'কিছুই অসম্ভব নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়সে তো বটেই, সম্ভবত অভিজ্ঞতায়ও বিশ্বকাপের সবচেয়ে নবীন কোচ সাবরি লামুশি। দুই বছর আগে দায়িত্ব নিয়ে আইভরি কোস্টকে বিশ্বকাপে তুলে এনেছেন। বিশ্বকাপে নিজের দল নিয়ে অনেক দূর যাওয়ার স্বপ্ন ৪২ বছর বয়সী সাবেক ফরাসি মিডফিল্ডারের। ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাৎকারে বললেন সেসবই নিয়েই

সাবরি লামুশি
সাবরি লামুশি

গত ডিসেম্বরে আফ্রিকান নেশনস কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল। এরপর বিশ্বকাপ বাছাইয়ে আবার দারুণ করেছে আইভরি কোস্ট। এটা কীভাবে সম্ভব হলো?
সাবরি লামুশি: আমরা স্কোয়াডে কিছু পরিবর্তন এনেছিলাম। দলের আরও উন্নতি ও বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সেরা ফল করাই ছিল আমাদের লক্ষ্য। আমরা বাছাইয়ে কোনো ম্যাচ হারিনি। এটা সহজ ছিল না, কিন্তু সেই বাধা আমরা পার হতে পেরেছিলাম। এখন আমরা নিজেদের পরের লক্ষ্যের দিকে তাকিয়ে আছি।
প্রথম চাকরির দুই বছরের মধ্যেই বিশ্বকাপের কোচ হওয়ার অনুভূতি কেমন?
লামুশি: দুর্দান্ত। এটা সত্যি ১৮ মাস আগে ‘এলিফ্যান্টদের’ নিয়ে আমি প্রথম নিজের কোচিং ক্যারিয়ার শুরু করি। কিন্তু এরই মধ্যে আফ্রিকান নেশনস কাপে অংশ নেওয়ার মতো অভিজ্ঞতা আমার হয়েছে। যা আমার কাছে দারুণ সম্মান ও গর্বের।
আন্তর্জাতিক ফুটবলে আইভরি কোস্টের মুখ বলতে দিদিয়ের দ্রগবা। ক্যারিয়ারের এই শেষ সময়ে দ্রগবা আসলে আপনার দলের কাছে কতটা গুরুত্বপূর্ণ?
লামুশি: সে একজন আইকন। শুধু আইভরি কোস্ট নয়, আফ্রিকাজুড়েই। দিদিয়ের আইভরিয়ান ফুটবলের ও আইভরি কোস্ট দলের প্রতিনিধিত্ব করে আসছে আন্তর্জাতিক ফুটবলে। সে গ্রেট খেলোয়াড়। দারুণ একজন মানুষ, বুদ্ধিমান, আদ্যন্ত পেশাদার। যে কিনা নিজের ভূমিকা খুব ভালো জানে। বিশ্বকাপে দিদিয়ের বড় একটা ফ্যাক্টর হতে পারে।
 এই বিশ্বকাপ কি দ্রগবার জন্য রাজকীয় বিদায়মঞ্চ হতে পারে?
লামুশি: হ্যাঁ, নিশ্চিতভাবেই এটা ওর শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। দিদিয়ের এবার কিছু অর্জন করতেই চাইবে। আইভরি কোস্টের জন্য এটা তৃতীয় বিশ্বকাপ। তৃতীয় অভিযানে কোনো কিছুই আসলে অসম্ভব মনে করি না।
 গেরভিনহো রোমায় ভালো একটা মৌসুম কাটিয়েছে, উইলফ্রায়েড বনি ইংলিশ লিগে ভালো করছে। এটা তো আপনার জন্য ইতিবাচক দিক...
লামুশি: হ্যাঁ, এটা দলের জন্য টনিকের কাজ করতে পারে। ওরা শীর্ষ পর্যায়ে খেলছে এবং এটা ওদের শারীরিকভাবে ভালো অবস্থায় রাখবে। যা দলের মধ্যে প্রতিযোগিতাও বাড়িয়েছে। তবে এটাও নিশ্চিত করা দরকার, আপনার এমন খেলোয়াড় চাই যারা পারফরম্যান্সের শীর্ষে আছে। সেদিক থেকে বলব, ইংল্যান্ডে খেলার সুবিধাটা এমন, বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেওয়ার পর খেলোয়াড়েরা আরও বেশি ধারালোই থাকবে।
 আইভরি কোস্টের জন্য সাফল্য আসলে কী হতে পারে?
লামুশি: আমাদের এখন লক্ষ্য গ্রুপ পর্ব পার হওয়া। আইভরি কোস্ট এটা আগে কখনো করেনি, আমাদের জন্য এটাই হবে সেরা ফল। এরপর নকআউট পর্বে যে কোনো কিছুই হতে পারে। আমরা বিশ্বকাপে নিজেদের সেরাটা খেলার প্রস্তুতিই নিচ্ছি।