'কুকের আর উন্নতি হবে না'

ব্যাটে রান নেই। দলও ধারাবাহিকভাবে ব্যর্থ। লর্ডসে ভারতের বিপক্ষে ২৮ বছর পর পরাজয়ের লজ্জাও মাথা পেতে নেওয়া হয়ে গেছে। সাবেক ইংলিশ গ্রেটরা তো বটেই, ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের দিকে সর্বশেষ সমালোচনার তির ছুড়লেন রিকি পন্টিংও। ক্যারিয়ারের বাকিটা সময়ে কুকের উন্নতির কোনো লক্ষণই দেখছেন না অস্ট্রেলিয়ার সাবেক এ অধিনায়ক! খবর এএফপির।
পন্টিং বলেছেন, ‘সন্দেহ নেই, তাঁর (কুক) দলের এ দুর্দশা ভবিষ্যত্ ক্যারিয়ারে বড় প্রভাব ফেলবে।’ মনে হয় না সে খেলোয়াড় হিসেবেও উন্নতি করতে পারবে।’ তবে কী ইংলিশ অধিনায়ককে বাতিলের খাতায় ফেলে দিলেন পন্টিং?
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক এ অধিনায়কের এমন সমালোচনার পেছনে যথেষ্ট কারণ আছে। সর্বশেষ ১০ টেস্টের একটিতেও জয় পায়নি ইংল্যান্ড। গত ২১ বছরে টেস্ট ক্রিকেটে এই প্রথম দীর্ঘ জয়-খরা ইংলিশদের। এর মধ্যে রয়েছে গেল বছরের শেষ দিকে অ্যাশেজ সিরিজে ধবলধোলাই হওয়ার ঘটনা।
ভারতকে তিন বছর আগে ধবলধোলাই করেছিল ইংল্যান্ড। এবার একই দলের বিপক্ষে ধুঁকছে ইংলিশরা। ২৯ বছর বয়সী কুক ২৭ ইনিংসে পাননি একটি শতকও। চলতি পঞ্জিকাবর্ষে ৯ ইনিংসে ইংলিশ অধিনায়কের রান ১২৯, গড় মাত্র ১৪.৩৩!
কুকের কপালে কী আছে, কে জানে!