নিজেদের কাজটুকু সেরে ফেলেছেন, এর পর একদম কোর্টের টাচলাইন ঘেঁষে বসে সমানে উত্সাহ দিয়ে যাচ্ছিলেন ছেলেদের দলকে। এমন মুহূর্তে গিয়ে সময় চাওয়ায় একটু উশখুশ করছিলেন, খেলা দেখা রেখে উঠতে চাইছিলেন না। শেষ পর্যন্ত পুরুষদের ফাইনালের মধ্যবিরতিতে কথা বললেন ভারতের মহিলা কাবাডি অধিনায়ক তেজস্বিনী বাই অভিনন্দন, কেমন লাগছে শিরোপা জিতে?তেজস্বিনী বাই: ধন্যবাদ, ভালো তো লাগছেই, দেশের হয়ে সোনা জেতা একটা বড় ব্যাপার। আমরাই ছিলাম ফেবারিট, সবার প্রত্যাশা ছিল আমরা সোনা পাব। প্রত্যাশা পূরণ করতে পেরে ভালো লাগছে। ফাইনালের আগে কী মনে হয়েছিল? বাংলাদেশের কাছে হারতে পারেন, এমন কি কখনো মনে হয়েছে?তেজস্বিনী: সত্যি বলতে মনে হয়নি। নিজেদের সামর্থ্যের ওপর আমাদের আস্থা আছে। বাংলাদেশের সঙ্গে আমরা অনেক খেলেছি। আমাদের জানা ছিল, আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ওরা পারবে না। সোনা জিতলেন। আপনাদের ফেডারেশন বা সরকার এ জন্য বাড়তি কোনো পুরস্কার ঘোষণা করেনি?তেজস্বিনী: সোনাটাই আসলে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। অর্থপুরস্কারও অবশ্য আছে, সরকার ২৫ হাজার রুপি করে দেবে। এত কিছু থাকতে কাবাডিতেই জড়ালেন কেন?তেজস্বিনী: খেলাটাকে ভালোবাসি এটা তো অবশ্যই একটা কারণ। আর কাবাডি খেললে চাকরি পাওয়া যায়, এটাও একটা কারণ। আমি যেমন রেলওয়েতে চাকরি করি। অন্যরাও অনেকে রেলওয়েতে, অনেকে পুলিশে চাকরি করে। কয়েকজন অবশ্য পড়াশোনাও করছে। বেতন কেমন পান আপনারা?তেজস্বিনী: আমি পাই মাসে ২২ হাজার রুপি। অন্যরাও সবাই এমনই পায়...১৫ থেকে ২৫ হাজারের মধ্যে। জীবন ভালোই চলে যায় আমাদের। ফেডারেশন থেকে কেমন সহায়তা পান?তেজস্বিনী: অনেক। ফেডারেশন অনেক সময় চাকরির ব্যবস্থা করে, সারা বছর অনুশীলনের সুযোগ করে দেয়, সব ধরনের সুযোগ-সুবিধা দেয়। আর কী চাওয়ার থাকতে পারে, আমরা সন্তুষ্ট। বাংলাদেশকে কেমন দেখলেন?তেজস্বিনী: সত্যি বলছি, ওরা অনেক উন্নতি করেছে। এর আগে যেমন দেখেছিলাম, এর চেয়ে এই দল অনেকটা ভালো। বোঝাই যাচ্ছে ওরা এগোচ্ছে। তবে অভিজ্ঞতার একটু অভাব আছে, অভিজ্ঞতা বাড়লে ওরা আরও ভালো করবে। ঠিক কোন জায়গায় উন্নতি হয়েছে বলে মনে হয়েছে?তেজস্বিনী: ডিফেন্স অনেক ভালো হয়েছে, উন্নতি হয়েছে রেইডিংয়েও। বাংলাদেশের কোনো খেলোয়াড়ের খেলা মনে ধরেছে?তেজস্বিনী: ওদের অধিনায়ক অনেক ভালো খেলোয়াড়, সহ-অধিনায়কও ভালো খেলে। আরও আছে অনেকেই। বাংলাদেশের জন্য কোনো পরামর্শ আছে?তেজস্বিনী: অনেক প্র্যাকটিস করতে হবে। শুধু নির্দিষ্ট একটা সময় নয়, সারা বছর ধরেই প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আর বেশি বেশি ম্যাচ খেলতে হবে, ম্যাচ খেলার বিকল্প নেই। ম্যাচ প্র্যাকটিসের চেয়ে বড় প্র্যাকটিস নেই। আর কোচিংটাও ভালো হওয়া জরুরি।