ওয়ানডের খেলা চলছিল। খেলা শেষে নাসিরউদ্দিন ফারুক ভাই আমাকে প্রথমে বলেন, তোকে দেশে ফিরতে হবে। এরপর কোচও বলেন, আমি জাতীয় দলে ডাক পেয়েছি। ওখানে আসলে কেউই চিন্তা করেনি এ রকম হতে পারে। নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে দলে ডাক পাওয়ার পর?ফরহাদ: আমি তো ম্যাচ শেষ করেই ওয়েস্ট ইন্ডিজ থেকে রওনা দিই। সময় পাইনি। আর মোবাইল ফোনে সমস্যা হওয়ার কারণে এখানে এসে কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তবে আজ (গতকাল) সকালে ঢাকায় ফিরে বিসিবিতে গিয়েছিলাম। খেলোয়াড়দের সঙ্গে দেখা হয়েছে। সবাই অভিনন্দন জানিয়েছে আমাকে। দেশের ক্রিকেটে ফেরার পর আইসিএলে যাওয়া ক্রিকেটারদের অনেকেই জাতীয় দলে খেলেছেন বা আলোচনায় এসেছেন। কিন্তু আপনি যেন হারিয়েই গিয়েছিলেন। কেন?ফরহাদ: জানি না কেন। আমি তো জাতীয় লিগ, প্রিমিয়ার লিগ—সবই খেলেছি। নিজের সেরা চেষ্টা করেছি। আইসিএলের কারণে এই যে পিছিয়ে পড়া, এর জন্য আফসোস হয়েছে কখনো?ফরহাদ: আইসিএল ঘটনা আসলে ভুলে যেতে চাই। আবার ফিরে এসেছি, এটাই বড় কথা। এ জন্য অমি (জহুরুল ইসলাম) আমাকে অনেক সাহায্য করেছে। সব সময়ই বলেছে, চিন্তা করিস না। যেখানেই খেলবি, পারফর্ম করতে থাক। আবারও আপনি বাংলাদেশ দলে। নতুন শুরুটা কীভাবে করতে চান?ফরহাদ: সুযোগ পেলে ঘরোয়া ক্রিকেট বা ‘এ’ দলে যেভাবে খেলেছি সেভাবে খেলার চেষ্টা করব। আগের ভুলগুলো শোধরানোর চেষ্টা করব। আগে অনেক আন্তর্জাতিক ম্যাচ না বুঝেও খেলেছি। এখন অনেক জিনিসই বুঝি। চেষ্টা করব, নিজের সেরাটা দেওয়ার। জীবনের এই উত্থান-পতনে নিশ্চয়ই অনেক পরিণতও হয়েছেন আগের চেয়ে...ফরহাদ: আন্তর্জাতিক ক্রিকেটটাই অন্য রকম। এখানে ম্যাচ না খেললে পরিণত হওয়া যায় না। তবে হ্যাঁ, এই কয়েক বছরে শিখেছি অনেক কিছু। কোচরা অনেক পরামর্শ দিয়েছেন আমাকে। অনেক কিছু বুঝিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং-বোলিং দুটিতেই পারফর্ম করেছি। আপনি দলের বাইরে চলে যাওয়ার পর জাতীয় দল এখনো আর কোনো পেস বোলিং অলরাউন্ডার খুঁজে পায়নি। এবার জায়গা ধরে রাখার ব্যাপারে কতটা আশাবাদী?ফরহাদ: নিজের চেষ্টাতেই আবার জায়গাটা ফিরে পেয়ে ভালো লাগছে। চেষ্টা করব যতটা ভালো করা যায়। ক্রিকেটে পারফর্ম না করলে আমার জায়গায় যে কেউ আসতে পারে। আমার কাজই হলো পারফর্ম করা।