‘কারও পরামর্শের প্রয়োজন নেই শচীনের’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স চল্লিশের কাছাকাছি। সাম্প্রতিক ফর্মের অবস্থা যাচ্ছেতাই। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চলমান টেস্ট সিরিজের প্রথম দুটিতেও চরমভাবে ব্যর্থ। তাঁর সাম্প্রতিক পারফরমেন্সেও খুঁজে পাওয়া যাচ্ছে না ‘সেই শচীন’কে। তবে কি বিদায় বেলা উপস্থিত এই গ্রেটের! এর কোনো উত্তর নেই। শচীন নিজেও ব্যাপারটি নিয়ে কথা বলছেন না। তবে মাস্টার ব্লাস্টার কবে খেলা ছাড়ছেন—তা নিয়ে গণমাধ্যম ও ক্রিকেট মহলে কিন্তু আলোচনার শেষ নেই।শচীনের অবসর নিয়ে কথা বলাটা অবশ্য একদম পছন্দ নয় ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ও আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লার। মাস্টার ব্লাস্টারকে নিয়ে কোনো মন্তব্য করার আগে ভারতীয় ক্রিকেটে তাঁর বিশাল অবদান সবার মনে রাখা উচিত বলে মনে করেন তিনি।‘যখন মনে হবে বিদায়ের সময় হয়েছে, শচীন নিজেই ব্যাট-প্যাড তুলে রাখবেন। কারও পরামর্শের প্রয়োজন নেই শচীনের। লিটল মাস্টারের পারফরম্যান্স নিয়ে কোনো মন্তব্য করার আগে ভারতীয় ক্রিকেটে তাঁর সুবিশাল অবদানের কথা সবার মনে রাখা উচিত।’ গতকাল সোমবার নয়াদিল্লিতে সাংবাদিকদের এ কথা বলেছেন রাজীব শুক্লা।ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার গত পরশু মন্তব্য করেন, বোর্ডের উচিত শচীনের অবসর-ভাবনা নিয়ে তাঁর সঙ্গে কথা বলা। তবে রাজীব শুক্লা জানিয়েছেন, অবসর নয়, বরং কীভাবে তাঁর পারফরম্যান্সে উন্নতি করা যায়, এ নিয়ে আলোচনা হতে পারে।শুক্লা বলেন, ‘আমরা অবশ্যই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। শচীনের পারফরম্যান্সে কীভাবে উন্নতি হয়, তা নিয়ে কাজ করতে পারে টিম ম্যানেজমেন্ট। আমি আশাবাদী, দ্রুতই ফর্মে ফিরবেন শচীন।’শচীনের সাম্প্রতিক ফর্মের অবস্থাটা কিন্তু তাঁর পক্ষে কথা বলছে না। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিক টেস্ট ক্রিকেটে সর্বশেষ তিন অঙ্কের ঘরে প্রবেশ করেছিলেন গত বছরের জানুয়ারি মাসে। সর্বশেষ ১০ ইনিংসে শচীনের সংগ্রহ মাত্র ১৫৩ রান! এ সময়ের মধ্যে ভারতীয় টপঅর্ডার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্স এটি।গতকাল সমাপ্ত মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত ৮ রানে পানেসারের বলে বোল্ড হন শচীন। দ্বিতীয় ইনিংসেও ৮ রানে সাজঘরে ফেরেন লিটল মাস্টার। এবারও শিকারি সেই পানেসার। আউটের ধরনটা শুধু আলাদা, ফেরেন এলবিডব্লিউয়ের শিকার হয়ে। সর্বশেষ ছয় ইনিংসের চারটিতেই বোল্ড হয়েছেন শচীন।এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে শচীনের অবসর নেওয়ার দাবিটা জোরালো হয়। সেবার তিন ইনিংসে বোল্ড হন লিটল মাস্টার। বোল্ড হওয়ার হ্যাটট্রিক, শচীনের জন্য তো বটেই, যেকোনো ব্যাটসম্যানের জন্যই অমর্যাদাকর।নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুটি হোম সিরিজে শচীনের ব্যাটিং দেখে মনে হয়েছে এই ইনিংসগুলোতে বলের সঙ্গে তাল মিলিয়ে তাঁর পা যাচ্ছে না। সে কারণে বোল্ড ও এলবিডব্লিউয়ের মতো আউটগুলো বেশি হচ্ছেন শচীন। সুনীল গাভাস্কার ব্যাপারটিকে বয়সের সমস্যা বলেও অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন, বলের সঙ্গে তাল মিলিয়ে পা ফেলতে না পারাটা শচীনের মতো গ্রেট ব্যাটসম্যানের জন্য মোটেও ভালো লক্ষণ নয়। পিটিআই।