‘কার্যকর ফুটবলই সুন্দর ফুটবল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ব্রাজিল ফুটবলের বর্তমান প্রজন্ম, ২০১৪ বিশ্বকাপের সময় যাঁরা হয়তো থাকবেন সেরা সময়ে, তাঁদের নিয়ে আপনার অভিমত কী? আগের প্রজন্মগুলোর তুলনায় এ দলকে কোথায় রাখবেন?আলবার্তো পাহেইরা: একটা দলকে শেষ পর্যন্ত বিচার করা যায় শুধু টুর্নামেন্টের সময়ই। ব্রাজিলে উঠতি প্রতিভা ও প্রতিশ্রুতিশীল ফুটবলারের অভাব কখনোই ছিল না। আমার ৪০ বছরের ফুটবল জীবনে ডজন খানেকবার শুনেছি, ‘সে হতে যাচ্ছে পরবর্তী পেলে’, কিন্তু পরে আর খুঁজে পাওয়া যায়নি। কথাটা পুরো প্রজন্মের জন্যই প্রযোজ্য, প্রয়োজনের সময় মাঠে প্রমাণ দিতে হয়। এ প্রজন্মটাও প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল, কিন্তু ২০১৪ সালেই বোঝা যাবে আসলে ওরা কেমন। এ প্রজন্মটাকে সাম্প্রতিক বছরগুলোয় আমাদের সবচেয়ে সহজাত গুণসম্পন্ন দল বলা যায় সম্ভবত নেইমারের কারণে। ও অন্য জাতের এক ফুটবলার। বিশ্বকাপ কীভাবে একজনের ক্যারিয়ার গড়ে দিতে পারে, এর পরিষ্কার উদাহরণ আপনি। আপনার জীবনে ১৯৯৪ বিশ্বকাপ জয়ের প্রভাব কতটুকু?পাহেইরা: বিশ্বকাপ হলো সর্বোচ্চ চূড়া, যেকোনো ফুটবলার বা কোচের ক্যারিয়ারের শীর্ষবিন্দু। আপনার লাখো ইতিবাচক অর্জন, ভুল, সাফল্য-ব্যর্থতা থাকতে পারে, কিন্তু বিশ্বকাপ জয়টাই শেষ পর্যন্ত সবাই মনে রাখে। সম্প্রতি এ উপলব্ধিটা আরও বেশি করে হচ্ছে আমার; লোকে আপনাকে কোন দৃষ্টিতে দেখছে, কীভাবে শ্রদ্ধা করছে, কতটা আলাদা করে দেখছে—এ সবকিছুই লক্ষণীয়। এখনো আমাকে পরিচয় করিয়ে দেওয়া হয়, ‘কার্লোস পাহেইরা, বিশ্ব চ্যাম্পিয়ন।’ বিশ্বকাপ জয়ের ১৮ বছর হয়ে গেছে। অথচ সেদিনও রাস্তায় দুজন ইংলিশ আমাকে অভিনন্দন জানিয়ে বলল, ‘তুমি একজন কিংবদন্তি।’ এটা এমন একটা সিলমোহর, সারা জীবন যা গর্বভরে লাগিয়ে রাখা যায়। বিশ্বকাপ জয়ের পরও ওই দলটার খেলার ধরন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সেসব কি এখনো আপনাকে ছুঁয়ে যায়?পাহেইরা: সময় অনেক বয়ে গেছে, ওসব কেউ মনে রাখে না। শিরোপা জয়টাই কেবল আজীবন মনে থাকে, ব্যস। ওই শিরোপা আমাদের ২৪ বছরের খরা ঘুচিয়েছিল, ওই সময়টায় আমরা এমনকি ফাইনালেও যেতে পারিনি একবারও। আর বিশ্বকাপজয়ী দলটাও দারুণ ছিল। তাফারেল তো ব্রাজিলের সর্বকালের সেরা গোলকিপারদের একজন। জর্জিনহো ও আলদাইর তাদের পজিশনে সর্বকালের সেরাদের অন্যতম। ব্রাঙ্কোও তা-ই। নিলটন সান্টোসের (১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপজয়ী দলের লেফটব্যাক) সঙ্গে আমি ওর তুলনা করব না, কিন্তু ব্রাঙ্কো নিঃসন্দেহে ব্রাজিলের সর্বকালের সেরা লেফটব্যাকদের একজন। ডুঙ্গাও ছিল দারুণ আর সামনে তো ছিল রোমারিও ও বেবেতো। টেকনিক্যালি আমাদের দলটা ছিল দারুণ, এ জন্যই আমরা জিতেছি। ২৪ বছরের খরা ঘোচানোর চাপ যদি না থাকত, তবে কি বিশ্বকাপটাকে আপনি অন্যভাবে নিতেন, মানে খেলার ধরন অন্য রকম হতো?পাহেইরা: না, মোটেও না। দলটাকে এত সমালোচনা করা হয়েছিল, বিশ্বকাপ জয়ের পর আমাদের আর কিছু বলার প্রয়োজন হয়নি। লোকে বলাবলি করছিল, ‘ওরা জিতেছে, কিন্তু জোগো বোনিতো না খেলে।’ কিন্তু সুন্দর ফুটবল কী? কার্যকর ফুটবলই সুন্দর ফুটবল, রক্ষণ সামলানো ও আক্রমণ করতে জানা এবং ফল বের করে আনা। আমরা সেটাই করেছিলাম: কোনো ম্যাচ না হেরে বিশ্বকাপ জিতেছিলাম। এবং এটা মোটেও ‘ইউরোপিয়ান স্টাইল’ দল ছিল না, লোকে অযথাই একটা ফালতু ছাপ লাগিয়ে দিয়েছিল। ব্রাজিলিয়ান ফুটবলের মূল্যবোধগুলোকেই আমরা গুরুত্ব দিয়েছিলাম—চারজন ব্যাক নিয়ে খেলেছিলাম, সব ব্রাজিল দলই যা করে এসেছে; আমরা জোনাল মার্কিং করেছি, সিংহভাগ সময় বল দখলে রেখেছি এবং ওয়ান টাচ ফুটবল খেলেছি। রক্ষণে আমরা আটজন ফুটবলারকে বলের পেছনে রেখেছি, ১৯৭০ বিশ্বকাপে জাগালোর ব্রাজিল যেমন করেছে। যখন বলের দখল হারিয়েছি, সবাই নিচে নেমেছে। আমরা এতটা সংগঠিত ও শারীরিকভাবে ফিট ছিলাম, ইউরোপিয়ান দলগুলো চমকে গিয়েছিল। কোনো ফুটবলার সম্পর্কে যখন বলেন, ‘জাতীয় দল পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি’, তখন ঠিক কী বোঝান? একজন ফুটবলারকে বিচারে ক্লাব ও জাতীয় দলের মানদণ্ড কি ভিন্ন?পাহেইরা: ক্লাব থেকে জাতীয় দলে অনেক কিছুই বদলে যায়। খেলার ধরন, দলের চাহিদা, দায়িত্বের পরিধি এবং টেকনিক্যাল গুণ—সবকিছুই আলাদা। সমালোচনার মাত্রাও বেশি—কারণ ব্রাজিলের খেলায় দৃষ্টি থাকে পুরো বিশ্বের। কেউ কেউ এটাকে পাত্তা দেয় না, বরং চাপকে শক্তি বানিয়ে আরও বেশি জ্বলে ওঠে। কেউ আবার হলুদ জার্সির চাপে নুয়ে পড়ে। আমি ব্রাঙ্কোর উদাহরণ দিতে পারি, চোটের পর চোটে আক্রান্ত হওয়ার পরও ও আমার ১৯৯৪ বিশ্বকাপ দলে ছিল। অথচ এর কিছুদিন আগে ইউরোপ থেকে ব্রাজিলে ফেরার পর ও করিন্থিয়ান্সের হয়ে খেলারই সুযোগ পাচ্ছিল না। কিন্তু ও শুধু আমার কোচিংয়ে ফ্লুমিনেন্সের হয়ে ব্রাজিলিয়ান কাপই জেতেনি, ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপেও দুর্দান্ত খেলেছিল। বিশ্বকাপটাও এমনভাবে খেলেছে, যেন বাড়ির পেছনের আঙিনায় খেলছে। এ জন্যই ওকে দলে নিতে আমি দুবার ভাবিনি। আর প্রয়োজনের সময় ও ঠিকই জ্বলে উঠেছে। নেদারল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল করা ছাড়াও ওদের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মার্ক ওভারমার্সকে ও নিষ্ক্রিয় করে রেখেছিল। সব সময় সবকিছু আপনার পক্ষে যায়নি। ২০০৬ জার্মানি বিশ্বকাপে সমস্যা কী হয়েছিল?পাহেইরা: কখনো কখনো পরিস্থিতি কোনো একভাবে আপনার ওপর চেপে বসে। আমি বোঝাতে চাইছি, যখন সবকিছুই ঠিকঠাক যায়, তখন পরিবর্তন করা মুশকিল। কারণ দিন শেষে ফল তো পক্ষে আসছেই! চারজনকে ঘিরে আমরা আমাদের ট্যাকটিক্যাল পরিকল্পনা সাজাতে চেষ্টা করেছিলাম, যাদের কার্যত কোনো রক্ষণ দায়িত্বই ছিল না—কাকা, রোনালদিনহো, আদ্রিয়ানো ও রোনালদো। এটা এমনই প্রতিভাবান এক আক্রমণভাগ ছিল এবং দীর্ঘ সময় ধরে এত ভালো করছিল, এ নিয়ে কোনো প্রশ্নই ওঠেনি। কিন্তু নানা কারণে আসলে আমরা ফর্মটা বিশ্বকাপে বয়ে নিতে পারিনি। কখনো কখনো ব্যাপারটা এমনই হয়—কোনো পরিকল্পনা যখন ঠিকভাবে কাজ করে তখন সে অনুযায়ীই এগোতে হয়, কখনো এতে ভালো হয়, কখনো বা খারাপ!