‘কিংবদন্তি’ হতে চান পাতো
আলেকজান্ডার পাতো এসি মিলানের হয়ে জিততে চান সবকিছুই। তিনি জানেন একজন খেলোয়াড় হিসেবে ক্লাবের সাফল্য তাঁকে নিয়ে যাবে খ্যাতির চূড়ায়। গেল মৌসুমে এসি মিলানের হয়ে পাতোর পারফরম্যান্স দুরন্ত। ১৪টি গোল করে ‘রোসোনেরি’দের সিরি ‘এ’ জয়ে তিনি রেখেছেন অনন্য অবদান।এখন পাতোর সাফল্য তৃষ্ণা বেড়ে গেছে আরও অনেক গুণ। পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও রয়েছে তাঁর চোখ। এসি মিলানকে আরও অনেক সাফল্য দিয়ে ‘কিংবদন্তি’ হয়ে যেতে চান এই ব্রাজিলীয় স্ট্রাইকার।‘আমি মিলানের স্তম্ভ হতে চাই। মিলান আমার প্রিয় দল, এ দল ছেড়েও আমি কোনো দিন চলে যেতে চাই না।’ ইতালির একটি পত্রিকার সঙ্গে আলাপচারিতায় এ কথাগুলোই বলেছেন পাতো।‘আমার লক্ষ্য এসি মিলানের ইতিহাসের অংশ হয়ে যাওয়া। আমি মিলানের সেসব খেলোয়াড়দের মতো হতে চাই, যাদের সবাই কিংবদন্তির মর্যাদা দেয়।’ পাতোর মন্তব্য।এই ক্লাবকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছেন তিনি। এমনকি এই ক্লাব নিয়েও কিছুটা আবেগীও যেন তিনি। বলেছেন, ‘২০১৪ সাল পর্যন্ত মিলানের সঙ্গে আমার চুক্তি থাকলেও আমি কোনোদিন এই ক্লাব ছাড়তে চাই না। আমি সেদিন পর্যন্তই এই ক্লাবে খেলতে চাই, যেদিন মিলানের কর্তারাই আমাকে বের করে দেবেন।’মিলানের সবকিছুই যেমন পাতোর ভালো লাগে, ঠিক তেমনি তিনি খুশি কোচ মাসিমিলিয়ানো আলেগরির অধীনে খেলতে পেরেও। তাঁর মতে, ‘আলেগরির অধীনে খেলতে পারাটা বিরাট ব্যাপার। আনন্দের ব্যাপার। তিনি সত্যিই চমত্কার একজন মানুষ।’আলেগরিকে একজন সত্যিকারের ‘চ্যাম্পিয়ন’ কোচ হিসেবে বর্ণনা করে পাতো বলেন, ‘স্কুডেটো জিতে তাঁর সেই চরিত্রের প্রমাণ তিনি প্রথম মৌসুমেই রেখেছেন।’২০০৭ সালে এসি মিলানে যোগ দিয়ে এই ব্রাজিলীয় স্ট্রাইকার ১২৪ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ৫৭ বার। রেকর্ডটা সত্যিই অনন্য। আর এভাবেই চালিয়ে যেতে চান তিনি। ওয়েবসাইট।