‘কাকির’ কোনো ইস্যু নয়: উয়েফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেড-সমর্থকদের কাছে এই মুহূর্তে সবচেয়ে ‘ঘৃণিত’ ব্যক্তিটি হলেন কুনিয়েত কাকির। তুরস্কের এই রেফারি রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের খেলায় নানিকে লালকার্ড দেখিয়ে এখন বিতর্কের কেন্দ্রে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের পরাজয়ের জন্য দায়ী করা হচ্ছে নানির ওই লালকার্ডটিকেই। বলা হচ্ছে, নানির মার্চিং অর্ডারই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। অথচ নানি নাকি লঘু পাপে গুরু দণ্ডই পেয়েছেন বলে অভিযোগ করছেন সমর্থকেরা।ম্যানচেস্টার ইউনাইটেডের দাবি, ওই ‘অন্যায়’ লালকার্ডের জন্য কুনিয়েত কাকিরের শাস্তি। কিন্তু ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা জানিয়ে দিয়েছে, এ ব্যাপারে কাকিরের পাশে থাকছে তারা।কাকিরকে দাবি অনুযায়ী উয়েফার রেফারি প্যানেল থেকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনাই আপাতত সংস্থাটির নেই।উয়েফা জানিয়েছে, খেলার সময় কী দাবি উঠল না-উঠল, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। ওই দিনের ম্যাচ পর্যবেক্ষণে যাঁরা ছিলেন, তাঁরা কুনিয়েতের বিরুদ্ধে কোনো প্রতিবেদন জমা দিলেই কেবল এ নিয়ে তারা ভাবতে বসবে। আপাতত উয়েফার কাছে কুনিয়েত কাকির কোনো ইস্যুই নয়। ব্রিটেনের বহুল প্রচারিত দৈনিক ‘গার্ডিয়ান’-এ দেওয়া এক সাক্ষাত্কারে উয়েফার মুখপাত্র এমনটাই বলেছেন।ওই মুখপাত্র বলেন, ‘আপাতত আমরা ম্যাচ কমিশনারের প্রতিবেদনের অপেক্ষায় আছি। তা ছাড়া রেফারিং পর্যবেক্ষকও একটা প্রতিবেদন জমা দেবেন। এগুলো পেলেই আমরা বিষয়টি নিয়ে কাজ করব।’ তিনি জানিয়েছেন, কাকির আপাতত উয়েফার ম্যাচ অফিশিয়ালের তালিকায় সসম্মানেই আছেন।তুরস্কের রেফারি কুনিয়েত কাকির এর আগেও লালকার্ড দেখিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন। তিনি গত বছর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে চেলসির জন টেরিকে লালকার্ড দেখিয়ে বহিষ্কার করেছিলেন। টেরির লালকার্ডটিও বিতর্কের ঝড় তুলেছিল। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের জন্য প্রস্তুত রেফারিদের তালিকায় এই কুনিয়েত কাকিরের নাম বেশ ওপরের দিকেই আছে বলে জানা গেছে।