‘কসমোপলিটন’ ফুটবল খেলছে লোর দল
এবারের জার্মান বিশ্বকাপ দলটিকে ইতিহাসের অন্যতম সেরা এবং নিখুঁত দল হিসেবে অভিহিত করেছেন জার্মান ফুটবলের জীবন্ত কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে জোয়াকিম লোর ছেলেরা নাকি নব্বইয়ের বিশ্বকাপজয়ী জার্মান দলকেও ছাড়িয়ে গেছে। অনেকের মতে, ক্লোসা, পোডলস্কি, শোয়েনস্টাইগাররা চিরাচরিত জার্মান ফুটবলে একটা দারুণ পরিবর্তন এনেছেন। সেই পরিবর্তনটি হলো যান্ত্রিক স্টাইল থেকে নিজেদের বের করে নতুন এক ধারার জন্ম দেওয়া। সেই নতুন ধারার ফুটবলে যান্ত্রিকতাও রয়েছে, রয়েছে ধ্রুপদী ফুটবলের এক অনন্য মিশেলও।জোয়াকিম লো নিজেই বলেছেন, জার্মান ফুটবলের এই নতুন ধারাটি হলো ‘কসমোপলিটন স্টাইল’। কী আছে সেই কসমোপলিটন ফুটবলে? জোয়াকিম লো জানিয়েছেন, ‘কসমোপলিটন স্টাইলে কয়েকটি ব্যাপার রয়েছে। এখানে ইংলিশ ফুটবলের স্পিড রয়েছে, রয়েছে স্প্যানিশ ফুটবলের নান্দনিকতা। এর সঙ্গে যুক্ত হয়েছে জার্মানদের সনাতনী যান্ত্রিকতা।’ জোয়াকিম লো এই নতুন ধারার ফুটবলে ইতালীয় রক্ষণ কৌশলও অন্তর্ভুক্ত করেছেন। সে কারণে এবারের বিশ্বকাপে জার্মান দলটির রক্ষণকে মনে হচ্ছে এতটা দুর্ভেদ্য।বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের সঙ্গে খেলা। দুই বছর আগে এই স্পেনের সঙ্গেই হেরে ইউরোর শিরোপা হারিয়েছিল জার্মানরা। সেই ম্যাচটির সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালকে একেবারেই মেলাতে চান না জার্মান ফুটবলের এই নতুন কারিগর। তিনি বলেন, ‘২০০৮-এর ইউরোর সঙ্গে ২০১০-এর বিশ্বকাপকে মিলিয়ে লাভ নেই। সেবার স্পেন ছিল ইউরোর অবিসংবাদিত সেরা দল। এবারের বিশ্বকাপের সেমিফাইনালে অবশ্য পরিস্থিতি একেবারেই ভিন্ন। জার্মানি এবার রয়েছে দুর্দান্ত ফর্মে। আশা করি, এবার আর ইউরোর ফাইনালের পুনরাবৃত্তি হবে না।’