'কিডনির নিলাম' নিয়ে উল্টো ঝামেলায় রবি

মার্চের এসএ গেমসে অংশ নেওয়ার জন্য অনেক কষ্ট করেও পৃষ্ঠপোষক জোগাড় করতে পারেননি। কেউ এগিয়েও আসছিল না। ভারতের স্কোয়াশ খেলোয়াড় রবি দীক্ষিত শুধু গেমসে অংশ নেওয়ার অভিপ্রায়েই নিজের একটি কিডনি বিক্রি করে দেওয়ার কথা বলেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু ব্যাপারটা নিয়ে উল্টো ঝামেলাতেই পড়ে গেছেন। ফেসবুকে কিডনি বিক্রি নিয়ে একই দিনে দুই রকম কথা বলে উল্টো সমালোচনার মুখে পড়েছেন এই তরুণ ক্রীড়াবিদ।
কিডনি বিক্রির ব্যাপারটি ব্যাখ্যা দিতে গিয়েই আসলে সবকিছু গুলিয়ে ফেলেছেন তিনি। প্রথমে দাবি করলেন, তিনি কিডনি বেচার কথা ওভাবে বলেনি। ওটা তাঁর ক্ষণিকের আবেগের বশে বলা। আর তাঁর সেই কথাটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। অতটা গুরুতরভাবে তা বলেননি।
কিন্তু এরপরেই বললেন, এসএ গেমসে অংশ নেওয়ার খরচ জোগাতে তিনি আসলেই কিডনি বিক্রির কথা ভেবেছিলেন। শুধু তা-ই নয়, এ ব্যাপারে একজন চিকিৎসকের সঙ্গেও পরামর্শ করেছিলেন। চিকিৎসক তাঁকে বলেছিলেন, একটি কিডনি ফেলে দেওয়ার পাঁচ থেকে ছয় মাস পর থেকে দীক্ষিত খেলা শুরু করতে পারবেন।
নিজের জন্য পৃষ্ঠপোষক জোগাড় করতে না পেরেই এমনটা বলেছিলেন বলে জানিয়েছেন দীক্ষিত, ‘দেখুন আমি এখনো পৃষ্ঠপোষক জোগাড় করতে পারিনি। আমি আমার কিডনির দাম বলেছিলাম ৮ লাখ। স্কোয়াশে যেকোনো সফরের বাৎসরিক বাজেট ১২ লাখ।’
আবেগের বশে দেওয়া এই ফেসবুক পোস্টের জন্য এখন আফসোসই হচ্ছে দীক্ষিতের, ‘পোস্টটি দেওয়া আমার উচিত হয়নি। এটা এখন আমি বুঝতে পারছি। নিজেকে খুবই ছোট মনে হচ্ছে। পুরো বিষয়টির জন্যই আমি ক্ষমা চেয়ে বলতে চাই পৃষ্ঠপোষকের জন্য নতুন করে চেষ্টা চালাব।’
দীক্ষিত ২০১০ সালে এশিয়ান জুনিয়র স্কোয়াশে শিরোপা জিতেছিলেন। কিডনি বিক্রির ইচ্ছাটাকে ‘অসংগত’ মনে হলেও একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য শরীরের অঙ্গ বিক্রির প্রসঙ্গ ওঠাটা দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনের করুণ চিত্রটিই যেন নতুন করে তুলে ধরেছে।