'কাতারে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত ভুল'!
২০০২ সালের পর ২০২২—২০ বছর পর বিশ্বকাপ ফিরবে এশিয়ায়। যদিও কাতারে বিশ্বকাপ অনেক দেরি। সে বিশ্বকাপ নিয়ে নানা নেতিবাচক খবর বাতাসে ভাসতে শুরু করেছে এখনই। সর্বশেষ খবরটির উত্স স্বয়ং ফিফা সভাপতি। সেপ ব্ল্যাটারের মতে, কাতারে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নাকি ভুল!
কাতার বিশ্বকাপে সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, দেশটির আবহাওয়া, বিশেষ করে উচ্চ তাপমাত্রা। ফিফা সভাপতি কাতারে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত প্রসঙ্গে বললেন, ‘অবশ্যই এটি ভুল ছিল। নিশ্চয় জানেন, জীবনে সবাই ভুল করে।’
২০১০-এর ডিসেম্বরে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়ার মতো দেশ টপকে কাতার বিশ্বকাপের আয়োজক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। ব্ল্যাটার বললেন, ‘টেকনিক্যাল রিপোর্টে বলা হয়েছিল, গ্রীষ্মে কাতারে উচ্চ তাপমাত্রা থাকবে। তবে এ তথ্য বিশ্বকাপ আয়োজনে নির্বাহী কমিটিতে সংখ্যাগরিষ্ঠের ভোট পেতে কাতারের জন্য বাধা হয়ে দাঁড়ায়নি।’ এএফপি ও ওয়েবসাইট।