‘কারও সাহায্য প্রয়োজন নেই মুরালির’
৮০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে গল টেস্টে প্রয়োজন আট উইকেট। গুঞ্জন চলছে, মুরালিকে অনন্য রেকর্ড করে বিদায় নিতে সাহায্য করতে ‘টার্নিং পিচ’ বানানো হচ্ছে। তবে গল স্টেডিয়ামের পরিচালক জয়ানন্দ ওয়ার্নাবিরা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ৮০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে কারও সাহায্য প্রয়োজন নেই মুরালির।ক্যারিয়ারজুড়ে কেবল রেকর্ড ভাঙা-গড়ার খেলা। কখনো অন্যের রেকর্ড ভেঙেছেন, কখনো নিজের রেকর্ড ভেঙে নতুন করে গড়েছেন। কাল রোববার থেকে শুরু হওয়া টেস্টের পরই শেষ হতে চলেছে টেস্ট ক্রিকেটে মুরালিধরনের ভাঙা-গড়ার খেলা। এ পর্যন্ত ১৩২ টেস্টে শিকার করেছেন ৭৯২ উইকেট। তবে বিদায়ের আগে ৮০০ উইকেট নিজের সংগ্রহে রেখে অনন্য রেকর্ড সৃষ্টি করতে চান শ্রীলঙ্কার এই বিধ্বংসী স্পিনার।জয়ানন্দ ক্রিকইনফোকে বলছেন, ‘ভারতের সঙ্গে গত সিরিজের সঙ্গে তুলনা করলে এবারের পিচ ভালো হবে। আমরা মুরালির জন্য টার্নিং পিচ তৈরি করতে পারতাম। কিন্তু মুরালির এ ধরনের পিচ প্রয়োজন নেই। পিচ যে রকমই হোক, উইকেট শিকার করবেনই মুরালি।’ গলে মুরালির ইতিহাসটাও টেনে এনেছেন জয়ানন্দ, ‘গলে প্রতি টেস্টে গড়ে নয়টি উইকেট শিকার করেছেন মুরালি। এ টেস্টে দরকার মাত্র আটটি উইকেট। আমরা তাঁর মাইলফলক স্পর্শ করার মুহূর্তের অপেক্ষায় আছি।’