
ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচ দেড় দশক ধরে তাঁর স্থায়ী ঠিকানা। স্ত্রী আমেরিকান, দুই ছেলেমেয়ের জন্মও সেখানে। ইয়ুর্গেন ক্লিন্সমান এখন যতটা জার্মান, ঠিক ততটাই আমেরিকান। তবু বিশ্বকাপ শুরুর আগে হঠাৎ করে দেশটির সংবাদমাধ্যমে তাঁর সমালোচনা করে লেখা হতে লাগল, ‘এই লোকটা এখনো জার্মানই রয়ে গেল, আমেরিকান হতে পারল না।’ কারণ কি জানেন? বিশ্বকাপের গ্রুপিংটা দেখে যুক্তরাষ্ট্রের কোচ বলেছিলেন, ‘এ গ্রুপ থেকে যুক্তরাষ্ট্রের খুব বেশি দূর যাওয়ার সম্ভাবনা কম।’
শুধু ক্লিন্সমান কেন, গ্রুপপর্বটা শুরুর আগে একই কথা বলতেন যেকোনো ফুটবলবোদ্ধা। ‘জি’ গ্রুপ থেকে জার্মানি ছাড়া অন্য কোনো দলের দ্বিতীয় রাউন্ডের নিশ্চয়তা দেওয়াটা যে আসলেই তখন খুব কঠিন কাজ ছিল। তবে সেই কঠিন বাধাটা যেভাবেই হোক পেরিয়েছে ক্লিন্সমানের দল। গোল ব্যবধানে পর্তুগালকে পেছনে ফেলে উঠে এসেছে দ্বিতীয় রাউন্ডে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ সালভাদরের অ্যারেনা ফন্তে নোভায় যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। তবে শুধু এই ম্যাচ নয়, ক্লিন্সমানের চোখ এখন আরও দূরে, টুর্নামেন্টের শেষ ম্যাচ পর্যন্ত! ছাত্রদের নাকি বলেছেন, যেন তারা পরিবারের সদস্যদের ফিরতি বিমানের টিকিটের তারিখ পাল্টে ১৪ অথবা ১৫ জুলাই করে নেয়!
কে জানে এবার হয়তো মার্কিন সংবাদমাধ্যমও তাঁকে একজন ‘আমেরিকান’ বলে মেনে নেবে।
টিকিটের তারিখ পাল্টে নিতে বলছেন, ছাত্রদের উজ্জীবিত করার জন্য সেটা খুব ভালো কৌশলও। তবে ভেতরে ভেতরে ক্লিন্সমানও জানেন, আজ বেলজিয়াম-বাধা পেরোনো মোটেও সহজ হবে না তাঁর দলের জন্য। কিন্তু শরীরে জার্মান রক্ত বলেই কি না, সেটা বাইরে প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের কোচ, ‘নকআউট পর্বে আমরা যেকোনো প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা রাখি। তবে সেটা করতে হলে আমাদের সেরাটা দিতে হবে। প্রত্যেক খেলোয়াড়কেই শতভাগ দিতে হবে।’
গ্রুপপর্বের পারফরম্যান্সের বিচারে অবশ্য বিশ্বকাপের কালো ঘোড়া বেলজিয়ামকেই এগিয়ে রাখতে হবে। তিনটি ম্যাচেই জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছে। অবশ্য তাদের মাঠের পারফরম্যান্স মন ভরানো ছিল না। বেলজিয়াম কোচ মার্ক উইলমটসের কথা শুনে মনে হয়, মন ভরানোর দায়ও তাঁর দলের নেই। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে মাত্র ৪ গোল দিয়েছে বেলজিয়াম, খেয়েছে একটি। সুন্দর ফুটবলের চেয়ে এখন ফলের দিকেই বেশি মনোযোগী থাকতে চাইছেন মার্ক উইলমটস, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাচ জেতা আর এগিয়ে যাওয়া। এখানে প্রতিটা ভুলের হাতেনাতে মাশুল দিতে হয়। সুন্দর ফুটবল খেলে আপনি কী করবেন!’
এই দর্শনে বিশ্বাস রেখে আগের ম্যাচগুলোতে ফল পেয়েছেন উইলমটস। তবে আজকের ম্যাচের আগে বেশ কিছু বিষয় নিয়ে তাঁকেও একটু দুর্ভাবনায় থাকতে হচ্ছে। কুঁচকির চোটে বেলজিয়াম অধিনায়ক ও রক্ষণভাগের নেতা ভিনসেন্ট কোম্পানির খেলা অনিশ্চিত। একই রকম শঙ্কা ডিফেন্ডার টমাস ভারম্যালেনকে নিয়েও। এখন পর্যন্ত গোলের দেখা পাননি স্ট্রাইকার রোমেলু লুকাকু। আজও চেলসি স্ট্রাইকারের ওপর আস্থা রাখবেন নাকি ডিভক অরিগিকে খেলাবেন, এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে উঠতে পারে।
চোটের কারণে ঘানার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার ২৩ মিনিটের মধ্যে বদলি হয়ে যেতে হয়েছিল যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড জজি আল্টিডোরকে। তবে আজ তাঁর ফেরার সম্ভাবনা যথেষ্টই। সে ক্ষেত্রে গোল করার মূল দায়িত্বটা চলে যাবে তাঁর কাঁধে, সঙ্গী থাকবেন ক্লিন্ট ডেম্পসি। যুক্তরাষ্ট্রের আক্রমণভাগ তাতে আরও ধারালো হবে, এ নিয়ে সন্দেহ কোনো নেই কোনো।
তবে সেই ধার বেলজিয়ামকে কাটতে পারে কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।
মুখোমুখি
বেলজিয়াম-যুক্তরাষ্ট্র
ম্যাচ বেলজিয়াম যুক্তরাষ্ট্র ড্র
মোট ৫ ৪ ১ ০
বিশ্বকাপে ১ ০ ১ ০