'কুলিং ব্রেক' জিতিয়েছে হল্যান্ডকে?

অনেক ‘প্রথমে’র দেখা মিলেছে এবারের বিশ্বকাপে। ভ্যানিশিং ফোম, গোললাইন প্রযুক্তির পর হল্যান্ড-মেক্সিকো ম্যাচে ‘পানি পানের বিরতি’ বা ‘কুলিং ব্রেক’! ক্রিকেটে এ বিরতির চল থাকলেও ফুটবলে এত দিন ছিল না। ডাচ কোচ লুই ফন গাল জানিয়েছেন, হল্যান্ডের জয়ের পেছনে এ কুলিং ব্রেকের আছে বিরাট অবদান!
ফোর্তালেজায় কাল তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। অসহনীয় তাপমাত্রায় কুলিং ব্রেক তাই অত্যাবশ্যক হয়ে পড়েছিল। পর্তুগিজ রেফারি পেদ্রো প্রোয়েনকার দেওয়া দুটি ‘কুলিং ব্রেক’কে আশীর্বাদই মনে করছে হল্যান্ড। ৭৬ মিনিটে দেওয়া বিরতির সুযোগে ছক বদলে ফেলার কাজটি সেরি ফেলেছিলেন কোচ ফন গাল। ডাচ কোচের মুখে তাই সেই বিরতির স্তুতি, ‘বিরতির সুযোগে খেলার ছক ৪-৩-৩ করে ফেলেছিলাম। এতে প্রচুর সুযোগ সৃষ্টি হলো। লক্ষ্যে প্রচুর শট নিল খেলোয়াড়েরা। তবে সেগুলো দারুণভাবে প্রতিহত করা হয়েছে (সেভ করেছেন ওচোয়া)। তখন প্ল্যান-বি প্রয়োগ করলাম। বিরতির সময়েই প্ল্যান বি তৈরি ছিল। বিরতিকে দারুণভাবে কাজে লাগিয়েছি।’
হল্যান্ড শুরু করেছিল বহুল আলোচিত ৩-৫-২ ছকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে তারা। ফন গাল বললেন, ‘যখন এটি (৩-৫-২) কাজ করছিল না, তখন পরিবর্তন আনা দরকার ছিল। ফলে আমি কুলিং ব্রেকের জন্য অপেক্ষা করছিলাম।’ মেক্সিকোর রক্ষণভাগ ফাটল ধরাতে ৪-৩-৩ ছকে আরিয়েন রোবেন চলে যান ডান প্রান্তে, বাঁ প্রান্তে ছিলেন বদলি নামা মেম্ফিস ডিফাই। আর মাঝে রবিন ফন পার্সি। ফন গালের টোটকাটা শেষ অবধি লেগেই গেল!
ফিফার নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচ চলার সময় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে গেলে দেওয়া হবে এ বিরতি। প্রথমার্ধের ৩২ মিনিটের মাথায় তিন মিনিটের বিরতি দেন পর্তুগিজ রেফারি। এরপর দ্বিতীয়ার্ধে ৭৬ মিনিট পরে দেওয়া হয় আরেকটি কুলিং ব্রেক। রয়টার্স।