‘কিংবদন্তি’ নাদাল বিনয়ীও
একটা সময় কাঁধ পর্যন্ত নেমে আসা লম্বা লালচে রুখু চুল তাঁর চেহারায় এনে দিয়েছিল ‘বিদ্রোহী-বিপ্লবী’ একটা ভাব। ইদানীং চুলের দৈর্ঘ্য কমিয়েছেন। কিন্তু কোর্টে রাফায়েল নাদাল এখনো সমান আগ্রাসী, আক্রমণাত্মক। অথচ এই মানুষটাই কোর্টের বাইরে একেবারেই অন্যরকম। বিনয়ের অবতার।মাত্র ২৪ বছর বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করেছেন। নয়টি গ্র্যান্ড স্লাম জেতা নাদালের মধ্যে সর্বকালের সেরা হয়ে ওঠার ছবি আঁকছে অনেকে। সেই সময় বিনম্র স্বরে নাদাল বলে দিলেন, ‘আমি অতি সাধারণ!’ইউএস ওপেন জিতে যে কীর্তি গড়েছেন, ওপেন যুগে পুরুষ এককে সেটি করে দেখিয়েছেন আর মাত্র দুজন। টেনিসের যুগের সীমারেখা তুলে দিলেও আর ছয়জন খেলোয়াড় পূর্ণ করতে পেরেছেন পুরুষ এককের ‘ক্যারিয়ার স্লাম’। অথচ দেশে ফিরে, মাদ্রিদে পা রেখেই নাদাল বলে দিলেন, ‘এটা সামান্য একটা পদক্ষেপ মাত্র। আমি মোটেও সেরা ক্রীড়াবিদ নই। আমি মন থেকেই এটা বিশ্বাস করি বলেই বলছি।’এ বছরের শেষ তিনটি গ্র্যান্ড স্লামই উঠেছে তাঁর হাতে। বোঝাই যাচ্ছে কেমন দুর্দান্ত ফর্মে আছেন। অথচ গত বছর কী দুঃসময়ই না ঘিরে ধরেছিল তাঁকে। ফ্রেঞ্চ ওপেন, যেখানে তাঁর শিরোপা জয় হয়ে গিয়েছিল ডালভাত; সেই মাটির কোর্টের চতুর্থ রাউন্ডে হেরে গিয়েছিলেন অখ্যাত রবিন সোদারলিংয়ের কাছে। ধরে রাখতে পারেননি উইম্বলডন শিরোপাও, খেলতেই পারেননি হাঁটুর চোটের কারণে। এই দুঃসময়কে নাদাল ভুলে যাননি। মনে রেখেছেন। সেখান থেকে খুঁজেছেন প্রেরণাও।আপাতত তাঁর পরবর্তী মিশন সাংহাই। এরপর প্যারিস আর লন্ডনে দুটি মাস্টার্স টুর্নামেন্ট। তবে সামনের দিনগুলোয় নাদালের সবচেয়ে বড় লক্ষ্য ২০১২ লন্ডন অলিম্পিক জয়। চারটি গ্র্যান্ড স্লাম আর অলিম্পিক সোনা জেতার কীর্তি নাদাল ছাড়া আর আছে শুধু আন্দ্রে আগাসির। কিন্তু আগাসিও দুবার অলিম্পিক জিততে পারেননি। গ্র্যান্ড স্লাম শিরোপাসংখ্যায় এরই মধ্যে আগাসিকে (৮টি) ছাড়িয়ে গেছেন। নাদাল এক দিন ফেদেরারের রেকর্ডও ছাপিয়ে যাবেন কি না, সেই আলোচনা এখন চারদিকে। যদিও নাদাল আরও একবার জানিয়ে দিলেন, ‘রজার আমার জন্য এক রোল মডেল।’কিন্তু কী রহস্য তাঁর সাফল্যের? নাদাল জানালেন, পা সব সময় মাটিতেই রাখতে শিখেছেন, ‘আমি কখনোই ধরে নিই না, আমার জয় নিশ্চিত। এখনো আমার অনেক কিছুতেই উন্নতি করতে হবে।’ শুধু কথাবার্তায়ই নয়, নাদাল আসলে সুবোধ বালকটি হয়ে আছেন তাঁর মা-বাবারও। টেনিসের সর্বকালের তৃতীয় সেরা প্রাইজমানি আয় করা, বিশ্বের অন্যতম ধনী খেলোয়াড়টি এখনো মা-বাবার সঙ্গেই থাকেন। জানালেন, মাঝেমধ্যে তাঁকে বকুনি খেতে হয় নিজের ঘর ঠিকমতো গোছগাছ না করার কারণে, ‘আমাকে এটা শিখতেই হবে। মা চান, আমি যেন সবকিছু গুছিয়ে রাখি। কখনো কখনো তাঁর কাজটা আমি কঠিন করে তুলি।’দেশে পৌঁছানোর আগেই পেয়ে গেছেন স্পেনের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরো তাঁর বার্তায় নাদালকে অভিহিত করেছেন ‘কিংবদন্তি’ হিসেবে, ‘তোমার নাম, তোমার অর্জন তো এরই মধ্যে ক্রীড়া-কিংবদন্তির অংশ হয়ে গেছে। তুমি স্প্যানিয়ার্ডদের অনেক গর্বিত করেছ।’ এএফপি, ওয়েবসাইট।